'প্লাস্টিক মেসি'কে মেসির উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাধারণ একটা ছবি, ফ্রেমটির চার কোণ বেয়ে যেন উপচে পড়ছে আবেগ। এক মাস আগে টুইটারে ছড়িয়ে পড়া পলিথিনের জার্সি গায়ে মুর্তাজা আহমাদির ছবি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনে সাড়া ফেলে দিয়েছিল। আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা একটি শিশু, আসল জার্সি কেনার সামর্থ্য নেই বলে যে কিনা পলিথিনের ব্যাগ দিয়ে তৈরি করে নিয়েছিল লিওনেল মেসির জার্সি। ফুটবল নয়, যে খেলছিল ভলিবল নিয়ে।
পলিথিনের জার্সি গায়ে মুর্তাজাকে আর খেলতে হবে না ভলিবল নিয়ে। ইউনিসেফ আফগানিস্তানের মাধ্যমে নিজের সবচেয়ে পছন্দের ফুটবলার মেসির কাছ থেকে গতকাল দুটি জার্সি ও ফুটবল উপহার পেয়েছে শিশুটি। দুটি জার্সি কোন দলের বুঝতেই পারছেন, একটি আর্জেন্টিনার, অন্যটি বার্সেলোনার। আকাশি-নীল জার্সিটিতে রয়েছে আবার ভালোবাসামাখা ছোট্ট বার্তা। লিওনেল মেসির সঙ্গে দেখা হওয়ারও কথা ছিল। সম্ভবত ভিসা-জটিলতায় পড়ে মুর্তাজার সেই স্বপ্নটা পূরণ হয়নি। তবে আর্জেন্টাইন অধিনায়কের ভালোবাসা ঠিকই পৌঁছে গেছে ‘প্লাস্টিক মেসি’র কাছে। আল-জাজিরা।