‘ফাইনাল খেলাটা অসম্ভব কিছু নয়’
নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোটেই অসম্ভব কিছু নয় বলে মনে করেন রস টেইলর। তিনি বলেন, কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে পারে নিউজিল্যান্ড।১৯৭৫ সাল থেকে ক্রিকেটের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এই আসরে অংশ নিচ্ছে কিউইরা। কিন্তু ফাইনাল-ভাগ্য কখনোই সহায় হয়নি তাদের। ১৯৭৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে তারা ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। এরপর ১৯৯২, ১৯৯৯ ও ২০০৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলে একবারও ফাইনাল খেলা হয়নি নিউজিল্যান্ডের। তবে টেইলর মনে করেন, এবার বিশ্বকাপ ফাইনালে উঠে যাওয়ার সব যোগ্যতাই তাদের রয়েছে। ‘আমরা আবার সেমির লড়াইয়ে শামিল হতে পেরে গর্ব অনুভব করছি’—টেইলরের মন্তব্য।‘এই দলটি এবার সেমিফাইনালে খেলেই সন্তুষ্ট থাকতে চায় না। নিউজিল্যান্ডের লক্ষ্য অবশ্যই ফাইনালে জায়গা করে নেওয়া।’ বলেছেন টেইলর।টেইলর আরও বলেন, ‘অবশ্যই সেমিফাইনাল খেলাটি “সাডেন ডেথ”। তবে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানোর সুখস্মৃতি আমাদের উদ্দীপনা জোগাবে।’গতকাল শ্রীলঙ্কা-ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন টেইলর। ম্যাচটি দেখে তাঁর মনে হয়েছে, ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রটই হতে পারেন কিউই ব্যাটসম্যানদের আদর্শ। কারণ, ৮৬ রানের চমত্কার ও ধৈর্যশীল এক ইনিংস খেলে ট্রট দেখিয়ে দিয়েছেন মুত্তিয়া মুরালিধরনসহ লঙ্কান অন্যান্য স্পিনারকে কীভাবে মোকাবিলা করতে হয়।গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল পরাজয়টি কিউইদের অনেক কিছুই শিখিয়েছে বলে মনে করেন টেইলর। তিনি বলেন, ‘আশা করছি, সেদিনের ভুলগুলো আর হবে না।’রস টেইলর একটি ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর তা হলো কেউই শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের কথা বলছে না। আর এই ব্যাপারটিই কিউই দলকে উজ্জীবিত করতে যথেষ্ট বলে মনে করেন তিনি। ওয়েবসাইট।