‘পেশাদারির ছোঁয়া পাওয়াই কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবল লিগ নিয়ে আর সবার মতো তাঁর মনেও স্বপ্ন ছিল—‘এই লিগ দেশের ফুটবল দৈন্যদশা বদলাবে’। কিন্তু আগের দুবার যেমন-তেমন, এবারের অবস্থা আরও খারাপ। তৃতীয় পেশাদার লিগের প্রথম পর্বে দর্শক ছিল না মাঠে। ছিল না আকর্ষণও। পরিবর্তন দূরের কথা ঘরোয়া ফুটবলে আরও অবনতিই দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, মোহামেডানের ডিফেন্ডার হাসান আল মামুন। পেশাদার লিগটা কেন হচ্ছে?হাসান আল মামুন: লিগ জমছে না মোটেও। প্রতিদ্বন্দ্বিতার বড় অভাব। দলবদলে তিন-চারটা দল শক্তিশালী হয়েছে। বাকি দলগুলোর মধ্যে বিরাট তফাত্ রয়ে গেছে। যে কারণে এই অবস্থা। আর যে মাঠে খেলা হচ্ছে, ওতে পেশাদার লিগ হয় না। মাঠের অবস্থাটা আসলে কেমন?মামুন: ভালো খেলার জন্য ভালো মাঠ দরকার। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়তো ঠিক আছে। কিন্তু ঢাকার বাইরের মাঠ খুবই খারাপ। চট্টগ্রামে খেলে এসেছি কেবল, ওখানকার মাঠ রাস্তার মতো শক্ত। খেলোয়াড়েরা পড়লেই ব্যথা পাচ্ছে। এই মাঠে ভালো ফুটবল আশা করা বাড়াবাড়ি।  মাঠের বাইরে পেশাদারি-ই বা কতটা এসেছে?মামুন: আসেনি। পেশাদার লিগের পূর্বশর্ত ছিল, খেলোয়াড়দের ভাগ্যের উন্নয়ন হতে হবে। সেটা না হওয়ায় লিগটা ধুঁকছে। মাঠে ও মাঠের বাইরে পেশাদারির ছোঁয়া পাওয়াই কঠিন। মাঠে আগে ছোট দলগুলোও চাইত, আবাহনী-মোহামেডানকে ‘ধরে’ দিতে। কিন্তু এবার বিয়ানীবাজার ছাড়া আর কোনো দল বড় দলকে ধরতে পারেনি। ২-৩টা বাদে বাকি দলগুলো অবনমন নিয়ে চিন্তা করলে ফুটবল তো এগোবে না। খেলোয়াড়দের ভাগ্য উন্নয়ন নিয়ে বলছিলেন। আসলেই কি কিছু হয়নি?মামুন: বড় ৩-৪টা দলের খেলোয়াড়েরা টাকা পেয়েছে। অন্যরা হয়তো নামকা ওয়াস্তে পেয়েছে। অনেকে হয়তো পায়নি। খেলোয়াড়দের সঙ্গে এসব নিয়ে কথা হয়। তারা খুব হতাশ। খেলার জন্যই তারা ফুটবল খেলছে। খেলাটা তারা উপভোগ করছে না। তাদের স্বপ্নটা অঙ্কুরেই নষ্ট হয়ে যাচ্ছে।  দর্শক আসছে না কেন?মামুন: আপনি গিয়ে যদি দেখেন, একটা বাজে মাঠে খেলা হচ্ছে, আপনার মন চাইবে না ওই খেলা দেখতে। দর্শক গাঁটের পয়সা খরচ করে বাজে ফুটবল দেখবে না। একটা মাঠের জন্যই আসলে সব শেষ। মানসম্মত খেলোয়াড়ের অভাব আছে এটাও ঠিক। ১৮ বছর ধরে খেলছেন। আগের সময় আর এখনকার সময়ের পার্থক্য কী?মামুন: নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত লিগে মানসম্মত বিদেশি খেলোয়াড় আসত। তখন খেলাও ছিল অনেক জমজমাট। গ্যালারি-ভর্তি দর্শক ছিল। এবারও কোটি টাকার সুপার কাপেরও সে রকম দর্শক এসেছিল। কিন্তু লিগে দর্শক-খরা। কারণ, খেলাটা সেভাবে আকর্ষণীয় হচ্ছে না। ভালো বিদেশি খেলোয়াড় নেই। তখনকার সঙ্গে তুলনা করলে গ্রাফ নিচের দিকে। এই লিগের ভবিষ্যত্ কী মনে হয়?মামুন: পেশাদার লিগ শুরুর সময় পক্ষে-বিপক্ষে কথা হয়েছে অনেক। আমি আশাবাদী ছিলাম। তবে এখন আমি হতাশ। কিছুই বদলায়নি। সামগ্রিক টিমওয়ার্ক নেই। বাফুফে, ক্লাব, খেলোয়াড়...আমরা কবার বসেছি? সমস্যা নিয়ে আমরা কয়েকবার আলোচনা করেছি? লিগের প্রচারও দেখছি না। বড় ক্লাবগুলোরই অনেক শর্ত পূরণ করতে পারছে না। এতে ফুটবলের কোনো উন্নতিই হচ্ছে না। আগে যে ঢাকা প্রিমিয়ার ফুটবল খেলেছি, আমার মনে হয়, ওটাই ঠিক ছিল আমাদের জন্য। ওই লিগে প্রতিদ্বন্দ্বিতা ছিল।