‘প্রচ্ছদের অভিশাপ’
প্রচ্ছদে ছবি মানেই মহাবিপর্যয়। প্রথম এই ‘নিয়ম’ ভাঙলেন রাশিয়ার ওলগা কানিসকিনা। ঘটনা হলো, বিশ্ব অ্যাথলেটিকসে প্রতিদিন ‘আজ কী কী আছে’ জানাতে ‘ডেইলি প্রোগ্রাম’ নামে একটি বুলেটিন বেরোচ্ছে। সেটির স্বাভাবিকভাবেই প্রচ্ছদে ছাপা হচ্ছে বড় বড় তারকার ছবি আর সেটিই যেন অভিশাপ! প্রচ্ছদে ছবি ছাপা হওয়া মানেই যেন শোচনীয় ব্যর্থতা। শুরুটা হয়েছিল পোল ভল্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্টিভ হুকারকে দিয়ে। গত শনিবার কোনো উচ্চতা অতিক্রম না করেই ছিটকে পড়েন চোটে আক্রান্ত এই অস্ট্রেলিয়ান। পরদিন উসাইন বোল্ড ফলস স্টার্ট করে ডিসকোয়ালিফায়েড হয়ে গেলেন ১০০ মিটার থেকে। ‘প্রচ্ছদের অভিশাপ’-এ পোড়া তৃতীয় অ্যাথলেট কিউবার ডেরন রোবলেস। ১১০ মিটার হার্ডলস জিতেও লিউ শিয়াংয়ের হাতে পা লেগেছিল বলে ডিসকোয়ালিফায়েড। মঙ্গলবার ইয়েলেনা ইসিনবায়েভাও নাম লেখান অভিশপ্তদের দলে। মেয়েদের পোল ভল্টের রানি মাত্র একটি সফল লাফ দিয়ে ষষ্ঠ হন। শেষ পর্যন্ত এই ধারা থেকে বেরিয়ে এসেছেন কানিসকিনা। বুধবার ২০ কিলোমিটার হাঁটায় টানা তৃতীয় সোনা জয়ের অভূতপূর্ব কীর্তি গড়ে জয় করেছেন ‘প্রচ্ছদের অভিশাপ’কে। সোনা জয়ের পর কানিসকিনা হাসতে হাসতে বলেছেন, ‘প্রচ্ছদে ছবি ছাপা হওয়া অ্যাথলেটরা যে সব ব্যর্থ হয়েছেন, এটা আমি জানতামই না। ভাগ্যিস, আমাকে আগে কেউ এটা বলেননি।’ সবচেয়ে বড় স্বস্তিটা আয়োজকদের। প্রচ্ছদে কার ছবি ছাপা হবে—এটা যে মহা দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছিল। এএফপি।