‘ফাইনালে’ ভাগ্যবদলের আশায় মুশফিক
তৃতীয় ওয়ানডে শেষের খানিক পরের ঘটনা। পুরস্কার বিতরণী শেষে বিসিবির পিচ কিউরেটর গামিনি ডি সিলভাকে ডেকে মাঠেই বেশ কিছুক্ষণ ধরে কথা বললেন মুশফিকুর রহিম। ওই আলোচনার বিষয়বস্তু কী ছিল, সেটা বোঝা গেল কাল। একেবারে চাহিদামাফিক উইকেটই পেয়েছিল বাংলাদেশ। স্পিন-স্বর্গ পাচ্ছেন জেনে আগের দিন ‘এসওএস’ পাঠিয়ে আনা হলো বাড়তি একজন স্পিনার। টস-ভাগ্যও পাশে ছিল কাল। তার পরও হলো না। নিজেদের ‘মনের মতো’ উইকেটে বাংলাদেশ উড়ে গেল ক্যারিবিয়ান পেসে! আহামরি কোনো বোলিং রোচ-স্যামিরা করেননি। মুশফিকও সেটা স্বীকার করেছেন। বাংলাদেশ অধিনায়ক দায় দিচ্ছেন টপ অর্ডারের ব্যর্থতাকেই, ‘আমরা এ রকমই উইকেট চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, আমাদের বাটসম্যানরা বাড়তি সতর্ক বা একটু দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। দুটি নতুন বলে ও কৃত্রিম আলোয় বল এমনিতেই একটু সুইং করে। আমাদের লক্ষ্য ছিল প্রথম ১০ ওভারে বড়জোর একটি-দুটি উইকেট হারিয়ে ৩০-৩৫ রান করা। আমাদের যারা ওপরে খেলেছে, আরেকটু সিরিয়াস, আরেকটু যদি চ্যালেঞ্জ নিতে পারত, তাহলে হয়তো ৫ উইকেটে ১৩ না হয়ে ২ উইকেটে ২০ হতে পারত। ৫ উইকেট হারানোর পর ২১২ তাড়া করা কঠিন হয়ে দাঁড়ায়।’২১২ রান তাড়া করে ৭৫ রানের হারটা বিশালই। তবে এর চেয়েও বাজে কিছু হতে পারত। ৫ উইকেটে যখন রান ১৩, গত বিশ্বকাপের ‘৫৮’ লজ্জা তখন উঁকি দিতে শুরু করেছে। মাহমুদউল্লাহর ব্যাট সেই শঙ্কা দূর করেছে আর বাড়িয়েছে আফসোস। টেস্ট সিরিজ থেকেই দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। কিন্তু সেই সাত নম্বরেই ব্যাট করে আসছেন টানা। ক্যারিয়ারজুড়েই ব্যাট করে আসছেন লোয়ার অর্ডারে। এমন ফর্মে থাকা ব্যাটসম্যান কেন এত নিচে ব্যাট করবেন!মাহমুদউল্লাহ নিজে সেই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন, ‘দলের প্রয়োজন আসল।’ আর মুশফিকের ব্যাখ্যা, ‘রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) বেশির ভাগ সময়ই সাতে খেলেন। আমাদের দলে এখন বেশ কিছু তরুণ ব্যাটসম্যান আছে। আমি, রিয়াদ ভাই, নাসিররা যদি বেশি ওপরে খেলি, দেখা যায় আমাদের মিডল অর্ডার বা লেট অর্ডার অনেক অনভিজ্ঞ হয়ে যায়। এ জন্যই আমাদের ব্যাটিং লাইন আপ এভাবে করা। দ্রুত উইকেট পড়ার কারণে রিয়াদ ভাই আজ লম্বা সময় ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। কিন্তু টপ অর্ডারে কেউ ভালো খেললে হয়তো ব্যাটিংয়ের প্রয়োজনই হতো না।’ প্রশ্নটাও এখানেই। টপ অর্ডার ভালো করলে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের প্রয়োজনই হতো না। তাঁর সাতে নামাকে তো বলা যায় তাহলে পুরোপুরিই ‘অপব্যবহার’! এবার বাংলাদেশ অধিনায়কের ব্যাখ্যা, ‘দেখুন, নাসির টেস্টে তিনটা ইনিংসে ফিফটি করেছে। ওকে সাতে নামানো কঠিন। রিয়াদ ভাই অনেক ভালো খেলেছেন ঠিক আছে। নাঈম ভাইও ভালো খেলেছেন, তামিম অবদান রেখেছেন। আমরা চেয়েছিলাম, বিশেষ করে নতুনরা যারা এসেছে, ওরা যে জায়গায় অভ্যস্ত, সেখানেই খেলাতে। আর আমরা সিনিয়র যারা আছি, ওপরে একটা ধস নামলে যাতে ঠেকাতে পারি। এভাবেই ব্যাটিং লাইন আপ সাজানো।’ কিন্তু দলের লাভ তাতে কতটা হচ্ছে? সাতে নেমে বাংলাদেশের রেকর্ড ছয়টি ফিফটি করলেন মাহমুদউল্লাহ, এর চারটিতেই তো হারল দল!অধিনায়কের যুক্তি অনুযায়ী আজও সেটা বদল হওয়ার সম্ভাবনা কম। তবে আজ ভাগ্যবদলের আশায় মুশফিক, ‘আগের ম্যাচেও সুযোগ ছিল সিরিজ জয়ের। ওই ওভারটায় ২৪ রান না হলে অন্য রকম কিছু হতে পারত। আজকেও একটা সুযোগ গেল। আশার কথা, কাল (আজ) আরেকটা সুযোগ আছে। আমরা চেষ্টা করব সর্বস্ব দিয়ে খেলতে।’মুশফিকের উল্টো প্রান্তে স্যামি, সামনে থেকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছ্বসিত। ক্যারিবিয়ানদের ব্যাটিংও ভালো হচ্ছে না, কিন্তু শেষ ম্যাচের জন্য একটা হুমকি যেন দিয়ে রাখছেন, ‘ব্যাটিং ভালো হচ্ছে না, তার পরও সিরিজ এখন ২-২। ক্রিস (গেইল) এখনো ভালো করেনি, কাল (আজ) হতে পারে ওর দিন। যে কারও দিন হতে পারে কাল। নিজেদের প্রতি বিশ্বাস আছে আমাদের, জ্বলে উঠতে পারি যেকোনো মুহূর্তে।’মুশফিকের ভাবনা আবার অন্য রকম, ‘কাল (আজ) ওরাও চাপে থাকবে। কারণ, টানা তিনটি ম্যাচ ভালো খেলা কঠিন।’‘টানা তিন ম্যাচ ভালো খেলা কঠিন’—বাংলাদেশ অধিনায়কের সূত্রটা ওয়েস্ট ইন্ডিজ জানে তো!