‘প্রথম কোনো পুরস্কার জিতলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শেষ হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট। ৫৩৯টি স্কুলের এই টুর্নামেন্টের সেরা হয়েছে বিকেএসপির লিটন কুমার দাস। ৮ ম্যাচে ৪১৪ রান ও ১৫টি ডিসমিসাল করা এই উইকেটকিপার-ব্যাটসম্যান জানাল নিজের স্বপ্ন ও প্রত্যাশার কথা সারা বাংলাদেশের স্কুল প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়ে নিশ্চয়ই দারুণ খুশি তুমি?লিটন কুমার দাস: হ্যাঁ, খুবই ভালো লাগছে। বিশেষ করে এই প্রথম আমি কোনো টুর্নামেন্টে পুরস্কার জিতলাম। এ জন্য একটু বেশিই আনন্দ আমার। তোমার ক্রিকেটের শুরুটা হলো কখন?লিটন: আমি ২০০৬ সালে দিনাজপুর বিকেএসপির মাঠে প্রথম ক্রিকেট খেলি। অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের একটা টুর্নামেন্ট ছিল ওটা। কীভাবে ক্রিকেটে এলে?লিটন: ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেট খেলব। এ জন্য বিকেএসপিতে এসে পরীক্ষা দিলাম। পরীক্ষার রেজাল্টের পর দেখি টিকে গেছি। ব্যস, বিকেএসপিতে ভর্তি হলাম। তুমি তো উইকেটকিপার ও ব্যাটসম্যান? কোন পরিচয়ে বেশি ভালো লাগে?লিটন: দুটোই ভালো লাগে। তবে যেহেতু উইকেটকিপিং দিয়েই আমার ক্রিকেটটা শুরু তাই উইকেটকিপার লিটনকেই বেশি এগিয়ে রাখব। এবার তোমার সেরা ইনিংস কোনটা?লিটন: আইডিয়াল স্কুলের বিপক্ষে ৩০ বলে ৮০ করেছিলাম। ওটাই আমার সেরা ইনিংস।  আমাদের দেশে তো উইকেটকিপার ব্যাটসম্যান কম আসছে। তুমি একটা ভালো জায়গাই বেছে নিয়েছে।লিটন: ভালো উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো তেমন ক্রিকেটার একটু কমই। তবে চেষ্টা থাকলে কি না হয়, বলুন? চেষ্টা করি প্রতিদিনই নিজের খেলার উন্নতি করতে। এভাবে চেষ্টা করতে করতেই হয়তো এক দিন লক্ষ্যে পৌঁছে যাব। সেই লক্ষ্যটা কী?লিটন: অবশ্যই জাতীয় দলে খেলা। প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমি নিজের যোগ্যতা ও পারফরম্যান্স দিয়েই একদিন জাতীয় দলে ঢুকতে চাই। মুশফিকুর রহিমও তো বিকেএসপিরই ছাত্র। তাঁর সঙ্গে কি কথা হয়?লিটন: না। মুশফিক ভাইয়ের সঙ্গে কখনো কথা হয়নি। আমি যখন বিকেএসপিতে ভর্তি হই, ওনারা তখন বেরিয়ে গেছেন। তবে খালেদ মাসুদ ভাইয়ের সঙ্গে অনেকবার কথা হয়েছে এসব বিষয়ে। আমি ২০০৬ সালে অনূর্ধ্ব-১৩ ও ১৪ ট্রেনিং ক্যাম্প করেছি ওনার অধীনে। উনি ছিলেন আমাদের উইকেটকিপিং কোচ। তখন আমাকে বলতেন, তুই ভালো করবি। তোর সম্ভাবনা আছে। আমাকে অনেক টেকনিকও হাতে-কলমে শিখিয়ে দিয়েছেন তিনি।  তোমার আইডল কে?লিটন: উইকেটকিপিংয়ে মার্ক বাউচার। ওনার কিপিংটা আমার খুবই ভালো লাগে। আর ব্যাটসম্যানদের মধ্যে বলব মাইকেল ক্লার্কের কথা। পুরো টুর্নামেন্টে তোমার নির্দিষ্ট কোনো পারফরম্যান্স যদি আলাদা করতে বলা হয়...লিটন: এবার আমি ব্যক্তিগত সর্বোচ্চ ৮৫ করলাম এক ম্যাচে। কোন দল সেটা ঠিক মনে করতে পারছি না। তবে ওই দিন আমি কিপিংটাও মনের মতো করেছিলাম। আমার কেবলই মনে হয়, প্রতিদিনই যদি এভাবে খেলতে পারতাম!