জোরান জর্জেভিচ শেষ পর্যন্ত দায়িত্ব না নিলে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলের কোচ হিসেবে দেখা যেতে পারে সাইফুল বারীকে। কাল অনুশীলনের ফাঁকে নিজের ও দলের প্রত্যাশার কথা জানালেন কোচিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়া জাতীয় দলের সাবেক এই ফুটবলার হঠাত্ই বড় একটা দায়িত্ব পেয়ে যেতে পারেন। আপনি কতটা প্রস্তুত?সাইফুল বারী: আমি বাফুফের বেতনভুক্ত কোচ। বাফুফে আমাকে বলেছে, দলকে এখন অনুশীলন করিয়ে যেতে। আমি করাচ্ছি। শ্রীলঙ্কায় যাব, না ঢাকায় থাকব এটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই। সেটা করছিও না। তবে দায়িত্ব পেলে আমি সেটা পালন করার চেষ্টা করব। দায়িত্ব পেলে আপনার লক্ষ্য কী হবে?সাইফুল: আসলে যেকোনো চ্যাম্পিয়নশিপে কোনো দল ভালো করলে তাদের ওপর প্রত্যাশার চাপ বেড়ে যায়। আমি জানি না, আমার কলম্বো যাওয়া হবে কি না, তবে আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবেই কাজ করছি। যেতে হলে যাব। আমি যেহেতু কোচ, আমাকে যেকোনো দলের সঙ্গেই কাজ করতে হবে। শোনা যাচ্ছে দলে ফিরিয়ে আনা হতে পারে স্ট্রাইকার এনামুলকে। এ ব্যাপারে কোনো অগ্রগতি আছে?সাইফুল: সার্বিয়ান কোচের পছন্দের দল এটা। এখানে পরিবর্তনের সম্ভাবনা ও সুযোগ কিছুই নেই। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আপনি তো অনেক বিদেশি কোচের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ করলেন জর্জেভিচের সঙ্গে। তাঁকে দেখে কী মনে হলো আপনার... সাইফুল: বিদেশি কোচরা অনেক বেশি পরিশ্রমী। ওরা পেশাদার, ওদের মূল কথা—কাজ করব টাকা নেব। জর্জেভিচ ভালো কোচ। আর আমাদের দেশে কোচের ক্ষেত্রে পেশাদারির ব্যাপারটা এখনো ওই পর্যায়ে পৌঁছায়নি। আমাদের কোচরা কোন জায়গায় পিছিয়ে?সাইফুল: আমাদের দেশের কোচরা এখনো ভালো বেতন পান না। ভালো বেতন দিতে হবে তাঁদের। তবে কোচিং, ট্রেনিং, প্র্যাকটিস, ট্যাকটিস সব একই। এটা হতে পারে যে, একেক কোচ একেক পদ্ধতি অনুসরণ করেন। কেউ পাসিংয়ের জন্য এক রকম ট্রেনিং করাচ্ছেন, আমি আরেক রকম করাচ্ছি। কিন্তু উদ্দেশ্য একটাই, আমরা দুজনই পাসিং নিয়ে কাজ করছি। বাইরে থেকে আপনি তো এসএ গেমসের বাংলাদেশ দলের খেলাগুলো দেখেছেন। কেমন লাগল?সাইফুল: আসলে এই দলের সঙ্গে আমি অনানুষ্ঠানিকভাবে ছিলাম সব সময়ই। আমরা বিকেএসপিতে যত দিন ক্যাম্প করেছি সেখানেও ছিলাম, চ্যালেঞ্জ কাপের সিনিয়র যারা ছিল ঢাকায় এসে তাদের সঙ্গেও কাজ করেছি। জোরান প্রতিদিন সকালে আমাদের অনুশীলনে আসতেন। এই দলের ভুলত্রুটি কী হচ্ছে সেটা আমরা ম্যাচের পর একসঙ্গে বসে আলোচনা করেছি। একেকটা করে ম্যাচ যাওয়ার পর আমরা ভুলত্রুটি নিয়ে কথা বলেছি। অনেক ক্ষেত্রেই আমার মতের সঙ্গে তাঁর মত মিলে গেছে। কোচ হিসেবে গেমসের পাঁচ ম্যাচের মূল্যায়ন করবেন?সাইফুল: এখানে একটা কথা বলব, পৃথিবীর কোনো কোচই নিখুঁত না। এটা বলা যাবে না যে তাঁর এই পদ্ধতি একেবারে নির্ভুল। কারণ আমাদের কোচিং কোর্সেও কিন্তু ইনস্ট্রাক্টররা বারবার বলেন, তোমাকে এখন যা শেখাচ্ছি এটা নির্ভুল নয়। তোমার কাছেও এর চেয়ে ভালো আইডিয়া থাকতে পারে। এখানে ফুটবলাররা যে ভুলগুলো করেছে সেগুলো ম্যাচের বেসিক ভুল। আর এই ভুলগুলো তো খেলোয়াড়েরা অনবরত করছেই। তারা ভুল না করলে তো কোনো গোলই হতো না। তবে আমার কাছে ওদের খেলা ভালো লেগেছে। জর্জেভিচের কোচিং পদ্ধতি আপনার কাছে কেমন মনে হচ্ছে?সাইফুল: জোরান যে পদ্ধতিতে ওদের খেলাচ্ছে সেটা ভালোই মনে হয়েছে। প্লেসিং ফুটবল খেলাচ্ছেন উনি। এর মানে আমরা খেলব প্রতিপক্ষের অর্ধে। কারণ আমাদের অর্ধে খেলতে গেলে ওরা বেশি সুযোগ পাবে। আমি বলব, জোরানের কাছে আমাদের এটাই প্রাপ্তি।