'ফাইনাল' জিতে ফাইনালে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাব্যিক সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারানোর পর রাফায়েল নাদালের উচ্ছ্বাস ষ রয়টার্স
মহাকাব্যিক সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারানোর পর রাফায়েল নাদালের উচ্ছ্বাস ষ রয়টার্স

চার সেট শেষে ২-২। ম্যাচ নির্ধারণী পঞ্চম সেটের খেলা চলছে। ৪-৩-এ এগিয়ে থাকা অবস্থায় নোভাক জোকোভিচের সার্ভ। ওই গেমেও ৪০-৪০ অবস্থা তখন। ঠিক তখনই ঘটে গেল একটা নাটকীয় ঘটনা। দৌড়ে গিয়ে আলতো শটে প্রতিপক্ষকে পরাস্ত করতে চাইলেন জোকোভিচ। পরাস্ত করলেনও। কিন্তু শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে পড়ে গেলেন নেটের ওপর। উল্টো পয়েন্ট পেলেন নাদালই। তার আগে এ নিয়ে ছড়াল অন্য রকম উত্তেজনাও। নাদাল সঙ্গে সঙ্গেই আবেদন করলেন। হতাশ জোকোভিচও চেয়ার আম্পায়ারকে কী যেন বললেন। কিন্তু কাজ হলো না। যৌক্তিকভাবেই চেয়ার আম্পায়ার পয়েন্ট দিলেন নাদালকে।

এই একটি সার্ভ পয়েন্ট নিয়ে এত কথা বলার কারণ, কালকের সেমিফাইনালে ওই ঘটনাটাই যে হয়ে থাকল ম্যাচের টার্নিং পয়েন্ট! একটা মাত্র সার্ভ পয়েন্টই যে ম্যাচের টার্নিং পয়েন্ট, মহাকাব্যিক এক লড়াই বোঝাতে আর কিছু বলার অপেক্ষা রাখে!

আগেই বলা হয়েছিল, সময়ের সেরা দুই তারকার সেমিফাইনালটাই হতে যাচ্ছে ‘আসল ফাইনাল’। হলো তা-ই। দুজনেই লড়লেন শরীরের সবটুকু ঢেলে। যে লড়াইয়ের শেষে বিজয়ী ওপরে বর্ণিত ঘটনার জয়ী নাদালই। ওই পয়েন্টটি পেয়ে গেমটি জিততে পারলে জোকোভিচ এগিয়ে যেতেন ৫-৩-এ। উল্টো পয়েন্ট ব্রেক করে নাদাল করে ফেলেন ৪-৪। তাতে নতুন করে আত্মবিশ্বাসের জ্বালানি পাওয়া
নাদাল শেষ পর্যন্ত ৯-৭ ব্যবধানে সেট এবং ম্যাচ জিতে উঠে গেছেন ফাইনালে।

৪ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াই শেষে জয় ৪-৬, ৬-৩, ১-৬, ৭-৬ (৭-৩), ৯-৭ গেমে। রোঁলা গাঁরোতে যেটা তাঁর ৫৯ ম্যাচে ৫৮তম জয়। ক্লে-কোর্টের রাজার সামনে এখন অনন্য এক রেকর্ডের হাতছানি। আগামীকালের ফাইনালে জিতলেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে স্প্যানিশ তারকা গড়বেন কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সর্বোচ্চ আটটি শিরোপা জয়ের কীর্তি।

জয়ের পর নাদাল যতটা উচ্ছ্বাসে শরীর ভাসিয়েছিলেন শূন্যে, কথা বললেন ততটাই বিনয়ের সঙ্গে, ‘এটা আমার জন্য বিশেষ একটা জয়। নোভাককে অভিনন্দন। সে একজন গ্রেট চ্যাম্পিয়ন। সে একদিন গাঁরো জয় করবে। আমি যখন বাতাসের বিরুদ্ধে সার্ভ করছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম ম্যাচটা কঠিন হবে। অস্ট্রেলিয়ায় ২০১২ সালে এমন একটা ম্যাচ হয়েছিল। সেখানে সে জিতেছিল। আর এবার আমি জিতলাম। এ জন্যই খেলাটা এত বড়।’

 ফাইনালে তাঁর প্রতিপক্ষ  ডেভিড ফেরার। অন্য সেমিফাইনালে ফেরার ৬-১, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়েছেন জো-উইলফ্রায়েড সোঙ্গাকে।