একটা সিরিজ। স্রেফ একটা সিরিজই যেন পাল্টে দিয়েছে সবকিছু। দেড় বছরের ধারাবাহিক সাফল্যে পাকিস্তান চমকে দিয়েছিল সবাইকে। জয়-পরাজয়ের হারে গত বছর ছিল পাকিস্তানের ইতিহাস-সেরা বছর। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর ‘গেল গেল’ রব! অনেকেরই ধারণা, মাঝের ওই সময়টাই ছিল ব্যতিক্রম। পাকিস্তান ক্রিকেটের ‘ধারাবাহিক’ অধারাবাহিকতা ফিরে আসছে আবার!মিসবাহ-উল-হককে নিশ্চয়ই প্রশ্নটি খুব কষ্ট দেয়। তাঁর নেতৃত্বের ধরনের হাজারো সমালোচনা করা যায়। কিন্তু ঝঞ্ঝাবিক্ষুব্ধ একটা দলকে এক সুতোয় গেঁথে গত দেড় বছরের যে সাফল্য, এর সবচেয়ে বড় কৃতিত্ব তো তাঁরই! একটা সিরিজের ব্যর্থতায় এত প্রশ্ন উঠলে খারাপ লাগারই কথা। তবে পেশাদার ক্রিকেটারের জীবন। মিসবাহ তাই আগের সিরিজগুলোর সাফল্যের অনুপ্রেরণায় তাকাতে চান সামনে, ‘ইংল্যান্ড সিরিজ তো অবশ্যই মাথায় থাকবে। তবে এক-দেড় বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আমরা ওই ইতিবাচক দিকগুলোতে তাকাব। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি, বাংলাদেশের বিপক্ষে...ওই সিরিজগুলোর দিকে তাকাব।’ইংল্যান্ড সিরিজ ভুলে ভবিষ্যতের দিকে দৃষ্টি কোচ ডেভ হোয়াটমোরেরও, ‘পাকিস্তান ও মিসবাহ নিশ্চয়ই ইংল্যান্ড সিরিজটা জিততে পারলে খুশি হতো। কিন্তু সিরিজ কিংবা ম্যাচে জয়-পরাজয় আছেই। আমাদের কাছে গুরুত্বপূর্ণ শুধু ভবিষ্যৎ। আমাদের সামনে সুযোগ এখানে ভালো করে ওই সিরিজকে পেছনে ফেলার। সব ম্যাচে জেতা কঠিন।’এশিয়া কাপের তিন বিদেশি দলের মধ্যে কাল সকালে পাকিস্তানই প্রথম পা রাখল ঢাকায়। একদিক থেকে চিন্তা করলে এই টুর্নামেন্ট আরও শঙ্কিত করার কথা মিসবাহদের। এশিয়া কাপে পাকিস্তানের রেকর্ড যে বিস্ময়কর রকমের বাজে! নয়বার এই টুর্নামেন্টে খেলে শিরোপা জিততে পেরেছে মাত্র একবার! তবে অনুপ্রেরণা হতে পারে এই তথ্যটা—একমাত্র ওই শিরোপাটি ঢাকাতেই, ২০০০ সালে। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের রেকর্ড বরাবারই ভালো। সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজের দুঃস্বপ্ন পেছনে ফেলা কিংবা হোয়াটমোর যুগের শুভ সূচনা—দুটোর জন্যই সম্ভাব্য সবচেয়ে উপযুক্ত জায়গাতেই কিন্তু চলে এসেছে পাকিস্তান!বাংলাদেশের মাটিতে সৌভাগ্যের কথা উঠে এল মিসবাহর কণ্ঠেও, ‘আমরা সব সময়ই এখানে ভালো করে আসছি। ভারতের বিপক্ষে আমরা এখানে কিটপ্লাই কাপ জিতেছি, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছি, এশিয়া কাপ জিতেছি...এই ভেন্যু, এই দেশ আমাদের জন্য দারুণ পয়া, এই ইতিবাচক দিকগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তবে এটাও সত্যি, ভালো খেলেই জিততে হবে।’ক্রিকেট বিশ্বে এশিয়া কাপের গুরুত্ব আরেকটা কারণেও অন্য রকম। বিশ্বকাপে দু-দলের দেখা হওয়া ভাগ্যের ব্যাপার, ইদানীং ভারত-পাকিস্তানের ম্যাচের নিশ্চয়তা আছে শুধু এশিয়া কাপেই। টুর্নামেন্টের সব ম্যাচের ভিড়ে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি তাই ১৮ মার্চের দিকে। তবে বাড়তি চাপ না নিতেই বুঝি, ওই ম্যাচকে আলাদা করে ভাবতে চান না মিসবাহ, ‘একজন ক্রিকেটারের বা দলের জন্য সব খেলাই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ যে-ই হোক, আমাদের জিততে হবে। প্রতি ম্যাচে জয়ই আমাদের লক্ষ্য। ভারত-পাকিস্তান ম্যাচটা সমর্থকদের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সমর্থকেরা এই ম্যাচে জয় চায়, যেটা বাড়তি একটা চাপ সৃষ্টি করেই। কিন্তু আমরা স্রেফ ভালো খেলতে চাই। নিজেদের ঘাটতিগুলো কাটিয়ে উঠতে চাই।’ঘাটতিগুলো কাটিয়ে ওঠা খুব জরুরি। পাকিস্তানি ক্রিকেট নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছিল মিসবাহর দলের পারফরম্যান্সে। কিন্তু এই টুর্নামেন্টে ব্যর্থ হলে আবারও রব উঠবে, এ তো সেই পুরোনো পাকিস্তান!