‘ফাইনালে কোনো কিছুই অসম্ভব নয়’
এশিয়া কাপের প্রথম ম্যাচটি ছিল সাকিবের জন্য আফসোসের। পাকিস্তানের বিপক্ষে দেশকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন তিনি। কিন্তু সঙ্গীর অভাবে দলকে জয়ের বন্দরে নিয়ে তুলতে পারেননি সাকিব। সেদিনই কি চোয়াল শক্ত করে প্রতিজ্ঞাটা করে রেখেছিলেন দেশসেরা এই তারকা? এশিয়া কাপের বাকি দুটো ম্যাচ অন্তত তাই জানান দিচ্ছে ভারতের বিপক্ষে ৪৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ রানের দুটো ইনিংস পাকিস্তানের বিপক্ষে হূদয় ভেঙে যাওয়ার দুঃখটা ভুলিয়ে দিচ্ছে। ওই দুঃখ মনে পুষে রাখার যে কোনোই কারণ নেই। সাকিবের অনবদ্য নৈপুণ্যের ওপর ভর করেই যে এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনাল খেলবে বাংলাদেশ।সাকিব সবসময়ই এদেশের ক্রিকেটের সেরা পারফরমার। বাংলাদেশ সাফল্য পাবে, আর তাতে সাকিবের অবদান থাকবেনা, তা বোধ হয় কল্পনাও করা যায় না। এজন্যই ২০০৯ সালের পর বড় টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের ১২টি জয়ের ৬টিতেই ম্যাচ সেরা তিনি। ২০০৬ সালের শেষদিকে সত্যিই এদেশের ক্রিকেট পেয়েছিল এক মহারত্নকে। সাকিব সত্যিই আমাদের ক্রিকেটের জন্য কোহিনূরতূল্যই এক রত্ন। একটা সময় বাংলাদেশের ক্রিকেটে ‘আইকন’ ক্রিকেটার নেই বলে খুব আফসোস করা হতো। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ৬ বছরের মাথায় বাংলাদেশের ক্রিকেট পেলো সাকিব আল হাসানকে। আবির্ভূত হয়েই জানান দিলেন এদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় তুলে ধরতেই আগমন তাঁর। জানান দিয়েই ক্ষান্ত হলেন না। বিশ্বের শীর্ষ অলরাউন্ডার হয়ে প্রমাণ করে দিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমরত্ব পেতেই তাঁর আবির্ভাব।পুরো এশিয়া কাপে বল-ব্যাটে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলেও ভাবলেশহীন সাকিব আল হাসান। এত দারুণ খেলেও দলের এই সাফল্যকে অভিহিত করেছেন ‘সম্মিলিত প্রচেষ্টা’ হিসেবে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার নিয়ে তাত্ক্ষণিক মন্তব্যটি তাঁর এমনই। সাকিবকে এদেশের ক্রিকেটের মহাতারকা বলা হলেও সেই মহাতারকা স্বস্তি পাচ্ছেন দলকে জেতানোর মতো আরও কিছু দারুণ ক্রিকেটার পেয়ে। নাসির, জহুরুলরা তো হাঁটছেন সাকিব আল হাসানের দেখিয়ে দেওয়া পথেই।ফাইনালে উঠে বাংলাদেশ এখন উড়ছে। সাকিবও ম্যাচ সেরার পুরস্কার নিতে গেলেন মাথায় লাল-সবুজের টুপি চড়িয়ে। ফাইনাল নিয়ে কেবল একটি কথাই বললেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়।’ সত্যিই গোটা এশিয়া কাপে সাকিবরা যে ধরনের খেলা দেখিয়ে যাচ্ছেন, তাতে ফাইনালে কোনো কিছুই অসম্ভব মনে হচ্ছেনা। সাকিবরা যে সব অসম্ভবকেই জয় করে ফেলেছেন।