ভারত পারেনি, কিন্তু পেরেছেন যুবরাজ সিং। ক্যানসারকে জয় করে ফেরা যুবরাজ ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দেশের উদ্দেশে কলম্বো ছাড়ার আগে তাজ সমুদ্র হোটেলে ভারতীয় দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফেরা, বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন যুবরাজ
‘প্রতি ম্যাচেই উন্নতি করেছি’
বাড়ি ফেরার আগে আপনার অনুভূতিটা কেমন?যুবরাজ সিং: দলীয় দৃষ্টিকোণ থেকে বললে বলতে হয়, আমরা বেশ ভালো করেছি। পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছি, এটাকে ভালো বলতেই হবে। ওই চার ম্যাচেই আমরা প্রতিপক্ষকে অলআউট করেছি। ৪০টি উইকেটই নিয়েছি। এটা দুর্ভাগ্য, আমরা সেমিফাইনালে উঠতে পারিনি। আমি বেশ হতাশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের বড় জয়টাই তো সব হিসাব-নিকাশ উল্টে দিল...যুবরাজ: হ্যাঁ, পাকিস্তান ৩২ রানে জিতেছে। এতে সমীকরণেও ব্যাপক পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টিতে ৩২ রান অনেক বড় ব্যবধান। তবে ক্রিকেটে এমন হতেই পারে। আমাদের সামনে তাকাতে হবে। প্রথম টুর্নামেন্টটা (২০০৭) জেতার পর ভারত তো পরের তিনটি টুর্নামেন্টের সুপার এইটই পেরোতে পারল না। কেন এমন হচ্ছে?যুবরাজ: এবার আমরা দ্বিতীয় রাউন্ডটা (সুপার এইট) খুব ভালো খেলেছি। শুধু তো অস্ট্রেলিয়ার কাছেই হারলাম। যদিও ২০০৯ ও ২০১০ সালে আমরা মোটেও ভালো খেলিনি। আমি মনে করি, প্রথম রাউন্ডের পয়েন্টও যোগ হওয়া উচিত। তবে আমরা কিন্তু প্রতিযোগিতার নিয়মটা জানতাম। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত কী শিখল?যুবরাজ: এটাই শিখলাম, সুপার এইটের সব ম্যাচই জিততে হবে। ব্যক্তিগতভাবে এবারের টুর্নামেন্টটাকে আপনি কীভাবে দেখবেন?যুবরাজ: ভালো একটি টুর্নামেন্ট কাটিয়েছি। প্রতি ম্যাচেই উন্নতি করেছি। আগের চেয়ে ভালোভাবে দৌড়েছি, ভালো ফিল্ডিং করেছি। তবে মানতে অসুবিধা নেই, প্রত্যাশা অনুযায়ী রান করতে পারিনি। ব্যাট হাতে নিজেকে ঠিক মেলে ধরতে পারিনি। দরকার ছিল উইকেটে আরও বেশি সময় কাটানো। ওয়ানডে ও টেস্ট খেলার জন্য কি আপনি প্রস্তুত?যুবরাজ: ঘরোয়া ক্রিকেট খেলে আমার ফিটনেসটা যাচাই করতে হবে। তখনই আমি বুঝতে পারব বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলার মতো অবস্থায় আছি কি না। আগামী কয়েক দিনের মধ্যেই দিলীপ ট্রফির একটা ম্যাচ আছে (উত্তর-পশ্চিম, ৬ অক্টোবর)। ওই ম্যাচ খেলার জন্য ডাক পেয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিন সপ্তাহ হয়ে গেল। ভারতীয় ড্রেসিংরুমে ফেরার অভিজ্ঞতাটা কী রকম?যুবরাজ: বেশ ভালো একটা সময় কাটিয়েছি। আমি কঠোর পরিশ্রম করেছি। ব্যাপারটা শরীরের জন্য বেশ কষ্টসাধ্য ছিল, তবে শরীরটারও এখন বেশ উন্নতি হয়েছে। আমি যত সময় দেব শরীর ততই ভালো হবে। ভালো লাগছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে কারা খেলছে সেটা তো জানা হলো। টুর্নামেন্টের শেষটা কী রকম হবে বলে ভাবছেন?যুবরাজ: আমরা তো নেই, তার পরও কি আমাকে উত্তরটা দিতেই হবে? আশা করছি, শ্রীলঙ্কা পাকিস্তানকে হারাবে। এ ছাড়া আমার মনে হচ্ছে, অস্ট্রেলিয়াকে টপকে ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে উঠবে। আমার এ রকমই মনে হচ্ছে। যদি ও রকমই হয়, শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে কে জিতবে বলে মনে করেন?যুবরাজ: সম্ভবত শ্রীলঙ্কা, যেহেতু ওরা দেশের মাটিতে খেলছে। তবে ওয়েস্ট ইন্ডিজও জিততে পারে। টি-টোয়েন্টিতে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে?যুবরাজ: শেন ওয়াটসন, ব্যাট ও বল দুটিতেই দুর্দান্ত। আমাদের বিরাটও ব্যাট হাতে দারুণ করেছে। ছেলেটা অসাধারণ।