‘প্রমাণ’ দিল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তত এক রাতের জন্য লিওনেল মেসি নামটা বিস্মৃত হলো। যাঁর নামে অযুত-নিযুতবার জয়ধ্বনি উঠেছে ন্যু ক্যাম্পে; পরশু রাতে সেই তাঁকে একবার মনে করল না কেউ। মেসির অনুপস্থিতি ভুলিয়ে দেওয়ার মতোই খেলল বার্সা। স্প্যানিশ লিগে মায়োর্কাকে উড়িয়ে দিল ৫-০ গোলে। মেসির কারণেই যিনি বিস্মৃতির মধ্যে ঢুকে যাচ্ছেন ধীরে ধীরে, সেই সেস ফ্যাব্রিগাস করলেন হ্যাটট্রিক। গত এক যুগে এই প্রথম কোনো স্প্যানিশ খেলোয়াড় বার্সার হয়ে হ্যাটট্রিক করলেন। সর্বশেষ ২০০১ সালে করেছিলেন লুইস এনরিকে। একই রাতে রিয়াল মাদ্রিদও ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লেভান্তেকে।মায়োর্কা বনাম বার্সা নয়, পরশু লড়াইটা আসলে হয়েছে সেস ফ্যাব্রিগাস আর অ্যালেক্সিস সানচেজের মধ্যে। মেসির ছায়ার আড়ালে ঢাকা পড়া এই দুই ফরোয়ার্ডই এদিন প্রতিযোগিতায় মেতেছিলেন গোল-পাল্টা গোলের। দুজনের মধ্যে বল দেওয়া-নেওয়ার প্রতিদ্বন্দ্বিতাও যেন হলো। ২০ মিনিটে প্রথম গোলটি ফ্যাব্রিগাসের, ২২ মিনিটে ব্যক্তিগত এই লড়াইয়ে ১-১ সমতা আনেন সানচেজ। ৩৭ মিনিটে আবার ফ্যাব্রিগাস। ৩৮ মিনিটে আবার সানচেজ! কে আগে হ্যাটট্রিক করে—এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জয় ফ্যাব্রিগাসেরই হলো। ৪৬ মিনিটেই ৫-০! বাকি সময়টায় বার্সার গোলক্ষুধা মরে যাওয়াতেই বড় ধরনের লজ্জা থেকে বেঁচে গেল রাফায়েল নাদালের মায়োর্কা!লেভান্তেও হেরেছে পরিষ্কার ব্যবধানে। কিন্তু ম্যাচ শেষে স্কোরলাইন যেমনটা দেখাচ্ছে, আসলে এতটা একতরফা ছিল না ম্যাচ। ৮৩ মিনিট পর্যন্ত ২-১ ছিল স্কোর। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল লেভান্তেই, ৩১ মিনিটে। পাঁচ মিনিটের মধ্যেই অবিশ্বাস্য এক সাইডভলিতে সমতা ফেরান গঞ্জালো হিগুয়েইন। অনেকেই বলছেন, এটা এই মৌসুমের সেরা গোলও হয়ে যেতে পারে। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করেন কাকা। শেষ আট মিনিটে আরও তিন গোল, দুটোই মেসুত ওজিলের। অন্য গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামা ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির অনুপস্থিতির সুযোগে একটা গোল বাড়িয়ে নিলেন। তাতেও অবশ্য সুবিধা হলো না খুব। লিগে মেসির গোল ৪৩টি, রোনালদোর ২৯।বার্সার গোলের তালিকায় তাঁর নাম নেই। তার পরও পরশু রাতের আসল নায়ক কিন্তু ফ্যাব্রিগাস নন, এরিক আবিদাল! যাঁর মৃত্যুই দেখে ফেলেছিল অনেকে, অনেক চিকিৎসক ঘোষণাই দিয়েছিলেন, প্রতিস্থাপিত যকৃৎ নিয়ে যাঁর পক্ষে আর যা-ই হোক ফুটবল মাঠে নামা সম্ভব নয়; সেই আবিদাল অবশেষে সত্যি সত্যিই নামলেন মাঠে। এক বছর পর। এই ম্যাচে প্রত্যাবর্তন হয়েছে আরও একজনের। জানুয়ারির পর এই প্রথম লিগে বার্সার ডাগ-আউটে টিটো ভিলোনাভো। ক্যানসারের বিরুদ্ধে চলছে তাঁরও লড়াই। এএফপি, রয়টার্স।