‘ফাইনাল’ আর অনিশ্চয়তার হিসাব
শেষ ষোলোতে ওঠা নিয়ে গ্রুপ ‘এফ’-এ ভীষণ অনিশ্চয়তা রয়ে গেছে—শেষ ষোলোতে ওঠা নিশ্চিত নয় কারোরই, আবার সবারই থাকছে সুযোগ। তবে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে হল্যান্ড এবং সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ক্যামেরুন গ্রুপ ‘ই’-এর হিসাব-নিকাশটা অন্য গ্রুপের তুলনায় জলবৎ তরলং করে দিয়েছে। গ্রুপ ‘ই’দ্বিতীয় রাউন্ডের আরেকটি স্থানের দাবিদার যে দুটি দেশ, সেই জাপান আর ডেনমার্ক ‘ফাইনাল’ লড়ছে নিজেদের মধ্যেই। এ ক্ষেত্রে গোল-পার্থক্যে এগিয়ে থাকায় জাপানই আছে সুবিধাজনক অবস্থায়। গ্রুপের সহজ সমীকরণটা তাই এ রকম: ১. জিতলে বা ড্র করলে হল্যান্ডের সঙ্গী হবে জাপান। ২. ডেনমার্কের জয় ছাড়া কোনো বিকল্প নেই।এই গ্রুপে যদি কোনো হিসাব-নিকাশের প্রয়োজন হয়, তবে তা হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। হল্যান্ড ড্র করলেও শীর্ষে থাকবে। হল্যান্ড হেরে গেলে জাপানকে বা ডেনমার্ককে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জিততে হবে হল্যান্ডের সঙ্গে তাদের গোল-পার্থক্যের ব্যবধান ঘুচিয়ে। গ্রুপ ‘এফ’জটিল সমীকরণের এ গ্রুপে এক কথায় বলা যায়: ১. প্যারাগুয়ে ড্র করলেই পরের রাউন্ডে যাবে। ২. ইতালি ও নিউজিল্যান্ড জিতলেই শেষ ষোলোতে পৌঁছাবে। ৩. হারলেই বাদ ইতালি, নিউজিল্যান্ড ও স্লোভাকিয়া।প্যারাগুয়ে: জিতলে তো কথাই নেই, ড্র হলেই চলে। এমনকি হেরে গেলেই বাদ, তাও বলা যাচ্ছে না। কারণ ইতালি-স্লোভাকিয়া ম্যাচ ড্র হলে অথবা স্লোভাকিয়া কম গোলের ব্যবধানে ইতালিকে হারালে প্যারাগুয়ে হারলেও পরের রাউন্ডে যাবে। ইতালি স্লোভাকিয়াকে হারিয়ে দিলে বা স্লোভাকিয়া প্যারাগুয়ের সঙ্গে গোল-পার্থক্যের ব্যবধান ঘুচিয়ে ইতালিকে হারালে প্যারাগুয়ে হারলেই বাদ পড়বে।ইতালি: জিতলে কোনো চিন্তাই নেই। প্যারাগুয়ে নিউজিল্যান্ডকে হারালে ইতালি টানা তৃতীয় ড্র করেও শেষ ষোলোতে পৌঁছাবে। দুটো ম্যাচ ড্র হলেও ইতালির সম্ভাবনা থাকবে, তবে তাদের নিউজিল্যান্ডের চেয়ে বেশি গোল করে ড্র করতে হবে। যেমন—প্যারাগুয়ে-নিউজিল্যান্ড ০: ০ এবং ইতালি-স্লোভাকিয়া ১: ১।নিউজিল্যান্ড: হিসাব-নিকাশের ধার ধারতে হবে না জয় পেলে। দুটো ম্যাচই ড্র হলে নিউজিল্যান্ডের সম্ভাবনা থাকবে, তবে তাদের ইতালির চেয়ে বেশি গোল করে ড্র করতে হবে। যেমন—ইতালি-স্লোভাকিয়া ০: ০ এবং প্যারাগুয়ে-নিউজিল্যান্ড ১: ১।স্লোভাকিয়া: জিতলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত নয়। কারণ নিউজিল্যান্ড যদি প্যারাগুয়েকে হারিয়ে দেয় তবে স্লোভাকিয়াকে প্যারাগুয়ের সঙ্গে গোল-পার্থক্যের ব্যবধান ঘোচানো বড় জয় পেতে হবে ইতালির বিপক্ষে। প্যারাগুয়ে নিউজিল্যান্ডকে হারালে বা ম্যাচটি ড্র হলে স্লোভাকিয়ার শুধু জিতলেই চলবে। পাদটীকা১. ইতালি ও নিউজিল্যান্ড যদি নিজ নিজ খেলায় একই স্কোরলাইনে জিতে তবে তারা দুজন একসঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠবে। এ ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, তা নির্ধারণ করা হবে লটারিতে।২. দুটো ম্যাচই ড্র হলে এবং ম্যাচের স্কোরলাইন এক থাকলে লটারি-ভাগ্যে নির্ধারিত হবে নিউজিল্যান্ড আর ইতালির মধ্যে কোন দল শেষ ষোলোতে প্যারাগুয়ের সঙ্গী হবে।শরীফ উল্লাহ