‘প্রতি সংস্করণে চাই ভিন্ন অধিনায়ক’
ব্যাট হাতে ছিলেন প্রায় নিখুঁত এক শিল্পী, ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৪৭ টেস্ট ও ১৭৪ ওয়ানডেতে। এখন ব্যস্ত রাজনীতিতে, ২০০৯ সালে নির্বাচিত হয়েছেন লোকসভার সদস্য। ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আজহারউদ্দিন কথা বললেন ভারতীয় ক্রিকেট ও এখনকার জীবন নিয়ে রাজনীতিতে জড়িয়েছেন চার বছর হয়ে গেল, কতটা পরিবর্তন এসেছে জীবনে?মোহাম্মদ আজহারউদ্দিন: খুব বেশি পরিবর্তন হয়নি, শুধু লোকজনের সঙ্গে আরও বেশি দেখা হয়, এই যা। ক্রিকেট খেলার সময় ভাবনা শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকত। এখন ভারতের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন ধরনের লোকজনের সঙ্গে দেখা হওয়া নতুন এক অভিজ্ঞতা। আমি দারুণ উপভোগ করছি। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে না জড়ালে আর কী করতেন?আজহারউদ্দিন: জিমনেসিয়ামের ব্যবসাটা চালিয়ে যেতাম। তবে রাজনীতিতে যেহেতু জড়িয়েছি, এটাই এখন আমার পূর্ণকালীন কাজ। ইদানীং প্রায় সব দলই দেখা যায় ভোটের প্রচারণায় বলিউডের জনপ্রিয় গানগুলোকে বেছে নেয়। এসব কি সত্যিই কাজে দেয়?আজহারউদ্দিন: পুরো বিশ্বই বদলে যাচ্ছে, ১০ বছর আগে প্রচারণার ধরন যেমন ছিল এখন সে রকমটা আমরা আশা করতে পারি না। ভোটারদের মন জয়ের জন্য নানা রকম চেষ্টা করতে হয়। তবে মানুষের জন্য কাজ ও উন্নয়নটাই শেষ পর্যন্ত ভোটে প্রতিফলিত হয়। ছেলের আকস্মিক মৃত্যু নিশ্চয়ই আপনার জন্য বেদনাদায়ক ছিল...আজহারউদ্দিন: এটা মেনে নেওয়া মোটেও সহজ ছিল না। ওর স্মৃতি আমার মন থেকে কখনোই মুছে যাবে না। এমন কিছু যেন কোনো মা-বাবাকে সহ্য করতে না হয়। তবে জীবন তো আর থমকে থাকে না। অনেক ধৈর্য ধরতে হয়। আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে সামনে এগিয়ে যাওয়ার মতো ধৈর্য দিয়েছেন। লোকে বলে সময় সবকিছুই স্বাভাবিক করে দেয়, কিন্তু আমি আমার ছেলেকে চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি...এত এত স্মৃতি, যা সব সময়ই হূদয়ে গেঁথে থাকবে। তরুণদের গতির নেশা থেকে ফেরানো মুশকিল (আজহারের ছেলের মৃত্যু হয়েছিল মোটরবাইক দুর্ঘটনায়), কী করা উচিত বলে আপনি মনে করেন?আজহারউদ্দিন: মা-বাবাদের দায়িত্ব সন্তানদের ওই প্রাণঘাতী যন্ত্র কিনে বা কিনতে না দেওয়া। তবে সন্তান যদি মৃত্যুকে পরোয়া না করে, তবে মা-বাবার জন্য কাজটা কঠিন হয়ে যায়। এ ধরনের ছেলেরা চটকদার কাজ করতে চায়। তাদের কাছে এই রোমাঞ্চ আর উপভোগ করাটাই সবকিছু। অনেকে বলছে অস্ট্রেলিয়ায় ভারতের দুর্দশার জন্য দায়ী সিনিয়র ক্রিকেটাররা। আপনার অভিমত কী?আজহারউদ্দিন: আমি বিশ্বাস করি, আমাদের এমন ক্রিকেটার প্রয়োজন যারা পারফর্ম করতে পারে। সিনিয়র ক্রিকেটাররা অবশ্যই অনেক কিছু করেছে। তবে তরুণদের সুযোগ দেওয়ার সময় হয়ে গেছে। এমনকি তৃতীয় টেস্টে হারার পরও তরুণদের সুযোগ দেওয়া হলো না। এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত বোর্ডকেই নিতে হবে। ধোনি বলেছেন, টেস্ট অধিনায়কত্বে পরিবর্তন এলে খুশিমনেই মেনে নেবেন। এটাকে কীভাবে দেখছেন?আজহারউদ্দিন: সন্দেহ নেই, ধোনি দারুণ এক অধিনায়ক। টেস্ট-ওয়ানডে দুই ক্রিকেটেই ভারতীয় দলকে ভালো একটা অবস্থানে নিয়ে এসেছে সে। তবে এটাও ঠিক, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। বোর্ডকেই সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। ব্যক্তিগতভাবে ক্রিকেটের প্রতি সংস্করণের জন্য আমি চাই ভিন্ন অধিনায়ক। পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে কাকে বিবেচনা করা উচিত?আজহারউদ্দিন: বীরেন্দর শেবাগ বা বিরাট কোহলি দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে।