‘প্রত্যাশার চাপ সামলাতে পারিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশা ছিল দেশের ১৬ কোটি মানুষের, প্রত্যাশা ছিল নিজেদের কাছে নিজেদেরও—দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পূরণ হবে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। সেটা তো হলোই না, উল্টো ৭৮ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবল বাংলাদেশ। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বললেন, প্রত্যাশার ওই চাপেই ভেঙে পড়েছে তাঁর দল, ভেঙে পড়েছে স্বপ্নসৌধ। বিশ্বকাপে কোন জায়গাটায় ভুল ছিল আপনাদের?সাকিব আল হাসান: ভালো ব্যাটিং করিনি। অনেক জায়গাতেই খারাপ করেছি। বিশেষ করে ব্যাটিংটাই বেশি খারাপ হয়েছে পুরো টুর্নামেন্টে। দক্ষিণ আফ্রিকা ২৮৪ রান করার পরও কি জেতার আশা করেছিলেন?সাকিব: ভেবেছিলাম, ২০ রান হয়তো বেশি করেছে তারা। ভালো ব্যাটিং করলে আমাদের সুযোগ ছিল। কিন্তু আমরা শুরুটা ভালো করিনি।্রদ্রুত ৪টা উইকেট পড়ে যাওয়ার পরই ম্যাচ প্রায় শেষ। যে রকম ব্যাটিং বিপর্যয় হলো, তাতে কি এখন মনে হচ্ছে যে আপনার পাঁচ নম্বরেই ব্যাট করা উচিত ছিল?সাকিব: ওই সময় তাদের একজন অফ স্পিনার বল করছিল। সে কারণেই ভেবেছিলাম একজন ডানহাতি ব্যাটসম্যান গেলে হয়তো ভালো হবে। বোলিং বুঝে ইনিংসের দায়িত্ব নেবে। এমন পরাজয়ের পর দর্শকদের উদ্দেশে কী বলবেন?সাকিব: আগেও বলেছি, তারা আরও ভালো কিছু পেতে পারত। কিন্তু আমরা একদমই ভালো খেলিনি। গত ১২ মাস আমরা যে ক্রিকেট খেলেছি, তাতে বাড়তি প্রত্যাশা থাকতেই পারে। আমরা যা করেছি, তার চেয়ে ভালো কিছুই আশা ছিল সমর্থকদের। তাদের জন্য খারাপ লাগছে। বিশ্বকাপে এ নিয়ে দুটি ম্যাচ বাজেভাবে হারলেন। দুই পরাজয়ের মধ্যে কোনো পার্থক্য আছে?সাকিব: আমার মনে হয়, আজকের (গতকাল) উইকেটটা আগের ম্যাচের চেয়ে অনেক ভালো ছিল। আমরাই ভালো খেলতে পারিনি।্রজানি না সমস্যাটা কোথায় ছিল। ১৮০-২০০ রান করলেও দুর্বলতা খোঁজা যায়। ৭৮ রানে অলআউট হওয়ার পর তো সেটারও সুযোগ থাকে না। ব্যাটিং এতটা বাজে হওয়ার কারণ কী?সাকিব: জানি না...হয়তো চাপ নিয়ে নিয়েছিল সবাই। হয়তো প্রত্যাশার চাপটাই আমরা সামলাতে পারিনি। সেটাই সমস্যা। নইলে আমার বিশ্বাস, এ ম্যাচেও অন্তত ১৫০ রান করা যেত। বিশ্বকাপের ছয় ম্যাচে আপনাদের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?সাকিব: তিনটা ম্যাচ জিতেছি, তিনটাতে হেরেছি। ভাগ্যের সহায়তাও দরকার ছিল। তা হলেও হয়তো আমরা পরের রাউন্ডে যেতে পারতাম। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজের দিকে তাকিয়ে আমরা। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে নিজের পারফরম্যান্সকে কীভাবে দেখবেন?সাকিব: অবশ্যই আরও ভালো করতে পারতাম। আমার মনে হয়, বল হাতে যা করেছি, ঠিকই আছে। তবে ব্যাট হাতে দলের জন্য আরও কিছু রান করা উচিত ছিল। ব্যক্তিগত পারফরম্যান্সের কথাও যদি বলেন, হ্যাঁ, আমি হতাশ। তিন ম্যাচ জিতেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব ভেবেছিলেন?সাকিব: জানতাম, চার ম্যাচ জিতলে অবশ্যই কোয়ার্টার ফাইনালে যাব। তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যেতে ভাগ্যের সহায়তা দরকার ছিল। ভাগ্য আমাদের সহায় ছিল না। এই ম্যাচে আপনাদের বোলিংটাকে কীভাবে মূল্যায়ন করবেন?সাকিব: ফাস্ট বোলাররা আজ (গতকাল) হতাশ করেছে। ভারত ম্যাচের পর পুরো টুর্নামেন্টে তারা ভালো বল করলেও এই ম্যাচে ভালো করেনি। হতাশার অংশটুকু বাদ দিলে বিশ্বকাপ থেকে ইতিবাচক কিছু কি পেলেন?সাকিব: বিশ্বকাপের আগে সবাই আশা করেছিল তিনটা ম্যাচ জিতব। আমরা সেটা জিতেছি। আমার মনে হয়, এটাকে ইতিবাচক দিক হিসেবে নেওয়া যায়। দক্ষিণ আফ্রিকা দলকে কীভাবে মূল্যায়ন করবেন?সাকিব: ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন দিক দিয়েই তারা ভালো দল। স্পিনাররা খুবই ভালো বল করেছে। দলে বিশ্বমানের ফাস্ট বোলার আছে, ব্যাটিংটাও শক্তিশালী। সব মিলিয়ে দলটা ব্যালান্সড। কে জানে, হয়তো ফাইনালেও খেলবে তারা। তিন ম্যাচ জিতলেও হেরে যাওয়া দুই ম্যাচে এক শর নিচে রান করলেন। বাংলাদেশও কি পাকিস্তানের মতো একটা দল হয়ে গেল, যাদের ব্যাপারে কোনো পূর্বানুমানই খাটে না?সাকিব: সে রকম বলা যাবে না। আমরা ভালো ব্যাটিং করিনি। চাপ বলেন বা যা-ই বলেন, আমরা আসলে বড় জায়গায় এসে নিজেদের সামর্থ্য দেখাতে পারিনি। তিন জয়, তিন পরাজয়। বিশ্বকাপে সফল, না ব্যর্থ?সাকিব: ফলাফল চিন্তা করলে ফিফটি-ফিফটি। তবে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। আরও ভালো কিছু আমরা পেতে পারতাম। সব ভুলই আমাদের। বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হলো কোন ম্যাচটা?সাকিব: বলা কঠিন। দু-একটা ম্যাচে হয়তো আমরা ব্যাটিং ভালো করেছি। বেশির ভাগ ম্যাচে বোলিং ভালো হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে বেশ ভালো ক্রিকেট খেলেছি। তবে হ্যাঁ, এই বিশ্বকাপে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। ব্যাটিং খারাপ হওয়ার কারণ কি শুধুই চাপ, নাকি পরিকল্পনার অভাব?সাকিব: চাপ। ব্যাটিং অর্ডার নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হলো। বিশ্বকাপের আগেই কি এসব পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া উচিত ছিল না?সাকিব: আগে সেটা করার সুযোগ ছিল না। সেরা দল নিয়ে মাঠে নামার পরও যখন কয়েকটা জায়গায় ক্লিক করেনি, তখন কিছু পরিবর্তন আনতে হয়েছে। তিন ম্যাচ হেরে যাওয়ার পরও কি কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকল?সাকিব: না...। আমাদের রানরেট খুবই খারাপ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে আমরা যে রকম ব্যাটিং করেছি, কোয়ার্টার ফাইনালে যাওয়াটা হবে স্বপ্নের মতো।