
স্টুয়ার্ট ব্রডের বড় একটা ছবি। পাশে বড় অক্ষরে শিরোনাম ‘স্টুয়ার্ট ফ্রড।’ মূল লেখায় ব্রডকে বলা হয়েছে ‘আত্মতৃপ্ত ইংলিশ প্রতারক।’ চমৎকার গ্রাফিক ডিজাইনে দেশে ও দেশের বাইরে ব্রডের টেস্ট বোলিং পরিসংখ্যান তুলে দিয়ে লেখা হয়েছে, ‘দেশের মাটিতে বাঘ, বিদেশে বিড়াল।’
সকালে ঘুম থেকে উঠেই ব্রিসবেনের কুরিয়ার মেইল-এর আয়নায় নিজেকে দেখেছেন ব্রড। কয়েক ঘণ্টা পর মাঠে বল হাতে নিয়েই গ্যালারির চিৎকার শুনলেন, ‘বুউউউউউ...।’ দুয়োধ্বনিটা কখনো কখনো তাঁর নামের সঙ্গে মিলিয়ে যাচ্ছিল, ‘ব্রুউউউউডডডড...।’ ছাপার অযোগ্য কিছু ভাষায় চিৎকার তো ছিলই।
মাঠের লড়াই শুরুর অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় এবার ‘অ্যাশেজ ভিলেন’ ব্রড। সেই যে গত অ্যাশেজের ট্রেন্ট ব্রিজ টেস্টে ব্যাটে বল লাগার পরও ‘ওয়াক’ করেননি! অস্ট্রেলিয়ায় তুমুল সমালোচনা তখন থেকেই। কোচ ড্যারেন লেম্যান তো সরাসরিই ইঙ্গিত করেছিলেন, ‘আমাদের দেশে আসো, দর্শকেরা তোমাকে মজা দেখাবে।’ দর্শক ‘মজা’ দেখিয়েছে কাল সারা দিনই, সংবাদমাধ্যমের তির ছুটে আসছিল আরও আগে থেকেই। তবে ব্রড দেখালেন কীভাবে এসবের জবাব দিতে হয়!
শুরুতে মনে হচ্ছিল এসবে বুঝি ভড়কে গেছেন। প্রথম বলে করলেন বিশাল এক নো বল, দুর্দান্ত এক পুলে সেটি সীমানা ছাড়া করলেন ডেভিড ওয়ার্নার। ওই ওভারে আরও দুবার বল লেগ স্টাম্পের বাইরে। এলোমেলো এক ওভার। দুয়োধ্বনি তখন আরও জোরালো। পরের ওভারের প্রথম বলেই ব্রড থামিয়ে দিলেন সব। লেংথ থেকে সাপের মতো ছোবল মারা এক বল ক্রিস রজার্সের ব্যাটে চুমু দিয়ে আশ্রয় নিল গালিতে। সেটা কেবল শুরু। লাঞ্চের মিনিট দুয়েক আগে শেন ওয়াটসনকে ফিরিয়ে ভাঙলেন ৫৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। লাঞ্চের পরের ওভারে বাউন্সারে শিকার মাইকেল ক্লার্ক। খানিক পর ফিফটির এক রান দূরে ফেরালেন ওয়ার্নারকে। শেষ বিকেলে দুর্দান্ত এক ডেলিভারিতে মিচেল জনসনকে বোল্ড করে পূর্ণ করলেন ৫ উইকেট। গ্যালারির দিকে বারবার বল উঁচিয়ে দর্শকদের দিলেন জবাব। সেটা দেখে আবারও উঠল দুয়ো, তবে এবার দুর্বল স্বরে। দিন শেষে এক কপি কুরিয়ার মেইল হাতে সংবাদ সম্মেলনে এসে ব্রড বললেন, ‘আত্মতৃপ্ত প্রতারক? না, আমি নীরব ঘাতক!’
ব্রডের হাসিতে হেসেছে তাঁর দলও। ব্রিসবেন দুর্গ জয় করা আর অক্ষত রাখার লড়াইয়ে প্রথম দিন ইংল্যান্ডের। দুর্গ জয়ের কাজ অর্ধেক সারা হয়ে যেত, যদি না প্রতিরোধ গড়তেন ব্র্যাড হাডিন ও মিচেল জনসন। সকালে মার্ক টেলরের হাত থেকে ব্যাগি গ্রিন পেলেন জর্জ বেইলি, শততম টেস্টে কেভিন পিটারসেনকে সবার সামনে রেখে মাঠে নামল ইংল্যান্ড। টস জিতে ব্যাটিং নিয়ে ক্লার্ক বললেন, ‘উইকেট দুর্দান্ত।’ কিন্তু ব্রডের তোপে এই উইকেটেই ১৩২ রানে নেই ৬ উইকেট! সপ্তম উইকেটে ১১৪ রানের জুটিতে দলকে উদ্ধার করলেন হাডিন ও জনসন। অষ্টম টেস্ট ফিফটি পাওয়া জনসনকে ফিরিয়ে এ বছর প্রথম বোলার হিসেবে টেস্ট উইকেটের ফিফটি ছুঁয়েছেন ব্রড। তবে টিকে গেছেন হাডিন।
৫০তম টেস্টে পঞ্চাশ ছাড়ানো (৭৮*) হাডিনের কাছে দলের চাওয়া এখন তিন বছর আগের ব্রিসবেন কীর্তির পুনরাবৃত্তি। অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজের প্রথম টেস্টে এই মাঠেই ১০০ রানে ৫ উইকেট পড়ার পর নেমে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন হাডিন। এবার? স্টার স্পোর্টস ১, ওয়েবসাইট।