'পেলে' ছবিতে এআর রহমান

গত বছরই জানা গিয়েছিল, সিনেমা তৈরি হচ্ছে ফুটবল কিংবদন্তি পেলের নামে। সিনেমার নামই পেলে। এবার জানা গেল, সে সিনেমায় সংগীত পরিচালনা করছেন দুইবার গ্র্যামি পুরস্কার বিজয়ী এ আর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন অস্কারজয়ী উপমহাদেশের প্রখ্যাত এ সংগীতজ্ঞ।
উচ্ছ্বাসিত এ আর রহমান টুইট করেছেন, ‘পেলে সিনেমার জন্য অত্যন্ত প্রতিভাবান ব্রাজিলিয়ান গীতিকার ও শিল্পী আনা বেয়াতরিজের সঙ্গে কাজ করছি।’ পেলের জীবনকাহিনি রুপালি পর্দায় তুলে ধরার কাজটি করছেন পরিচালক মাইকেল ও জেফ জিম্বালিস্ট ভ্রাতৃদ্বয়। গত বছরের অক্টোবরের শুরুতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুটিং শুরু হয় সিনেমার। মুক্তি পাওয়ার কথা ছিল ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সময়। কিন্তু তা হয়নি। এখনো পোস্ট প্রডাকশনের কিছু কাজ বাকি। পরিচালকদ্বয় আশা করছেন, আগামী বছরের শুরুর দিকেই মুক্তি দিতে পারবেন পেলে ছবিটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।