‘প্রয়োজনে ক্ষমা চাইতে রাজি গেইল’
অবশেষে সম্ভবত ক্রিস গেইলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটতে চলেছে। উইন্ডিজ ক্রিকেট বোর্ড আবারও এই অলরাউন্ডারের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে। আবার গেইলও প্রয়োজনে ক্ষমা চাইতে পারেন বলে জানিয়েছেন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওয়াভেল হিন্ডস।বিশ্বকাপের পরপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন ক্রিস গেইল। ইনজুরি সমস্যায় ভোগার সময় তাঁর সঙ্গে ভালো আচরণ করা হয়নি বলে অভিযোগ করেছিলেন এই বিধ্বংসী ওপেনার। এর পর থেকেই উইন্ডিজ ক্রিকেট অঙ্গনে পা রাখতে পারছেন না তিনি। গত ১৪ জুন দুই পক্ষের মধ্যে আরও এক দফা আলাপ-আলোচনা হলেও কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। তবে এবার এই দ্বন্দ্বের অবসান ঘটতে পারে বলে আশা করছেন ওয়াভেল হিন্ডস। তিনি বলেছেন, ‘গেইল, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর উত্তর দিতে রাজি হয়েছে। আর যদি প্রয়োজন পড়ে, তাহলে আমার মনে হয় সে ক্ষমাও চাইতে পারে।’ এসপিএন।