'প্রায়শ্চিত্ত' শুরু আসিফের

প্রথমে রুদ্ধদ্বারকক্ষে বোর্ড কর্তাদের কাছে স্বীকারোক্তি। এরপর প্রকাশ্যে ক্ষমা চাওয়া। ফিক্সিং ‘পাপী’ মোহাম্মদ আসিফ এবার আরেক ধাপ এগিয়ে গেলেন পুনর্বাসনের পথে। পিসিবির সতর্কতা ও দুর্নীতি দমন বিভাগের সঙ্গে দেখা করে স্পট ফিক্সিং অধ্যায়ের বিস্তারিত তথ্য জানিয়েছেন পাকিস্তানি পেসার। আইসিসির নিয়ম অনুযায়ী আসিফকে আরও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
স্বীকারোক্তির পর এটাই ছিল বোর্ডের সঙ্গে প্রথম সাক্ষাৎ। লাহোরে কাল আড়াই ঘণ্টা বৈঠকে পিসিবির দুর্নীতি দমন কর্তাদের আসিফ শুনিয়েছেন কলঙ্কিত অধ্যায়ের খুঁটিনাটি। কলঙ্কিত ত্রয়ীর সবচেয়ে বিতর্কিত জন এবার শুরু করবেন পুনর্বাসনের জন্য বাকি প্রক্রিয়াটুকুও, ‘প্রথম সেশন মাত্র হলো, আরও অনেক কিছু করব। এটা কেবল শুরু। পুনর্বাসনের জন্য আইসিসির নির্দেশনাই অনুসরণ করছি আমি। আরও কাজ করব পিসিবির সঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছি, আজ লিখিত দিয়ে আনুষ্ঠানিকভাবেও ক্ষমা চেয়েছি। প্রয়োজনীয় বাকি সব তথ্যই আইসিসিকে দেব।’
আসিফের দেওয়া তথ্য অবশ্য এখনই সত্য বলে ধরে নিচ্ছে না পিসিবি। তদন্ত করে দেখবে সব তথ্য সত্য কি না। এরপর পুনর্বাসন-প্রক্রিয়ার পরিকল্পনা করা হবে। পিসিবির এক মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, ‘আসিফের প্রকাশ্যে স্বেচ্ছা স্বীকারোক্তির পর এটা ছিল প্রাথমিক একটা বৈঠক। পুনর্বাসন-প্রক্রিয়ার আগে আনুষ্ঠানিকতা পূরণের জন্যই সে এসেছিল এখানে।’
আসিফ ও তাঁর সাবেক অধিনায়ক সালমান বাটের পুনর্বাসন হয়তো একসঙ্গেই চলবে। সাজা পাওয়া আরেকজন, মোহাম্মদ আমিরের পুনর্বাসন-প্রক্রিয়া এর মধ্যেই শেষ হয়েছে। আসিফ-বাট দুজনেরই চাওয়া আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। তবে নিষেধাজ্ঞার মেয়াদ যখন শেষ হবে, সেই ২০১৫ সালের সেপ্টেম্বরে আসিফের বয়স প্রায় ৩৩ হবে, বাটের ৩১ ছুঁই-ছুঁই। দুজনের জন্যই কাজটা হবে ভীষণ কঠিন। আমিরেরই বাস্তব সম্ভাবনা আছে বলেই তাঁকে অনুশীলন করতে দেওয়ার অনুমতি চেয়ে আইসিসির কাছে আবেদন করেছে পিসিবি। ওয়েবসাইট।