‘ফিক্সিং ফৌজদারি অপরাধ হওয়া উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ের মতো ক্রিকেট-দর্শনেও শুদ্ধতার প্রতীক মনে করা হয় তাঁকে। সেই রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসেই কিনা ফিক্সারদের বাস! গত আইপিএলে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছেন দ্রাবিড়ের দলের তিন ক্রিকেটার। ফিক্সিং নিয়েই রাহুল দ্রাবিড়ের দীর্ঘ এক সাক্ষাৎকার নিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো। পাঠকদের জন্য সেটিরই নির্বাচিত অংশ  রাহুল, গত তিনটা মাস নিশ্চয়ই সহজ ছিল না?রাহুল দ্রাবিড়: হ্যাঁ, আইপিএলের শেষের দিনগুলো বিভীষিকাময় ছিল। ব্যক্তিগত কিংবা দলীয় দুই দিক দিয়েই। খুব কঠিন সময় গিয়েছে। প্রথম দিকের কয়েকটা দিনের কথা বলুন। এটা শোনার পর কী হচ্ছিল আপনার মনে?দ্রাবিড়: নির্দিষ্ট একটা অনুভূতির কথা বললে ভুল হবে; আসলে রাগ, ক্ষোভ, হতাশা সব মিলিয়ে বাজে একটা অনুভূতি হচ্ছিল। আমরা (রাজস্থান রয়্যালস) দারুণভাবে ছুটছিলাম, ও রকম দলীয় ঐক্য নিয়ে শিরোপার লক্ষ্যে ছোটাটা দারুণ ছিল। শুধু আমাদের দল নয়, পুরো আইপিএলটাই দারুণ জমেছিল—গ্যালারি ভরা দর্শক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট—এমন একটা সময়ে ফিক্সিংয়ের ঘটনাটা সবার জন্যই বড় একটা ধাক্কা ছিল। এমনকি মনে হচ্ছিল যে, ওরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে?দ্রাবিড়: ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগত ছিল না। আমার খারাপ লাগছিল, কারণ এদের কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, ড্রেসিংরুমে একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। ওরা যা করেছে, তাতে দলের সবার মতো আমারও মনে হচ্ছিল, ওরা আমাদের মাথা নিচু করে দিয়েছে। এ রকম মনে হওয়াটাই স্বাভাবিক। এ রকম অবস্থায় একটা দলে কী হয়? খেলাতেই বা কতটা মনোযোগ ধরে রাখা যায়?দ্রাবিড়: আমরা আসলে খুব দ্বিধায় ছিলাম। কারণ পরিষ্কার কোনো ধারণাই পাচ্ছিলাম না। সূচি অনুযায়ী এক-দুই দিন পরপরই আমাদের খেলা ছিল। অনেক গুজব ছড়াচ্ছিল, পুলিশি জটিলতা ছিল। কী হতে যাচ্ছে? টুর্নামেন্ট কি আদৌ চলবে? আমরা (রাজস্থান রয়্যালস) কি খেলতে পারব? যাদের নাম এসেছে শুধু তারাই কি জড়িত? আরও কেউ কি আছে? কোন দিকটা আমাদের খেয়াল করা উচিত ছিল? এখনই বা আমাদের কী করা উচিত? তখন আসলে মাথা ঠিক রাখাটাই কঠিন ছিল। খেলায় মনোযোগ দেওয়া তো পরের ব্যাপার। অথচ আমাদের একমাত্র কাজ শুধুই মাঠের ক্রিকেট নিয়ে চিন্তা করা। পেছন ফিরে তাকালে এখন কি মনে হয়, এখানে কী হয়েছিল, ওখানে কী হয়েছিল? দ্রাবিড়: ক্রিকেট মাঠে একসঙ্গে এত ঘটনা ঘটে যে হুট করে কোনো কিছু দেখেই সন্দেহ করা সহজ নয়। তা ছাড়া স্পটফিক্সিং তো ম্যাচ-ফিক্সিং থেকে আলাদা। একজন খেলোয়াড় যদি নির্দিষ্ট রানে আউট হয়ে যেতে চায় বা একজন বোলার যদি নির্দিষ্ট একটা বল নো বা ওয়াইড করার বা কোনো নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট সংখ্যক রান করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখে, সেখানে অধিনায়ক বা অন্য কারও পক্ষে কিছু করা আসলে একেবারেই অসম্ভব। এক ওভারে বেশ কিছু রান দেওয়া বা ছক্কা খাওয়া টি-টোয়েন্টিতে হরহামেশাই ঘটে। তাই সন্দেহ করার কাজটা সহজ নয়। আর এভাবে দেখতে গেলে আপনি ক্রিকেট খেলা দেখার স্বাভাবিক মজাটাই হারিয়ে ফেলবেন। মাঠে সব সময় পরিচ্ছন্ন ইমেজ ছিল আপনার। এই যে কিছুদিন পরপর এ রকম কলুষিত ক্রিকেটের খবর আসছে, এসব দেখে কি কখনো খেলাটার ওপর বিতৃষ্ণা জন্মায় না?দ্রাবিড়: ক্ষোভ তো জন্মায়ই। