‘প্রশ্নবিদ্ধ’ পন্টিংয়ের ফেবারিটও ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই ম্যাচে হেরেছেন। প্রথমবার পাকিস্তানের কাছে, এরপর ভারত। এই দুটি দলই আবার মুখোমুখি সেমিফাইনালে। তবে পাকিস্তান নয়, রিকি পন্টিংয়ের ফেবারিটের ভোট পাচ্ছে ভারত। ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠতে ব্যর্থ পন্টিং দেশে ফিরে বলেছেন, এবার চ্যাম্পিয়ন হবে ভারত।‘ভারতকে হারানো খুবই কঠিন। ওরা খুবই শক্তিশালী দল। ওদের বোলিংটা হয়তো এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে ওদের ব্যাটিং কিন্তু খুবই ভালো’—সিডনিতে সাংবাদিকদের বলেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। তাঁর ভবিষ্যদ্বাণী, ফাইনাল হবে শ্রীলঙ্কা বনাম ভারত, ‘আজ (পরশু) শ্রীলঙ্কা যে জিতল এতে কোনো বিস্ময় নেই। অবশ্য ওরা যত বড় ব্যবধানে জিতল, সেটি বিস্ময়ের। আমার ধারণা, শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাবে। ভারত হারিয়ে দেবে পাকিস্তানকে। শ্রীলঙ্কা-ভারত ফাইনালটি হবে দারুণ এক ম্যাচ।’অন্যের ভবিষ্যদ্বাণী তিনি ভালোই করছেন। কিন্তু তাঁর নিজের ভবিষ্যৎ কী? পত্রপত্রিকায় তো গুঞ্জন, সরে যেতে বাধ্য করা হবে পন্টিংকে। টানা দুটি অ্যাশেজ পরাজয়ের পর বিশ্বকাপও হাতছাড়া করা পন্টিং আগে জানিয়েছিলেন, সিদ্ধান্তটা নির্বাচকই নেবেন। এখন জানালেন, সেই সিদ্ধান্ত নেওয়াটা তাঁর ওপরও নির্ভর করছে, ‘গত কয়েক সপ্তাহে পত্রিকায় বিভিন্ন মতামত এসেছে। আমাকে এবং দলে আমার নেতৃত্ব নিয়ে খবর বেরিয়েছে। সামনের কয়েকটা দিন আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিই আমি সেই সিদ্ধান্তটাই নেব, যেটা আমার জন্য সঠিক এবং দলকে সামনের দিকে নিয়ে যাবে।’ এর পরই পন্টিং ইঙ্গিত দিয়েছেন, নেতৃত্ব তিনি ছাড়বেন না, ‘আমি এখনো মনে করি, একজন খেলোয়াড় হিসেবে এবং একজন নেতা হিসেবে দলকে অনেক কিছু দেওয়ার আছে।’স্বাভাবিকভাবেই দেশে ফিরে সাংবাদিকদের কিছু অপ্রিয় প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। পন্টিং স্বীকার করে নিলেন, স্পিন-দাপটের এই বিশ্বকাপে তাঁর অস্ত্র ভান্ডারে রসদ ছিল সামান্যই, ‘আমরা নাথান হরিজের পর জেভিয়ার ডোহার্টিকেও হারিয়েছি। তাই আমাদের হাতে বিকল্প কোনো স্পিনারই ছিল না বিশ্বকাপে নিয়ে যাওয়ার জন্য।’ এ জন্যই তিনি পেস-নির্ভর আক্রমণ বেছে নিয়েছেন। তার পরও আত্মবিশ্বাসী ছিলেন। গত বিশ্বকাপেও এই উপমহাদেশের মতো কন্ডিশনে অস্ট্রেলীয় পেসাররা দুর্দান্ত করেছিলেন। কিন্তু এবার ব্রেট লি ছাড়া সেভাবে জ্বলে উঠতে পারেনি কেউ।মোতেরায় তাঁর টেলিভিশন ভেঙে ফেলা, বেঙ্গালুরুতে ক্যাচ ধরতে গিয়ে একটুর জন্য স্টিভেন স্মিথের সঙ্গে ধাক্কা লেগে থাকা বেঁচে যাওয়ার পর ঝাঁজাল প্রতিক্রিয়া—এসব নিয়েও প্রশ্ন উঠেছে। পন্টিং অবশ্য বললেন, ‘প্রথম যে ঘটনাটি ঘটেছে, সেটা নেহাতই দুর্ঘটনাবশত। এর জন্য আমি অনুতপ্তও। তবে দ্বিতীয় যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছে, সেটি আসলে বাড়িয়ে দেখানো হচ্ছে। মাঠে আমারই এক সতীর্থের সঙ্গে আমার বাদানুবাদের খবরটির মধ্যে কোনো সত্যতা নেই।’এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেই বাস্তবতাও যেন মেনে নিচ্ছেন পন্টিং, ‘এসব ব্যাপার নিয়ে অস্ট্রেলিয়ায় এত আলোচনা কেন হচ্ছে বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে, প্রতিদিন আমাকে ঘুম থেকে উঠে এসব প্রশ্নেরই মুখোমুখি হতে হবে—কেন আমি হতাশ হয়ে পড়েছিলাম, ওটা কেন হলো, দল কী করছিল, আমি কী করছিলাম।’ পন্টিং নিজের কাছে সৎ থেকেছেন, চেষ্টার কোনো ত্রুটি অন্তত করেননি, ‘আমি সেখানে বিশ্বকাপ উপভোগই করছিলাম, চেষ্টা করছিলাম, দলের ভেতর থেকে প্রতিদিন সেরাটা বের করে নিয়ে আসতে।’ ওয়েবসাইট।