‘প্রতিশোধের’ ম্যাচে ব্রাজিলের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশোধের ম্যাচ? হোক না প্রীতি ম্যাচ—হল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচকে ‘প্রতিশোধের’ বলা যেতেই পারে। এই দলটির কাছে হেরেই যে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।মাঠের লড়াইয়ের চিত্রটা ছিল অবশ্য ভিন্ন। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলেনি ব্রাজিলিয়ান ফুটবলারদের চোখে-মুখে। ব্রাজিলকে আরেকবার হারের ‘লজ্জায়’ ডুবানোর প্রাণপণ চেষ্টা দেখা যায়নি ডাচ ফুটবলারদের মাঝেও। গতকাল শনিবার রাতের ম্যাড়ম্যাড়ে, নিষ্প্রাণ ম্যাচের ফল—গোলশূন্য ড্র!দলে ছিলেন না কাকা। ব্রাজিলের আক্রমণভাগে ছিলেন রবিনহো ও নেইমার। প্রথমার্ধ খুব একটা ভালো কাটেনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে বল জড়ানোর কয়েকটি সুযোগও এসেছিল। কিন্তু ডাচ গোলরক্ষকের নৈপুণ্যে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি ব্রাজিল।প্রতিপক্ষের জালে বল পাঠাতে চেষ্টার কমতি করেননি ডাচ ফুটবলাররাও। তবে গোলরক্ষক হুলিও সিজারের প্রতিরোধে কোনো গোল হজম করতে হয়নি ব্রাজিলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তা স্বীকারও করে নিয়েছেন বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব পাওয়া মানো মেনেজেস, ‘প্রথমার্ধে আমাদের সাধারণ কিছু সমস্যা ছিল। আমরা ঠিকভাবে বল নিয়ন্ত্রণ করতে পারিনি। যার কারণে সুযোগ পেয়েছিল হল্যান্ড। দুটি দুর্দান্ত আক্রমণ প্রতিহত করায় সিজারের কাছে আমি কৃতজ্ঞ।’ রয়টার্স।