'প্রিমিয়ার লিগের আবহটাই অন্য রকম'

ম্যানচেস্টার ইউনাইটেডের স্বর্ণযুগে নির্ভরতার প্রতীক হয়ে ছিলেন রক্ষণে, ছিলেন ১৯৯৯ সালে ট্রেবলজয়ী দলের সদস্যও।
ডেনিস আরউইন ঢাকায় এসেছিলেন এয়ারটেলের রাইজিং স্টারস ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে। গত পরশু স্থানীয় একটি হোটেলে নিজের ক্যারিয়ার ও ফুটবল-ভাবনা নিয়ে সাক্ষাৎকার দিলেন তিনি।
এয়ারটেল রাইজিং স্টারসের এ উদ্যোগটা এই কিশোরদের কতটা কাজে লাগবে?
ডেনিস আরউইন: ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যাওয়া, ট্রেনিং করা, ওল্ড ট্রাফোর্ডে যাওয়া—এ সুযোগগুলো তো অবিশ্বাস্য। গত বছর যারা গিয়েছিল, ওদের নিশ্চয়ই অসাধারণ সময় কেটেছে। এবারও যারা যাবে, সারা জীবনের সঞ্চয় নিয়ে আসবে। ক্যারিংটনে (ইউনাইটেডের অনুশীলন মাঠ) এক সপ্তাহের মতো অনুশীলন, ইউনাইটেড সকার স্কুলের কোচদের কাছ থেকে ট্রেনিং—স্বপ্ন সত্যি হওয়ার মতো সব ব্যাপার। নিজের কথাই বলি, আয়ারল্যান্ডে বেড়ে ওঠার দিনগুলোতে আমার সৌভাগ্য হয়েছিল ফ্রাঙ্ক স্টেপলটনের সংস্পর্শে আসার, যিনি পরে ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। সেই রোমাঞ্চটা আমাকে এখনো ছুঁয়ে যায়। আমি তো পাশের দেশ আয়ারল্যান্ডের, আর এরা যাবে বাংলাদেশ থেকে। ভাবুন, ওদের কেমন লাগবে!
আপনার নিজের প্রসঙ্গে আসি, খেলা ছাড়ার পর কোচিং বা অন্য কিছুতে না জড়িয়ে টিভি উপস্থাপনাকে বেছে নিলেন কেন?
আরউইন: ফুটবল ছাড়ার আগেই আমি আয়ারল্যান্ডের কয়েকটি পত্রিকার হয়ে লেখালেখি করতাম। অবসরের পর কয়েকটি কোচিং কোর্স করেছিলাম। পরে দুটোর মধ্যে মিডিয়াকেই বেছে নিলাম। ইউনাইটেডের খেলার দিন আমি এমইউ টিভিতে ধারাভাষ্য দিই। এতে ফুটবল ছাড়লেও ফুটবলের সঙ্গেই থাকতে পারছি।
ইউনাইটেডের হয়ে আপনার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা জানতে চাই...
আরউইন: খেলা শুরু করেছিলাম আয়ারল্যান্ডে। আশির দশকে ইংল্যান্ডে লিডসের হয়ে খেলা শুরু করি। এরপর ওল্ডহামে...
পরে তো এই ওল্ডহামের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ইউনাইটেডের হয়ে!
আরউইন: (হাসি) ট্রান্সফারের পরপরই পুরোনো দলের বিপক্ষে গোল করাটা আসলেই সুখকর ছিল না! ১৯৯০ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার পরেই আসলে ক্যারিয়ার নতুন গতি পায়। দুর্দান্ত ১২টি বছর কাটিয়েছি ওখানে। ক্যান্টোনা, কিন, গিগসদের সঙ্গে খেলতে পারাটাই ছিল বিশাল সম্মানের। বেকহাম, কোল, নিস্টলরয়—নাম বলতে গেলে শেষ হবে না। গিগসির সঙ্গে এত দারুণ সব সময় কাটিয়েছি, ভাবা যায়, ও এখনো খেলে যাচ্ছে! পল স্কোলসও মাত্রই গত মৌসুমে অবসর নিল! ক্যারিয়ারের শেষ দুই বছর খেলেছি উলভারহ্যাম্পটনে, ছেলেবেলায় যে দলের সমর্থক ছিলাম। পেশাদার ফুটবলের ২২ বছর ষোলো আনাই উপভোগ করেছি।
সতীর্থ অনেকের নামই বললেন, আপনার দৃষ্টিতে সেরা কে?
আরউইন: একজনকে বেছে নেওয়া কঠিন। গিগস ২২ বছর ধরে খেলছে, অবিশ্বাস্য কীর্তি। স্কোলস আমার দেখা সেরা ফুটবলারদের একজন। এরিক (ক্যান্টোনা) ছিল সবার থেকে আলাদা। তবে যে দুজনের কথা বিশেষভাবে বলতে হবে, তাঁরা সম্ভবত ব্রায়ান রবসন ও রয় কিন। খেলার ধরনে মিল ছিল, দুজনেই ছিল অসাধারণ অধিনায়ক। কিনের সঙ্গে নয় বছর জাতীয় দলেও খেলেছি। কাছ থেকে দেখেছি বলেই জানি, ও ছিল আর যে কারও মতোই ভালো।
ইউনাইটেডের হয়ে শেষ ম্যাচে অ্যালেক্স ফার্গুসন আপনাকে অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছিলেন। ওই অনুভূতি কেমন ছিল?
