‘পেস বোলিংয়েরই ভরসা রাখো’
বিশ্বকাপে দলগুলোর সাফল্যের নিয়ামক হিসেবে অনেকেই স্পিনারদের কথা বললেও অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বজয়ী অধিনায়ক অ্যালান বোর্ডার রিকি পন্টিংকে গড্ডলিকা প্রবাহে শরীর না ভাসানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘যেহেতু পেস বোলিং অস্ট্রেলিয়া দলের শক্তির জায়গা, তাই রিকি পন্টিংয়ের উচিত দলের পেসারদের সামর্থ্যের ওপর নির্ভর করা।’বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার পেসাররা স্পিনারদের চেয়ে বেশি সফল ছিলেন। জনি হেস্টিংস ৬ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে দুজন ভারতীয় ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছিলেন তাঁর পেস বোলিং দিয়ে। অপরদিকে, দলের একমাত্র স্পিনার জেসন ক্রেজা ৫৬ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ক্রেজার জায়গায় হেস্টিংসকেই অন্তর্ভুক্ত করার পক্ষপাতী বোর্ডার। তিনি বলেছেন, ‘আমি প্রাথমিকভাবে লি ও বলিঞ্জারের সঙ্গে হেস্টিংসকেই দলের রাখার পক্ষপাতী। আমার মনে হয় না ক্রেজা কোনো কাজে আসবে।’জেসন ক্রেজার পরিবর্তে ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের অকেশনাল স্পিনকেই বেশি কার্যকরী মনে করেন বোর্ডার। এর পাশাপাশি শেন ওয়াটসনের মিডিয়াম পেস অস্ট্রেলিয়ার দারুণ কাজে আসবে বলেই অভিমত বোর্ডারের।ক্রেজাকে অবশ্য দ্বাদশ ব্যক্তি হিসেবে দারুণ পছন্দ বোর্ডারের ! পিটিআই।