'প্রথম প্রথম লজ্জা লাগছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেন
নাসির হোসেন

জেলার বয়সভিত্তিক দলের অধিনায়কত্ব করেছিলেন সেই কিশোর বয়সে। এরপর এই প্রথম হতে যাচ্ছে অধিনায়কত্বের অভিজ্ঞতা। ঢাকা প্রিমিয়ার লিগে এবার নেতৃত্ব দেবেন বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া
স্পোর্টিং ক্লাবকে। নতুন সেই দায়িত্বের রোমাঞ্চ
ও লক্ষ্যের কথা জানালেন নাসির হোসেন
 প্রথমবার নেতৃত্বের অভিজ্ঞতা হতে যাচ্ছে, কতটা রোমাঞ্চিত?
নাসির হোসেন: অনেক রোমাঞ্চিত। সেই কবে রংপুর অনূর্ধ্ব-১৩, ১৫ দলের অধিনায়ক ছিলাম। ভালো করে মনেও নেই সেই সময়ের কথা। ঘরোয়া ক্রিকেটে এই প্রথম অধিনায়কত্ব করছি, খুব ভালো লাগছে। বিশেষ করে চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেওয়াটা অনেক বড় সম্মানের।
 দায়িত্বও তো বেড়ে গেছে!
নাসির: সে তো বাড়বেই। তবে দায়িত্বের চাপটা আমি মাথায় ঢুকতে দিতে চাই না। আমি আসলে ক্রিকেটটা চাপ নিয়ে খেলতে চাই না। চাপ হিসেবে নিলেই চাপ। অধিনায়কের দায়িত্ব সব পালন করব। মাঠে বা মাঠের বাইরে যা করতে হয় করব। কিন্তু ‘আমি অধিনায়ক, অনেক দায়িত্ব’ এসব কখনোই ভাবতে চাই না। আমি আমার মতোই খেলব।
 টিম মিটিংয়ে প্রথম কথা বলার অভিজ্ঞতা কেমন?
নাসির: এত দিন তো শুধু শুনেই গেছি, এখন বলতে হচ্ছে। প্রথম প্রথম লজ্জা লাগছিল, গুছিয়ে বলতে পারছিলাম না। পরে ঠিক হয়ে গেছে। আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি টিম স্পিরিটকে। সবাইকে বলে দিয়েছি যেন আমাদের মধ্যে কোনো লুকোচুরি না থাকে। টিম স্পিরিট ভালো থাকলে খেলা এমনিতেই ভালো হয়। আর মাঠে আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।
 ভিক্টোরিয়া বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু গতবার দলে সাকিব-তামিমসহ অনেক তারকা ক্রিকেটার ছিলেন। এবার দলটা তারুণ্যনির্ভর, শিরোপা ধরে রাখা সম্ভব?
নাসির: ক্রিকেট গোল বলের খেলা। এখানে জিততে হলে কপাল লাগে। আর দল একটা বড় ব্যাপার তো অবশ্যই। তারকা কম থাকলেও আমাদের দল কিন্তু খারাপ নয়। বিজয় (এনামুল হক), সৌম্য ইদানীং দারুণ খেলছে। রবিউল-শরিফ ভাইয়েরা আছেন। ভালো খেললে আমরা অবশ্যই জিতব। তবে চ্যাম্পিয়ন হতে ওই যে বললাম, ভাগ্য লাগে।
 সামনের মাসেই নিউজিল্যান্ড আসছে সফরে। আপনি, এনামুলরা জাতীয় দলে চলে গেলে তো দল আরও দুর্বল হয়ে যাবে?
নাসির: সেটা হবে, কিছু তো করার নেই। এ জন্যই আমাদের চেষ্টা থাকবে আমরা থাকার সময় যত ম্যাচ হবে, সব কটি জেতা। আর ক্লাব নিশ্চয়ই ভালো মানের বিদেশি আনবে। আশা করি, সমস্যা হবে না।
 ঢাকার লিগ ঢাকার বাইরে হচ্ছে আবারও, এ ব্যাপারটি কীভাবে দেখছেন?

নাসির: মাঠ সমস্যার কারণেই ঢাকার বাইরে হচ্ছে, কিছু তো করার নেই। ঢাকায় লিগ হলে সব দলগুলোর ঘাঁটি খুব কাছাকাছি থাকে। খেলার বাইরেও সবার সঙ্গে দেখা হয়, অনেক মজা হয়। ঢাকার বাইরে লিগ আমার কাছে কেমন ‘জাতীয় লিগ-জাতীয় লিগ’ মনে হয়। এটারও একটা ভালো দিক আছে, ঢাকার বাইরের দর্শকেরা জাতীয় ক্রিকেটারদের খেলা দেখতে পায়। তবে আমার ঢাকায় খেলতেই বেশি ভালো লাগে।
 ঘরোয়া ক্রিকেটে আপনি মোটামুটি নিয়মিত পারফরমার। এবার নির্দিষ্ট কোনো লক্ষ্য আছে?
নাসির: লক্ষ্য তেমন নেই। যতটা সম্ভব ভালো খেলতে চাই। আর দল চ্যাম্পিয়ন হলে খুব ভালো লাগবে।
 এই প্রিমিয়ার লিগ তো নিউজিল্যান্ড সিরিজের আগে ম্যাচ অনুশীলনের ভালো একটা সুযোগও...
নাসির: তা তো অবশ্যই। যদিও ওয়ানডে, তার পরও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা সব সময়ই কাজে দেয়। গত চার মাস তো কোনো ম্যাচই খেলিনি খুলনার ওই তিন দিনের ম্যাচটি ছাড়া। লিগে ভালো করলে নিউজিল্যান্ড সিরিজে অনেক আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যাবে।