‘প্রফেসর’ এখন অধিনায়ক
ক্রিকেটপ্রজ্ঞার কারণে সতীর্থদের কাছে তাঁর নাম ‘প্রফেসর’। নিজের ক্রিকেটমেধা এবার আরেকটু ভালো করে প্রকাশের সুযোগ পাবেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে এই অলরাউন্ডারকে। পিসিবির সিদ্ধান্তে আংশিক পূরণ হলো ডেভ হোয়াটমোরের চাওয়া। সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল, ওয়ানডে অধিনায়ক হিসেবে হাফিজকে চান পাকিস্তানের নতুন কোচ, টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শোয়েব মালিককে। তবে একবারে খুব বেশি পরিবর্তনের পথে যায়নি পিসিবি। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক আছেন মিসবাহ-উল হকই।দুঃসময়ে শক্ত হাতে হাল ধরা মিসবাহকে অবশ্য খুব একটা বিব্রত হতে দেয়নি পিসিবি। বোর্ডের সঙ্গে আলোচনার পর নিজে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন মিসবাহ, এরপরই এসেছে হাফিজকে দায়িত্ব দেওয়ার ঘোষণা। একই সঙ্গে শ্রীলঙ্কা সফরের তিন সংস্করণের দলও ঘোষণা করা হয়েছে। তিন দলেই এসেছে অনেক পরিবর্তন।নিজের বিব্রতকর আন্তর্জাতিক ক্যারিয়ারকে ভদ্রস্থ করার সম্ভবত শেষ সুযোগ পেয়েছেন মোহাম্মদ সামি। ৩১ বছর বয়সী ফাস্ট বোলার ফিরেছেন তিন ধরনের ক্রিকেটেই। সামির মতোই দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন জাভেদ মিয়াঁদাদের ভাগনে পরিচয়টাকে এখনো ছাপিয়ে যেতে না-পারা ফয়সাল ইকবাল। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের পারফরমারদের পুরস্কৃত করার যে ধারা পাকিস্তান ক্রিকেটে সম্প্রতি শুরু হয়েছে, এর ধারাবাহিকতা আছে এবারও। টেস্ট দলের দুই নতুন ব্যাটসম্যান ৩২ বছর বয়সী মোহাম্মদ আইয়ুব ডোগার ও ২৬ বছর বয়সী আফাক রহিম খেলেছেন ৯৩ ও ৭৫টি প্রথম শ্রেণীর ম্যাচ।ওয়ানডে দলে নতুন মুখ রাহাত আলী, টি-টোয়েন্টি দলে শাকিল আনসার, হারিস সোহেল ও রাজা হাসান। ২৩ বছর বয়সী রাহাত বাঁহাতি পেসার। সমবয়সী সোহেল বাঁহাতি ব্যাটসম্যান, ১৯ বছর বয়সী রাজা দারুণ সম্ভাবনাময় বাঁহাতি স্পিনার। ৩৩ বছর বয়সী শাকিল উইকেটকিপার ব্যাটসম্যান। ১ জুন হাম্বানটোটার টি-টোয়েন্টি দিয়ে শুরু ২টি টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ। ওয়েবসাইট।পাকিস্তান দলটেস্টমোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, আজহার আলী, মিসবাহ-উল হক (অধিনায়ক), ইউনুস খান, আসাদ শফিক, আদনান আকমল, উমর গুল, সাঈদ আজমল, আবদুর রেহমান, মোহাম্মদ সামি, ফয়সাল ইকবাল, জুনাইদ খান, আফাক রহিম, আইয়ুব ডোগার, আইজাজ চিমা।ওয়ানডেমোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইউনুস খান, মিসবাহ-উল হক (অধিনায়ক), উমর আকমল, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, উমর গুল, রাহাত আলী, সাঈদ আজমল, আবদুর রেহমান, মোহাম্মদ সামি, আসাদ শফিক, আইজাজ চিমা, আজহার আলী, ইমরান ফারহাত।টি-টোয়েন্টিখালিদ লতিফ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), শোয়েব মালিক, উমর আকমল, শাকিল আনসার, শহীদ আফ্রিদি, ইয়াসির আরাফাত, উমর গুল, সোহেল তানভির, সাঈদ আজমল, রাজা হাসান, হারিস সোহেল, মোহাম্মদ সামি, হাম্মাদ আজম, নাসির জামশেদ।