‘প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেরা একাদশে জায়গা মেলে কেবল কেউ ইনজুরিতে পড়লে বা বিশ্রাম নিলেই। এই সুযোগগুলোই কাজে লাগিয়ে হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটের নতুন তারকা। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো করার পর ত্রিদেশীয় সিরিজেও বজায় রেখেছেন ধারাবাহিকতা। বিরাট কোহলি কথা বললেন আজকের ম্যাচ নিয়ে, বললেন নিজেকে নিয়েও একের পর এক ভালো ইনিংস খেলছেন...বিরাট কোহলি: শ্রীলঙ্কা সিরিজটা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। এই বিশ্বাসটা পেয়েছি, আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত ভালো করার মতো সামর্থ্য আমার আছে। আশা করি, এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব। চাপের মধ্যে কয়েকটি ভালো ইনিংস খেললেন, কেমন লাগছে?বিরাট: ভালো তো লাগবেই। চাপের মধ্যে ভালো খেললে আত্মবিশ্বাসটা বেশি পাওয়া যায়, কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয় সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। ক্যারিয়ারে অবশ্যই এসব অভিজ্ঞতা কাজে লাগবে। গত ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আপনার কয়েকটি অনড্রাইভ দেখে তো ভাষ্যকারেরা উচ্ছ্বসিত প্রশংসা করলেন।বিরাট: ওই ম্যাচটা আমার জন্য ছিল একটা চ্যালেঞ্জ। আমি এমনিতে আক্রমণাত্মক ব্যাটসম্যান, কিন্তু সেদিন পরিস্থিতি দাবি করছিল ঠান্ডা মাথায় খেলে একটা প্রান্ত ধরে রাখা এবং বড় জুটি গড়া। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ধীরে ধীরে ইনিংসটা গড়ে তুলেছি। সেঞ্চুরি মিস করে নিশ্চয়ই হতাশ?বিরাট: হতাশ তো অবশ্যই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই সেঞ্চুরির সুযোগ পাওয়া যায় না। আর আমি তো বেশি ম্যাচ খেলার সুযোগও পাই না। সেঞ্চুরি না পেয়ে তাই হতাশ তো হয়েছিলামই। তবে দল জেতায় হতাশাটা আর থাকেনি। ভারতীয় দলের মিডল-অর্ডারে তো অনেক ব্যাটসম্যান। কেউ ইনজুরিতে পড়লে বা না খেললে আপনি সুযোগ পান। প্রাপ্ত সুযোগগুলো কাজে না লাগালে অন্য কেউ জায়গা নিয়ে নেবে, এই ভাবনা কি কাজ করে?বিরাট: তা তো করেই। আমি জানি আমার সুযোগ খুবই সীমিত। কেউ না খেললেই কেবল সুযোগ মেলে। প্রতিটি সুযোগই তাই আমি কাজে লাগাতে চাই। জাতীয় দলে না থাকলে আমি যত বেশি সম্ভব ঘরোয়া ম্যাচ খেলার চেষ্টা করি। নিজের খেলা নিয়ে কাজ করি। যাতে সুযোগ পেলেই লুফে নিতে পারি। তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করছেন, অনুভূতি কী?বিরাট: তিন নম্বর বলে কথা নয়, ব্যাটিং অর্ডারে জায়গাটা নির্দিষ্ট থাকলে সব ব্যাটসম্যানের জন্যই কাজটা অনেক সহজ হয়ে যায়। মানসিকভাবে প্রস্তুত থাকা যায়। তবে ভারতের হয়ে যেকোনো পজিশন খেলতেই আমি প্রস্তুত, আমি তো ওপেনও করেছি। কালকের (আজ) ম্যাচ নিয়ে কী ভাবছেন?বিরাট: অবশ্যই আমরা জিততে চাই। আজ (গতকাল) প্র্যাকটিস সেশনটাও খুব ভালো হয়েছে। আশা করি, এই ম্যাচ জিতেই আমরা ফাইনাল নিশ্চিত করব। আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন, গত দুই মাসে তো দুদল অনেকবার মুখোমুখি হলো...বিরাট: আন্তর্জাতিক ক্রিকেট খেললে এমনটা হয়ই। একই দলের সঙ্গে অনেক ম্যাচ খেলতে হতে পারে। গত কিছুদিন শ্রীলঙ্কার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি, দুদলই একে অন্যের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানে। নির্দিষ্ট দিনটাতে কোন দল ভালো খেলল, এটাই আসল।