'প্রক্সি' দিচ্ছিলেন কেনিয়ার অ্যাথলেটিকস কোচ!

জন আনজ্রা কী ভেবেছিলেন কে জানে! কেনিয়ার অ্যাথলেটিকস কোচ অলিম্পিক থেকে বহিষ্কৃত হয়েছেন ডোপ টেস্টে ‘প্রক্সি’ দিতে গিয়ে। জনৈক এক অ্যাথলেটের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডোপ পরীক্ষা দিতে গিয়ে খুব সহজেই ধরা পড়ে যান তিনি। তাঁকে এখন দেশের বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে।
স্কাই স্পোর্টস জানিয়েছে, আনজ্রা একজন অ্যাথলেটের অ্যাক্রেডিটেশন গলায় ঝুলিয়ে ডোপ পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষাগারে গিয়ে তিনি ওই অ্যাথলেটের নামেই নিজের পরিচয় দেন। নিজের মূত্র নমুনাও জমা দেন। বিপত্তি বাঁধে অ্যাক্রেডিটেশন কার্ডে সংযুক্ত ছবির সঙ্গে তাঁর চেহারা না মেলায়। ধরা পড়ার পর তাঁকে কেনিয়ান অলিম্পিক দলের প্রধানের হাতে তুলে দেওয়া হয়।
রিও অলিম্পিকে কেনিয়ান দলের সঙ্গে আসা দেশটির অলিম্পিক কমিটির প্রধান কিম কেইনো বলেছেন, ‘আনজ্রা অপরাধ করেছেন। আমরা তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছি। এ ধরনের আচরণ আমরা কোনোমতেই সহ্য করব না।’
কেনিয়ান অলিম্পিক দলে কেলেঙ্কারির ঘটনা এটিই প্রথম নয়। আসরের শুরুতেই কেনিয়ান অ্যাথলেটিকস দলের ম্যানেজার মিচেল রটিচকে দেশে পাঠানো হয়েছে ঘুষ নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে। ডোপিং ইস্যুতে ব্রিটেনের সানডে টাইমস ও জার্মানির টিভি চ্যানেল এআরডির গোপন ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায় ডোপ পরীক্ষা থেকে কাল্পনিক একটি দলকে বাঁচাতে তিনি জনৈক ব্যক্তির কাছে ঘুষ চাচ্ছেন।
ভিডিও ফুটেজে ধরা পড়ে, একটি তথাকথিত ব্রিটিশ অ্যাথলেটিকস দলের ডোপ বিশেষজ্ঞের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসেন। ওই ব্যক্তি জানান, তিনি ওই ব্রিটিশ দলটিকে নিষিদ্ধ শক্তিবর্ধক উপাদান দিয়ে সহায়তা করছেন। রটিচকে তিনি অনুরোধ করেন, যেহেতু অ্যাথলেটিকসের পুরোনো মানুষ হিসেবে তিনি অনেককে চেনেন, তাই অলিম্পিকের ডোপ পরীক্ষার ১২ ঘণ্টা আগে যেন তিনি একটি সতর্ক বার্তা প্রেরণ করেন। এই কাজটি করে দেওয়ার বিনিময়ে প্রায় ১২ হাজার পাউন্ড ঘুষ চান রটিচ।
অ্যাথলেটিকসে সাধারণত যেকোনো ডোপ পরীক্ষাই দ্বৈবচয়ন ভিত্তিতে হয়ে থাকে। এ জন্য কোনো অ্যাথলেটকেই আগে থেকে সতর্ক করে দেওয়া হয় না। অ্যাথলেটদের সতর্ক করে দেওয়ার বিনিময়ে ঘুষ চেয়ে রটিচ বড় ধরনের অন্যায়ই করেছেন। দেশে ফেরার পর নাইরোবির একটি আদালতে এ ব্যাপারে তাঁর বিচারও শুরু হয়েছে।
এবারের অলিম্পিকে অংশগ্রহণই অনিশ্চয়তার মধ্যে ছিল কেনিয়ার অ্যাথলেটিকস দলের। মধ্যম ও দূরপাল্লার দৌড়ে বরাবরই সাফল্য পাওয়া এই দেশটিকে আন্তর্জাতিক মাদক বিরোধি সংস্থা-ওয়াডা অলিম্পিকের ছাড়পত্র দেয় আসর শুরুর দিনই। সূত্র: রয়টার্স, স্কাই স্পোর্টস, বিবিসি।