'ফটোশপ' শুনে খেপে গেলেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনার এই মেদহীন ছবি নিয়েই যত আলোচনা
ম্যারাডোনার এই মেদহীন ছবি নিয়েই যত আলোচনা

রূপবদলটা সত্যিই বিস্ময়কর। একসময় কী ভীষণ মুটিয়ে গিয়েছিলেন। সেই ডিয়েগো ম্যারাডোনা ওজন কমাতে কমাতে দেহটাকে ‘বডিবিল্ডার’দের আকৃতি দিয়ে ফেলেছেন! গত মাসে মেয়ে দালমা পেটানো শরীরের ম্যারাডোনার ছবি দিয়েছিলেন টুইটারে। মেদ ঝরিয়ে ফেলায় ম্যারাডোনাকে অভিনন্দনও জানিয়েছেন অনেকেই। কিন্তু দুর্মুখোর তো আর অভাব নেই। এঁদের কেউ কেউ বলে বসলেন, ছবিটা সত্যি নয়। ফটোশপের কারসাজি!

এই না শুনে স্বভাবসুলভ ভঙ্গিতে খেপে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ফটোশপের কারসাজির পাল্টা জবাব হিসেবে ম্যারাডোনা এবার আর ছবি নয়, আস্ত একটা ভিডিও ছেড়েছেন তাঁর অফিসিয়াল সাইটে। সেখানেই নাতিদীর্ঘ পাল্টা জবাব দেওয়ার পর পরনের আর্জেন্টিনার জার্সিটা ওপরে তুলে আবার দেখিয়ে দিয়েছেন মেদহীন দেহ!

ফুটবল থেকে বিদায় নেওয়ার পর মাদকের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলেন ম্যারাডোনা। অত্যধিক পরিমাণে কোকেইন গ্রহণের ফলে অস্বাভাবিক রকমের মোটা হয়ে গিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ২০০৫ সালের সেই মোটাসোটা ম্যারাডোনাকে দেখলে বিশ্বাস করতেই কষ্ট হতো যে এই মানুষটাই প্রায় একক নৈপুণ্যে বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। একসময় মৃত্যুর কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন।
নতুন করে জীবন ফিরে পাওয়ার পর মাদকের সংসর্গ ত্যাগ করে ফিরে পেয়েছিলেন নিজের স্বাভাবিক শারীরিক গঠন। কিন্তু তার পরও ৫৩ বছর বয়সী ম্যারাডোনার সাম্প্রতিক ছবিটা অনেকেরই মনে হয়েছিল অবিশ্বাস্য। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালনের সময়ও ম্যারাডোনা ছিলেন মোটাসোটা গড়নের। ২০১২ সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল ওয়াসির কোচ থাকার সময়ও মোটাসোটা ভাবটা ঝেড়ে ফেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু বিগত দুই বছরে সত্যিই বদলে গেছেন ম্যারাডোনা। তাঁর সাম্প্রতিক ছবি আর ভিডিওটা সেই সাক্ষ্যই দিয়েছে।

যাঁরা এই বদলটা বিশ্বাসই করতে পারেননি, তাঁদের উদ্দেশে ম্যারাডোনার বার্তা, ‘যারা আমাকে নিয়ে কথাবার্তা বলছিল, তাদের আমি দেখাতে চাই যে, ছবিটাতে কোনো ফটোশপের ব্যবহার ছিল না।’

এরপর টি-শার্ট তুলে নিজের পেটানো শরীরটাও সবাইকে দেখিয়ে দিয়েছেন ভালোভাবেই। তবুও যাঁরা বিশ্বাস করতে চাইবেন না, তাঁদের উদ্দেশে ম্যারাডোনা ব্যবহার করেছেন ছাপার অযোগ্য কিছু কটু বাক্য। সেটা হজম করার চেয়ে বরং ম্যারাডোনার অবিশ্বাস্য রূপান্তরটা বিশ্বাস করে নেওয়াই ভালো!