আরউইন: কিনি (রয় কিন) থাকায় নেতৃত্বের সুযোগ খুব বেশি পাইনি। তবে ওসব নিয়ে আমি ভাবিওনি, ইউনাইটেডে খেলতে পেরেই খুশি ছিলাম। শেষ ম্যাচে নেতৃত্ব পাওয়াটা ছিল দারুণ সম্মানের।
ফার্গি বলেছিলেন, অর্থমূল্যের বিবেচনায় তাঁর সই করানো সেরা খেলোয়াড় আপনি, আপনাকে বলতেন, ‘লিটল ডায়মন্ড’। কেমন লাগত?
আরউইন: ভালো লাগত অবশ্যই। বেশ কিছু দুর্দান্ত সাইনিং ছিল তাঁর। এরিক ছিল অসাধারণ একটি সাইনিং, ও-ই পুরো ক্লাবের খোলনলচে বদলে দিয়েছিল। আমি আসার পর ১৯৯১ সালে কাপ উইনার্স কাপ ও পরের বছর লিগ কাপ জিতেছিলাম। এরিক আসার মাস ছয়েক পর আমরা লিগ জিতলাম, এরপর শুধু ক্লাবের এগিয়ে যাওয়া। যার অনেকটা কৃতিত্ব এরিকের প্রাপ্য।
ডিফেন্ডার হিসেবে কাকে সামলাতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে?
আরউইন: আশির দশকের শেষ দিকে লিভারপুলের জন বার্নস ছিল দুর্দান্ত। তবে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে আমি দুজনের নাম বলব। রোমানিয়ার গিওর্গি হ্যাজি একজন। আর যাঁদের বিপক্ষে খেলেছি, তাঁদের মধ্যে সেরা রিস্টো স্টইচকভ। অবিশ্বাস্য প্রতিভা, অসাধারণ ফুটবলার ছিল ও। মেসির মতো দুজনই খেলত বাঁ পায়ে, দুজনই ছিল দারুণ বুদ্ধিমান ও ক্ষিপ্র। মার্ক করতে গেলেই বোঝা যেত ওরা কতটা ভালো।
ক্যারিয়ারে মনে রাখার মতো মুহূর্ত অনেক, একটা যদি বেছে নিতে বলি...
আরউইন: ১৯৯৯ সালের সেই ট্রেবল জয়ের কথা বলতেই হবে। এর আগে-পরে কোনো ইংলিশ ক্লাবই এটা করতে পারেনি। ১৯৯১ সালে রটারডামে কাপ উইনার্স কাপ জয়ের কথাটা বলব। বার্সেলোনার দলটা দারুণ ছিল, আমরা ছিলাম আন্ডারডগ।
ফার্গুসনের উত্তরসূরি হিসেবে ডেভিড ময়েস কেমন করবে বলে মনে হয়?
আরউইন: স্যার অ্যালেক্স ২৬ বছরে ২৩-২৪টির মতো ট্রফি জিতেছেন, পুনরাবৃত্তি করা অনেক কঠিন। অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি চাপ। ময়েস সেটা জানেন। এবার চেলসিতে মরিনহো এসেছেন, ম্যানচেস্টার সিটিতে পেলেগ্রিনি। সুয়ারেজকে ধরে রাখতে পারলে লিভারপুলও খুব খারাপ করবে না। টটেনহামও লড়াইয়ে থাকবে, আর্সেনাল চেষ্টা করবে ঘুরে দাঁড়াতে। এবার লড়াইটা হবে অনেক বেশি জমজমাট, উন্মুক্ত। ময়েসের নিজস্ব একটা ধরন, চিন্তাভাবনা, দর্শন আছে। তাঁরও সাফল্যের ক্ষুধা আছে, ট্রফির আকাঙ্ক্ষা তীব্র।
আপনি কি মনে করেন ইংলিশ প্রিমিয়ার লিগই সেরা?
আরউইন: ট্যাকটিক্যালি লা লিগাই সবচেয়ে এগিয়ে। বুন্দেসলিগায় লড়াইটা হয় সম্ভবত সবচেয়ে জমজমাট। তবে প্রিমিয়ার লিগ অনেক বেশি শারীরিক, অনেক বেশি কঠিন। সেই সঙ্গে দর্শক, উপস্থাপনা সব মিলিয়ে প্রিমিয়ার লিগের আবহটাই অন্য রকম।
ডাগ-আউটের ফার্গুসন কেমন ছিলেন সবারই জানা। মাঠের বাইরে ও ড্রেসিংরুমে কেমন ছিলেন?
আরউইন: ড্রেসিংরুমে বেশির ভাগ সময়ই থাকতেন শান্ত, নির্লিপ্ত। বিরতির সময় কথা বলেই তিনি অনেক কিছু বদলে দিতে পারতেন। খুব বেশি ম্যানেজার এটা করতে পারেন না, দ্রুত পরিস্থিতি বদলে দিতে পারার সামর্থ্যের কারণেই তিনি ছিলেন স্পেশাল। আর বিশ্বের শীর্ষ একটি ক্লাবে ২৬ বছর কোচিং করাতে হলে স্পেশালই হতে হয়।
সাক্ষাৎকার নিয়েছেন মোসতাকিম হোসেন