‘প্রস্তুতির’ সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে চারজন স্পিনার! এর মধ্যে তিনজনকে আবার দেখা যেতে পারে আজকের একাদশেও। তবু এতে খুব বেশি বিস্ময়ের উপাদান হয়তো আপনি পাচ্ছেন না। লক্ষ্য যখন উপমহাদেশের বিশ্বকাপের প্রস্তুতি, স্পিনারদের তো প্রাধান্য দিতে হবেই। ঠিক একই কারণে প্রায় ১১ মাস পর আবার ভারতের রঙিন জার্সিতে দেখা যাবে শচীন টেন্ডুলকারকে। গত ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরির পর আর ওয়ানডে খেলেননি লিটল মাস্টার। কিন্তু ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না!প্রথম লক্ষ্য অবশ্যই সিরিজ জয়। কিন্তু আজ ডারবানে শুরু পাঁচ ম্যাচের সিরিজে ভারত-দক্ষিণ আফ্রিকা দুদলেরই মূল লক্ষ্য বিশ্বকাপ প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে উপমহাদেশে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হবে না নিশ্চিত, তবে সিরিজ জয়ের আত্মবিশ্বাস তো বিশ্বকাপে ঠিকই সঙ্গী হবে। তা ছাড়া বিশ্বকাপে একই গ্রুপে এই দুদল, একে অপরকে ভালোভাবে জেনে নেওয়ার একটা সুযোগ থাকছে।প্রস্তুতিটা আসল বলেই দেশের মাটিতে একগাদা স্পিনার নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইয়োহান বোথা তো পরীক্ষিতই, কখনো জায়গা পাকা না করতে পারলেও রবিন পিটারসেনও খেলছেন অনেক দিন ধরে। স্বাগতিকেরা এই সিরিজে বাজিয়ে দেখবে দুই লেগ স্পিনার ইমরান তাহির ও ফ্যাফ ডু প্লেসিসকে। সদ্য নাগরিকত্ব পাওয়া পাকিস্তানি বংশোদ্ভূত তাহির অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটের শীর্ষ স্পিনার, আজ তাঁর অভিষেক অনেকটাই নিশ্চিত। শুরুতে বিশ্বকাপের ৩০ সদস্যের দলে না থাকলেও নাগরিকত্ব পাওয়ার পর জোনাথন ফন ডায়ারকে সরিয়ে প্রাথমিক দলে রাখা হয়েছে তাহিরকে। এই সিরিজে ভালো করলে বিশ্বকাপ স্বপ্নটাও পূরণ হয়ে যাবে ৩১ বছর বয়সী লেগ স্পিনারের। ডু প্লেসিস অবশ্য ব্যাটিং অলরাউন্ডার। মারমুখী ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনটাও খারাপ করেন না। বিশ্বকাপ মাথায় রেখে তাঁকেও বাজিয়ে দেখতে চায় দক্ষিণ আফ্রিকা।অবশ্য শুধু কন্ডিশনই নয়, প্রস্তুতিটা পরিপূর্ণ হতে দিচ্ছে না চোটও। ভারত পাচ্ছে না দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরকে, দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। তবে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না পাওয়ায় খুব একটা অখুশি হয়তো হবে না কোনো দলই। শেবাগ-ক্যালিসদের সামর্থ্য নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এই সুযোগে বরং বিশ্বকাপ দল ঘোষণার আগে শেষবারের মতো পরখ করে নেওয়া যাবে তরুণদের। সবকিছুর আগে সিরিজটা যে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ! তথ্যসূত্র: ওয়েবসাইট।