‘পেলের চেয়েও ভালো ফুটবলার মেসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি আর ম্যারাডোনার মধ্যে শ্রেষ্ঠত্ব বিচারের কাজটা যেকোনো আর্জেন্টাইনের জন্য একটু মুশকিলেরই ব্যাপার বটে। সম্প্রতি সেই মধুর সমস্যার মুখেই পড়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ জুলিয়ান কামিনো। আর আর্জেন্টিনার দুই কালের দুই সেরা খেলোয়াড়ের মধ্যে তুলনা করার কঠিন কাজটার মধ্যে না গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কিংবদন্তি পেলের প্রসঙ্গটাই আবার টেনে এনেছেন তিনি। ম্যারাডোনা আর মেসি, দুজনেই নাকি পেলের চাইতে অনেক ভালো ফুটবলার—এমনই মন্তব্য করেছেন কামিনো। কলকাতায় আগামী ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের প্রস্তুতি তদারকি করতে এসে তিনি বলেছেন, ‘মেসি আর ম্যারাডোনার মধ্যে কে সেরা, এই প্রশ্নের উত্তর দেওয়া একজন আর্জেন্টাইনের জন্য খুব কঠিন। দুজনেই দুই যুগের সেরা খেলোয়াড়। কিন্তু আমরা বলতে পারি যে, মেসি-ম্যারাডোনা দুজনই পেলের চেয়ে ভালো ফুটবলার।’ তবে এখনো পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির ব্যর্থতাটা কিন্তু রয়েই গেছে। নিজ দেশের মাঠে এবারও আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে পারেননি ফিফার এই বর্ষসেরা ফুটবলার। কোপা আমেরিকায় মেসির এই ব্যর্থতা সম্পর্কে জানতে চাইলে সঠিক কোনো উত্তর দিতে পারেননি কামিনো। তিনি বলেছেন, ‘এটা এই প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক জায়গা না। আমিও সঠিক ব্যক্তি নই। কিন্তু আমি এটুকু বলতে পারি যে মেসির মতো আর কেউ নেই। সে অনন্য।’ পিটিআই।