'ফকনার আর আমাদের পছন্দ করবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজকে পছন্দ করেন না বলে ম্যাচের আগেই গেইল-স্যামিদের তাতিয়ে দিয়েছিলেন জেমস ফকনার। মাঠে সেটা জবাব দিয়ে ম্যাচ শেষে তাই গ্যাংনাম নাচলেন গেইল-স্যামিরাও। রেশটা থাকল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সংবাদ সম্মেলনেও—
ম্যাচের আগে ফকনারের মন্তব্য নিয়ে
আমি আগেই বলেছিলাম, এসব কথাবার্তা মূল্যহীন। আপনি চাইলে অনেক কথাই বলতে পারেন, মাঠে গিয়ে খেলে সেটা প্রমাণ করতে হবে তো! ওয়েস্ট ইন্ডিজ কথা নয়, কাজটা করে দেখিয়েছে। জয়টা অবশ্যই দারুণ। আমরা এর জন্য লড়াই করেছি। ফকনার আর কখনোই আমাদের পছন্দ করবে না।
শেষ ওভারে ফকনারকে বোলিংয়ে পেয়ে
কে বোলিং করছিল আমার কাছে সেটা ব্যাপার নয়, আমাদের দরকার ছিল ১২ রান। তবে যে এত কথা বলছিল তাঁকে শেষ ওভারে বোলিংয়ে পাওয়াও দারুণ ছিল। ও কয়েকটা ভালো ইয়র্কার করেছে, কিন্তু আমি সেগুলো সামাল দিয়েছি। ওই অনুভূতিটা আসলেই দারুণ। দুই দলের জন্যই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তবে আমরা ওদের চেয়ে ভালোভাবে চাপ সামলেছি।
শেষ ওভারে প্রথম দুটি ডট বল হওয়ার পর
আমি উইকেটে থাকতে চেয়েছি। আমাদের শুধু দুটি ছক্কার দরকার ছিল। আর আমরা তো চার-ছক্কা মারারই দল। শেষ পর্যন্ত দুটি ছক্কাই মেরেছি।
জয়ের পর গ্যাংনাম নাচ
আসলে ম্যাচটা শেষ হওয়ার পরেই স্টেডিয়ামের ডিজে গ্যাংনাম স্টাইল বাজিয়ে দিল। আর গেইল তো আমাদের ড্যান্স গ্রুপের নেতা। জয়টা আমাদের জন্য দারুণ আনন্দের, কারণ আমরা আবেগ আর বিচক্ষণতা মিলিয়ে ক্রিকেট খেলি। উদ্যাপনটা আসলে আগে থেকে ঠিক করা ছিল না, এটা হয়ে গেছে বলতে পারেন। আর অস্ট্রেলিয়ান হারানো তো সব সময়ই আনন্দের।
গেইল ছন্দে ফেরার অধিনায়ক হিসেবে নির্ভার কি না
আমি তো আগেই বলেছি যে ও খুব ভালো ব্যাট করছে। এর আগের দুটো ইনিংস যেভাবে খেলেছে আমরা হয়তো গেইলকে সেভাবে দেখে অভ্যস্ত নই। কিন্তু সত্যি কথাটা হচ্ছে, দলের জন্যই সে একটু সময় নিয়ে ব্যাট করেছে। একবার যদি সে ছন্দ পেয়ে যায় তাহলে যেকোনো কিছুই সম্ভব। ম্যাচটা জেতার জন্য যে রকম শুরু দরকার ছিল, আজ সে আমাদের সেটা এনে দিয়েছে। শেষ চার-পাঁচ ওভারে ৪০-৫০ রান করা সম্ভব এবং আমরা আজ সেটাই করেছি।
হেলিকপ্টার শট নিয়ে
আসলে আমি ভেবেছিলাম বলটা ওয়াইড হবে, সে কারণে অফস্টাম্পের দিকে সরে গিয়েছিলাম। কিন্তু দেখলাম যদি আমি বলটা মিস করি, তাহলে বোল্ড হয়ে যাব। তবে কখনো কখনো এমন দিন আসে যে আপনি যা করেন সবই ঠিক হবে। ওই শটটাও সেভাবেই হয়েছে। তবে এটা আসলে ধোনির শট।
ম্যাচের আগে ফকনারের মন্তব্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে কি না
আমরা ওদের বিপক্ষে কীভাবে খেলব সেটা নিয়ে আলোচনা করেছি। বেশির ভাগ সময়েই চাপের মধ্যে আমরা ভালো খেলি। আজ শুরু থেকেই গেইল স্টার্কের ওপর চড়াও হয়ে উল্টো তাদের চাপে ফেলে দিয়েছে। হ্যাঁ, ওরা কে কী বলছে সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে সেটা আমরা অনুপ্রেরণা হিসেবে নিয়েছি।
এই জয়টাই ফাইনালের আনন্দ নিয়ে এসেছে কি না
আমরা টুর্নামেন্ট জিতে যাইনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কারণেই উদ্যাপনে বাড়াবাড়ি ছিল। তবে এখন আমাদের মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে।