‘প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো’
তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ দল শুধু টি-টোয়েন্টিই খেলছে। যে টুর্নামেন্টকে সামনে রেখে এত কিছু, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। দেশ ছাড়ার আগে শেষ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ রিচার্ড পাইবাস কথা বললেন বিশ্বকাপে নিজেদের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভাবনা—রিচার্ড পাইবাস: সর্বশেষ ৮ ম্যাচের ৬টিতেই আমরা জিতেছি। ৯ দিনে ৬টি ম্যাচ খেলতে হয়েছে আমাদের, আমার মনে হয় না আর কোনো আন্তর্জাতিক দল এটা করতে পেরেছে। প্রস্তুতি ভালোই হয়েছে। বিশ্বকাপে আমাদের প্রাথমিক লক্ষ্য হলো গ্রুপ পর্ব পেরোনো। গ্রুপের দুই প্রতিপক্ষের কোনো একটিকে টার্গেট করছেন কি না—পাইবাস: আমরা দুটি ম্যাচই জিততে চাই। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে হবে দুই দিনই। পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলই দারুণ, দুই দলকেই শ্রদ্ধা করতে হবে। এত দিনের প্রস্তুতি, কিন্তু এক ম্যাচ হারলেই বাদ পড়তে হতে পারে—পাইবাস: ফরম্যাটটা আসলেই খুব কঠিন। প্রথম ম্যাচটা (নিউজিল্যান্ডের বিপক্ষে) আমাদের জিততেই হবে। সবকিছু ঠিকঠাক করতে হবে। আপনারা দেখেছেন, গত কিছুদিনে আমরা কত পরিশ্রম করেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছি। তবে বিশ্বকাপটাই সবকিছুর শেষ নয়। আরও সামনে তাকিয়ে আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। বাস্তবতাটা বুঝতে হবে, আমরা ফেবারিট হিসেবে বিশ্বকাপে যাচ্ছি না। মাস খানেক আগে পর্যন্ত আমাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংও ছিল না! আমরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি (জিম্বাবুয়েতে), আয়ারল্যান্ডকে ৩-০-তে হারিয়েছি। হল্যান্ডে আমরা খুব একটা ভালো করিনি, এর কারণও আছে। তবে আমি অজুহাত দেখাতে চাই না। সত্যি বলতে, আমাদের সুদূরপ্রসারী লক্ষ্য ক্রিকেট-বিশ্বে একটি দাপুটে দল হিসেবে গড়ে ওঠা। এটা তো রাতারাতি হবে না! আন্তর্জাতিক ক্রিকেটে রাতারাতি বলে কিছু নেই। আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে, আমাদের চাওয়া সবগুলো ম্যাচই জেতা। সাম্প্রতিক বাজে ফর্ম ও স্পিনে তাদের দুর্বলতার কারণে নিউজিল্যান্ডই মূল টার্গেট কি না—পাইবাস: আমাদের অন্যতম শক্তি স্পিন বোলিং। সেটাকে কাজে লাগানোর চেষ্টা তো থাকবেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বা সহজ জয় বলে কিছু নেই। আর বাংলাদেশ আগে বিশ্বসেরাদেরও হারিয়েছে। শ্রীলঙ্কায় আমাদের চেষ্টা থাকবে পরিকল্পনাগুলোর পুরোপুরি বাস্তবায়ন। দায়িত্ব নেওয়ার সময়ের সঙ্গে বর্তমান দলের উন্নতি বা পার্থক্য—পাইবাস: এশিয়া কাপের পর ছেলেদের আত্মবিশ্বাস এমনিতেই অনেক বেশি ছিল। তবে আমি যখন দায়িত্ব নিলাম, এই দলটা তখন একসঙ্গে খুব বেশি টি-টোয়েন্টি খেলেনি। এ জন্যই গুরুত্বপূর্ণ ছিল পরিকল্পনামতো দলকে এগিয়ে নেওয়া এবং সবাইকে তাদের দায়িত্বটা ভালোভাবে বোঝানো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন মাঠে নামলাম, আলবি মরকেল একাই আমাদের পুরো দলের চেয়ে বেশি ম্যাচ খেলেছিল। এটাকে মাথায় রেখেই আমরা এগিয়ে গেছি। খুব ভালো ক্রিকেট খেলেছি এবং চেষ্টা করব সেই ‘মোমেন্টাম’ ধরে রাখতে। ১৯৯৯ বিশ্বকাপের পর কোনো ধরনের ক্রিকেটেই পাকিস্তানকে হারাতে না পারা—পাইবাস: আগেরটা নিয়ে আমরা ভাবছি না। এবার আমাদের লক্ষ্য নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলা, মনোযোগ ধরে রাখা ও পরিকল্পনার বাস্তবায়ন। আমাদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি, পাকিস্তান বা যেকোনো দল।