'প্রত্যাশা গ্রুপ পর্ব পার হওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনোই পেশাদার ফুটবল খেলেননি। তবে হন্ডুরাসকে নিয়ে গত আসরেই বিশ্বকাপ অভিজ্ঞতা হয়ে গেছে কলম্বিয়ার
রেইনালদো রুয়েদার। ২০১০ থেকে ইকুয়েডরের কোচ রুয়েদা মুখোমুখি হয়েছেন ওয়ার্ল্ড সকার-এর

রেইনালদো রুয়েদা
রেইনালদো রুয়েদা

 বিশ্বকাপে আপনার প্রত্যাশা কী?
রেইনালদো রুয়েদা: গ্রুপ পর্ব পার হওয়া। এই ইচ্ছেটা বলতে গেলে অঙ্গীকারই। খুবই পরিণত, যূথবদ্ধ দলগুলোর সঙ্গে কাজটা সহজ হবে না। তবে পরের পর্বে যেতে পারলে সেটা দলকে সংহত করবে। এরপর যেকোনো কিছুই হতে পারে।
 দক্ষিণ আমেরিকায় ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলাটা কি সুবিধা?
রুয়েদা: আমার মনে হয় না। সেমিফাইনাল বা ফাইনালে গেলে হয়তো সুবিধা হতে পারে, তবে গ্রুপে হবে বলে মনে হয় না।
 আপনি চার বছর আগে হন্ডুরাসের কোচ ছিলেন। এটা কি আপনার জন্য সুবিধা, নাকি ওদের জন্য সুবিধা?
রুয়েদা: দুই দিকেই। তারা আমাদের কাজ জানে, আমাদের ট্যাকটিক্যাল ধারাটা জানে। ম্যাচটা হবে তীব্র, হন্ডুরাসের খেলোয়াড়দের মান বেশ ভালো। ২০১০ সালের দলের একটা উল্লেখযোগ্য অংশ এখনো আছে। ভালোও করছে। কারও সে রকম কোনো সুবিধা নেই, দুই দলই একে অন্যের ব্যাপারে জানে।
 আপনি তো উইং দিয়ে আক্রমণ করতে পছন্দ করেন...
রুয়েদা: সৌভাগ্যক্রমে আমরা এমন কিছু খেলোয়াড় পেয়েছি যারা দুই প্রান্তে ভারসাম্য রাখতে পারে। এই সংস্কৃতিটা অল্প বয়স থেকেই এদের মধ্যে আছে। এটা আমাদের সেরা অস্ত্রগুলোর একটি।
 আন্তোনিও ভ্যালেন্সিয়াকে তো সবাই চেনে, লেফট উইঙ্গার জেফারসন মনতেরোকে নিয়ে কিছু বলেন?
রুয়েদা: সে এর মধ্যেই ইউরোপে খেলেছে। সে রিয়াল বেটিসে খেলেছে, এরপর ভিয়ারিয়াল ও লেভান্তেতে। সেরা সময়টা কাটিয়েছে বেটিসেই। তার স্কিল দারুণ, আশা করি সে মানিয়ে নিতে পারবে (মেক্সিকোর মরেইলাতে)। কিছু ট্যাকটিক্যাল ব্যাপারে এখনো উন্নতির সুযোগ আছে, কিন্তু সে এমন একজন খেলোয়াড় যে দর্শকদের মন ভরিয়ে দিতে পারে। ওর প্রতিপক্ষকে নাচানো, বল নিয়ে কারিকুরি সবকিছুর কারণেই। দারুণ একজন খেলোয়াড় হতে যাচ্ছে সে।
 গ্রুপের প্রতিপক্ষদের কীভাবে দেখছেন?
রুয়েদা: বাকি সবাই দক্ষিণ আফ্রিকাতে খেলেছিল, এটা একটা সুবিধা। দলের বেশির ভাগই তাদের বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে। ফ্রান্সের রিবেরি, বেনজেমা, জিরুদের মতো অসাধারণ খেলোয়াড় আছে। তবে আমার কাছে সুইজারল্যান্ডকে হারানোটাই সবচেয়ে কঠিন বলে মনে হয়।
 জাতীয় দলের জন্য খুব বেশি বিকল্প তো আপনার হাতে নেই?
রুয়েদা: ইকুয়েডরের খেলোয়াড়দের এখনো অন্য ফুটবল সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে কষ্ট হয়। ব্যতিক্রম তো আছেই, যারা বাইরে নিজেদের ফর্মটা ধরে রাখতে পারে, উন্নতিও করে। তাতে তাদের ভালোই হয়, কিন্তু অনেকেই নিজেদের প্রতিভাটা নষ্ট করে ফিরে আসে। তারা পথ হারিয়ে ফেলে, ঘরোয়া লিগের জন্যও তাদের মান যথেষ্ট থাকে না। জাতীয় দলে তো বটেই। হতাশা তাদের জেঁকে ধরে, আর তারা সেটা কাটিয়ে উঠতে পারে না। ইকুয়েডরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খেলোয়াড়েরা অন্য একটি মাত্রায় যাওয়ার পরে সেটা ভালোভাবে আত্তীকরণ করা। অন্য সংস্কৃতির সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হলে সেটা ভালোই হবে। এটা ঘরোয়া লিগকে তো বটেই, জাতীয় দলকেও সাহায্য করবে।
 ক্লাবের নৈমিত্তিক সূচিটা কি আপনি মিস করেন? বিশ্বকাপের পরে অন্য কিছুর কথা ভাবছেন?
রুয়েদা: কিছুটা তো করিই। জাতীয় দলে আপনাকে অনেক কিছুই কাগজে-কলমে করতে হয়। কারণ খেলোয়াড়দের আপনি নিয়মিত পান না। আমি আবার কোনো ক্লাবের হয়ে কাজ করার আশা রাখি। জাতীয় দলে কাজ করাটা ভালো, কিন্তু ক্লাবের দায়িত্বটা অন্য রকম, অনেক বেশি গতিশীল।