‘প্রিয় শত্রু’ বধের সংকল্প দুই দলেই
স্টাডিও জিউসেপ্পে মেজ্জা ছিল হূদয়ের খুব কাছাকাছি। এই মাঠটিকে ঘিরে কত স্মৃতি কার্লো আনচেলত্তির। খেলোয়াড়ি জীবনের অনেকটা সময় কেটেছে এখানে। এসি মিলানের কোচ হিসেবেও আটটি বছর হূদয়ের বন্ধন ছিল এই মাঠের সঙ্গে। ইন্টারের মতো এসি মিলানের হোমগ্রাউন্ডও যে এটাই। একই রকমভাবে চেলসি দলটিও ইন্টার মিলান কোচ হোসে মরিনহোর কাছে খুব পরিচিত। ইংল্যান্ডের এই দলটির সঙ্গে তাঁরও আছে হূদয়ের বন্ধন। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসির কোচ ছিলেন এই পর্তুগিজ। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে স্টাডিও জিউসেপ্পে মেজ্জায় এই দুই দল আজ মুখোমুখি। ‘প্রিয় শত্রু’ বলতে যা বোঝায় মরিনহো আর চেলসি খেলোয়াড়দের কাছে আজকের প্রতিপক্ষ তো তা-ই। হোক প্রিয়, শত্রু তো শত্রুই। প্রতিপক্ষ প্রতিপক্ষই। তাই ইন্টার-চেলসি দু শিবিরেই প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার প্রত্যয়। ইউরোপের ফুটবল আকাশে এ ম্যাচ নিয়ে উত্তেজনার রেণু ভাসতে শুরু করেছে অনেক আগে থেকেই। কে জিততে পারে? এই প্রশ্নে অনুমান আর পাল্টা অনুমানও হয়েছে অনেক। স্থির সিদ্ধান্তে কেউই আসতে পারেনি। সেটা আসবেই বা কী করে? ইন্টার আর চেলসির খেলোয়াড় তালিকার দিকে তাকালে কোনো একটিকে এগিয়ে রাখা মুশকিল বটে। একদিকে পিওতর চেক, অন্যদিকে হুলিও সিজার। গোলবারের নিচে দুই অতন্দ্র প্রহরীর দুজনেই দুর্দান্ত ফর্মে। একদিকের রক্ষণে জন টেরি, রিকার্ডো কারভালহো, ব্রানিসলভ ইভানোভিচ। আরেক দিকে লুসিও, মেইকন, ওয়াল্টার স্যামুয়েলরা। মাঝমাঠেও ওই রকম হিসেব। জন ওবি মিকেল, মাইকেল বালাক আর ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে নিয়ে চেলসির মাঝমাঠ বিশ্বের অন্যতম সেরা। ইন্টারেও সে রকমই। খেলা তৈরির কাজে আছেন সুলে মুনতারি, এস্তেবান ক্যাম্বিয়াসোদের মতো খেলোয়াড়। আর গোল করার দায়িত্বে? চেলসিতে দিদিয়ের দ্রগবা ও নিকোলাস আনেলকা। আর ইন্টারে স্যামুয়েল ইতো ও ডিয়েগো মিলিতো। ঠিক যেন কেহ কারে নাহি জিনে সমানে সমান!তবে ইন্টার মিলান কোচ মরিনহোর বিশ্বাস, তাঁর দল কিছুটা হলেও এগিয়ে। ব্যাখ্যাটাও সরল। চেলসির এই দলটি বেড়ে উঠেছে তাঁর হাতেই। টেরি-দ্রগবাদের শক্তি আর দুর্বলতা সবই জানা মরিনহোর। আর খেলাটাও হচ্ছে নিজেদের মাঠে। এ দুটি বিষয়ই ইন্টারকে এগিয়ে রাখবে বলে মনে করছেন মরিনহো। প্রায় একই কথা বলেছেন চেলসি কোচ আনচেলত্তিও। ইন্টার মিলান ও সানসিরোর স্টাডিও জিউসেপ্পে মেজ্জা, সবকিছুই তাঁর চেনা এবং এ কারণেই ভয়টাও কম বলে জানিয়েছেন তিনি, ‘সে চেলসিকে যেমন খুব ভালো করে চেনে, তেমনি ইন্টার মিলানও আমার চেনা-জানাই। এতে বিস্ময়ের কিছু নেই।’অমন চেনা-জানা নেই সিএসকেএ মস্কো আর সেভিয়াতে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের শেষ ম্যাচ দিবসে এ দুটি দলও মুখোমুখি হচ্ছে মস্কোতে। চেনা-জানা না থাকলে কি, দু দলেই আছে জয়ের আত্মবিশ্বাস। সিএসকেএ মস্কো কোচ লিওনিড স্লাসকির কণ্ঠে নিজেদের মাঠে খেলার সুযোগটা কাজে লাগানোর প্রত্যয়, ‘আমরা আমাদের মাঠে কোনো গোল খেতে চাই না। সবকিছু আসলে নির্ধারণ হবে ফিরতি লেগে।’ফিরতি লেগের দিকে তাকিয়ে আছে সেভিয়া সভাপতি হোসে মারিয়া ডেল নিডোও। পর্যাপ্ত আত্মবিশ্বাস থাকলেও মস্কোর ঠান্ডাকে ভয় পাচ্ছে সেভিয়া। ডেল নিডোর কণ্ঠেও সেই শঙ্কা, ‘আমাদের মনে রাখতে হবে ওখানে খুব ঠান্ডা। আর এতে আমাদের খেলোয়াড়েরা অভ্যস্ত নয়। যত দ্রুত সম্ভব মস্কোর ঠান্ডার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।