'ফাইনালের' অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা কৌতুক। কোনো এক জেলা শহর থেকে তিন লোক এসেছে ঢাকায়; বগলে তিন ‘পোঁটলা’। ২৪ তলা উঁচু এক দালান দেখে একজন বলল, ‘চল মামা, দালানটা এলাকায় নিয়া যাই, লোকজন তাজ্জব হইব।’ হাতে কিল মেরে, পেছনে তিন পোঁটলা রেখে তিন লোক দালানটা ঠেলতে শুরু করল। কিছুক্ষণ ঠেলার পর একজন পেছনে ফিরে দেখে পোঁটলা নেই। ৩২টি দাঁত বের করে সে বলল, ‘দেখছস মামা, ঠেইলা ঠেইলা দালানটা অনেক দূর নিয়া আইসি, পোঁটলাগুলা ম্যালা পিছনে পইড়া গেছে!’—কৌতুকটা বলেছিল আল আমিন হোসেন। এয়ারটেল রাইজিং স্টারস প্রতিযোগিতার দ্বিতীয় আসরে আসা খুদে ফুটবলারদের একজন। পরশু সন্ধ্যায় খেলাধুলার পর ‘আইস ব্রেকিং’ পর্বে বেশ খানিকক্ষণ সবাইকে মাতিয়ে রাখে আল আমিন। মজার বিষয়, কৌতুকটার সঙ্গে বাংলাদেশের ফুটবলের একটা আশ্চর্য মিল খুঁজে নেওয়া যায়। সে কথা হবে পরে।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের চার কোচ—কেভিন ও’কনেল, অ্যাড হিল্টন, ডেভিড চ্যাপম্যান ও ওলামাইড ওলাডাপো সোনালা। আজ সকাল সকালই পা রাখবেন বিকেএসপির মাঠে। শুরু হয়ে যাবে এয়ারটেল রাইজিং স্টারসের চূড়ান্ত পর্বের ‘ফাইনাল’। আজ ও আগামীকাল দুই দিনের প্রশিক্ষণ, পর্যবেক্ষণের পর ১২০ জন খুদে ফুটবলারের সেরা ১২ জনের হাতে ধরিয়ে দেবেন ওল্ড ট্রাফোর্ডের টিকিট।
স্বভাবতই বুকে ঢাকের বাড়ি পড়ছে সবার। সেটা অবশ্য মুখে প্রকাশ করছে না কেউই! মাঠেও সবার চেষ্টা-পরিশ্রম চোখে পড়ার মতো। গতকাল হয়ে গেল আট দলের প্রীতি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। বাংলাদেশি আট কোচের অধীনে দলগুলোর নামকরণ করা হয়েছিল ইউনাইটেডের আট কৃতী ফুটবলারের নামে। ফাইনালে ‘হিপ হিপ হুররে’ ধ্বনি তুলল রায়ান গিগস দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ফল—রায়ান গিগস ৬, ফিল জোনস ৫। ফলাফল যা-ই হোক, কোচদের মতে—‘কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান। এরা সবাই দারুণ প্রতিভাবান ও পরিশ্রমী।’
পরিশ্রমের কথা উঠলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মশিউর রহমানের কথা না বললেই নয়। প্রতিযোগিতায় আসা সবচেয়ে ক্ষীণকায় ফুটবলার সম্ভবতই সে-ই। ছয়ঘড়িয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীপড়ুয়া মশিউর চার ভাইয়ের মধ্যে তৃতীয়। বাবা সাইদুর রহমানের নিজের কোনো জমিজমা নেই, পরের জমিতে কৃষিকাজ করেন। মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল একটা উড়োজাহাজ। মশিউর সেদিকে তাকিয়ে ছিল বিস্ময়মাখা দৃষ্টিতে। আমরা জিজ্ঞেস করলাম, উড়োজাহাজে চড়ে ইংল্যান্ড যেতে পারলে কেমন হবে? মশিউরের মুখে হাসি, ‘পারলে তো খুব ভালো হয়। অনেক পরিশ্রম করতেসি। প্রথম ট্রায়াল দিতে গেছিলাম রংপুরে। সকালবেলা কিছু খাইতে পারি নাই। শরীরে বেশি বল ছিল না, তার পরও অনেক কষ্ট করে গোল করছি! পরে চান্সও পায়া গেলাম। দেখা যাক, এখন কী হয়!’
মশিউর জানে না কী হবে, তবে আমরা জেনে নিই সকার স্কুলে যাওয়ার পরে কী হয়েছিল? প্রশ্নটা ছিল এয়ারটেল রাইজিং স্টারসের প্রথম পর্বের সেরা ১২ জনের দুজন মাশহুদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মাহমুদুল হাসানের কাছে। মাশহুদ বলল, ‘প্রশিক্ষণ ওখানেও একই রকম। তবে ওদের খেলায় “কুইকনেস” আছে।’ মাহমুদুল মনে করে, ‘ওদের সুযোগ-সুবিধা অনেক বেশি। ফুটবলারদের কোনো রকম কষ্টই হয় না বললে চলে। আর ওরা অনেক পরিকল্পনা করে খেলে।’ বাকি ১০ জনের খবর কী? ওদের কাছ থেকে জানা গেল, সবাই ফুটবলেই আছে। তার মধ্যে এই দুজন ও মো. মিঠু আবাহনীর অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলেছে গত মৌসুমে। এ ছাড়া মিঠু খেলেছে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে। মাশহুদ ও মাহমুদুলও সুযোগ পেয়েছিল, শেষমেশ মাঠে নামা হয়নি। তবে কেবল সকার স্কুলের প্রশিক্ষণই তো নয়, এই ১২ জন সুযোগ পেয়েছে ইউনাইটেডের সব তারকা ফুটবলারের পায়ের জাদু দেখার। ১২ জন বাদে বাকি ১০৮ জনের খবর অবশ্য ওদের জানা নেই। ওরা কি এখনো ফুটবলে আছে? এটা জানা আসলেই মুশকিল। কিন্তু ওরাও জানে কী করলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যেতে পারে। ওরা বলল, ‘আমাদের এখন দরকার প্রথমত, তৃণমূল পর্যায় থেকে আরও ফুটবলার বের করে আনা। দ্বিতীয়ত, জুনিয়র দলগুলোকে ধরে রাখা। তৃতীয়ত, প্রশিক্ষণ আরও আন্তর্জাতিক মানের করা; যেমন ওয়ান টাচের খেলা যে কত জরুরি, এগুলো বোঝানো।’
ছেলেদের সঙ্গে একমত আট কোচের একজন হাসান আল মাসুদ, ‘এই যে সারা দেশ থেকে ১২০ জনকে পেলাম আমরা, গতবারও পেয়েছি, ওরা এখন কোথায় আছে? কেমন আছে? এটা কি আমরা জানি? এটা কিন্তু জানার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ২০২০ সালে জাতীয় দলের হয়ে কারা খেলবে? এই বয়সীরাই তো, নাকি? তো এদের যদি আপনি দেখভাল না করেন, তাহলে ২০২০ সালে আপনি ভালো ফুটবলার কীভাবে পাবেন! এসব এখনই ভাবতে হবে। একটা সময় ফুটবলের খুব দারুণ সময় ছিল, কিন্তু মাঝে খুদে ফুটবলারদের পরিচর্যা না করার ফলেই আজ ফুটবল ধুঁকছে! আশা করি, বাফুফে বিষয়টি নিয়ে ভাববে।’
এবার আসা যাক শুরুর প্রসঙ্গে। ধরা যাক, কৌতুকের তিন লোক বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তিন ‘পোঁটলা’ হলো খুদে ফুটবলার আর দালানটা হলো অতীত ফুটবলের গৌরব। তাহলে দেখুন তো, বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থার সঙ্গে কৌতুকটার কোনো মিল খুঁজে পান কি না!