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। বিশ্বব্যাপী ক্রিকেটের অনেক নিখাদ ভক্ত আছে, যারা খেলা দেখার জন্য অনেক ত্যাগ স্বীকার করে, রাত জেগে খেলা দেখে, খেলা নিয়ে আলোচনা করে, ওয়েবে লেখালেখি করে। ইন্টারনেটের কারণে আমরা এখন বুঝতে পারছি কত বিপুল পরিমাণ সাধারণ দর্শক কী অসীম আবেগ তাদের প্রিয় দলের জন্য জমিয়ে রাখে। ম্যাচ বা স্পট ফিক্সিং যেটাই হোক, তা দর্শকদের সঙ্গে প্রতারণার শামিল। যে সমর্থকেরা আপনাকে অনিঃশেষভাবে ভালোবেসে যায়, তাদের আবেগের সঙ্গে এ রকম বিশ্বাসঘাতকতা করাটা মর্মান্তিক। খেলাটার প্রতি সমর্থকদের বিশ্বাস নষ্ট করাটা খেলাটাকে মেরে ফেলার মতোই। যখন দর্শক হিসেবে আপনারা খেলা দেখেন এবং অস্বাভাবিক কিছু ঘটতে দেখেন, এ নিয়ে কি ড্রেসিংরুমে আলোচনা হয়?দ্রাবিড়: অন্যদের কথা বলতে পারব না। আমি নিজে আসলে এই অস্বাভাবিক কিছু ঘটলে সেটাকে সন্দেহ করি না। ক্রিকেট মাঠে অদ্ভুত কিছু কাজকর্ম এমন সব ক্রিকেটারদের করতে দেখেছি, যাদের আমি কখনোই সন্দেহ করব না। সুতরাং অস্বাভাবিক কিছু দেখলেও আমার স্বাভাবিক প্রবৃত্তি হলো, সন্দেহ না করে ক্রিকেটীয় ব্যাখ্যা খোঁজার চেষ্টা করা। আইপিএলে তো নানা দেশের পরিচিত-অপরিচিত সব ক্রিকেটার থাকেন, যাদের আগে থেকে খুব ভালো করে চেনার সুযোগ থাকে না। টিম মিটিংয়ে কি এসব ব্যাপারে সবাইকে সচেতন করার চেষ্টা হয়?দ্রাবিড়: প্রতিটা টুর্নামেন্টের আগেই দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ হয়; তা সেটি আইপিএল হোক বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। আর আকসুর ট্রেনিং প্রোগ্রামটাও যুগোপযোগী। আর আইপিএলে এমন কোনো ক্রিকেটার নেই, যে আকসুর ট্রেনিং করেনি। টিম মিটিংয়েও খেলোয়াড়দের বলা হয়, অস্বাভাবিক কিছু দেখলেই যেন ম্যানেজমেন্টকে জানায়। সুতরাং নিয়মকানুনগুলো সবাই জানে। সমস্যা হলো, তারপরও দুর্নীতিটা বন্ধ করা যাচ্ছে না। তৃণমূল পর্যায়ে কী অবস্থা? সেখানে দুর্নীতি নিয়ে কতটা সচেতনমূলক কাজ করা হয়?দ্রাবিড়: ওখানেই সঠিক শিক্ষাটা বেশি দরকার। দেখা যাচ্ছে শুধু আন্তর্জাতিক ক্রিকেটার নয়, ঘরোয়া ক্রিকেটে তরুণেরা বুকিদের দেখানো লোভের ফাঁদে পা দিচ্ছে। তবে বাস্তবতা হলো, সেই পর্যায়েও কিন্তু এসব নিয়ে যথেষ্ট কাজ করা হয়েছে। ভারতের নিজস্ব একটা দুর্নীতিবিরোধী সংস্থা আছে, রঞ্জি ট্রফির দলগুলোকে নিয়ে তারা কাজ করে। কিন্তু ওই যে বললাম, শুধু প্রশিক্ষণ দিয়ে এটা বন্ধ করা যাচ্ছে না। দরকার উপযুক্ত শাস্তির ব্যবস্থা। অপরাধ করলে শাস্তি পেতে হবে এবং সেটা হতে হবে দৃষ্টান্তমূলক। খেলোয়াড়দের মধ্যে যদি এই ভয়টা ঢুকিয়ে দেওয়া যায় যে অপরাধে জড়ালে ধরা পড়া এবং শাস্তি এড়ানো অসম্ভব, তাহলে তারা অপরাধ করার সাহস পাবে না। শাস্তি দিতে না পারলে শুধু শিক্ষা আর সতর্কীকরণ ব্যবস্থা দিয়ে কাজ হবে না। আমি তো মনে করি, ফিক্সিংকে ফৌজদারি অপরাধ বলে বিবেচনা করা উচিত। শ্রীশান্তদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগপত্র জমা দিয়েছে, তাতে কিন্তু তাদের ফৌজদারি অপরাধী হিসেবেই অভিযুক্ত করা হয়েছে।দ্রাবিড়: তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি মনে করি, প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ দাবি করার অধিকার সবার আছে। তবে আমি খুশি যে পুলিশ বিষয়টা নিয়ে অনেক দূর এগিয়েছে এবং আমি মনে করি আইনগতভাবে পুলিশ যৌক্তিক অবস্থানেই আছে। ফিক্সিংয়ের ঘটনাগুলো কিন্তু মূলত আইন প্রয়োগকারী সংস্থাগুলোই ফাঁস করছে, কোনো ক্রিকেট কর্তৃপক্ষ নয়। অপরাধী ধরার জন্য ক্রিকেট কর্তৃপক্ষের নির্ধারিত কৌশল কিন্তু ব্যর্থ... দ্রাবিড়: বাস্তবতা হলো, কিছু কিছু ক্ষেত্রে একমাত্র আইন প্রয়োগকারী সংস্থার পক্ষেই ব্যাপারগুলো ধরা সম্ভব। কারণ গোপনে কারও ফোনালাপ রেকর্ড করা, গতিবিধির ওপর নজর রাখা একমাত্র পুলিশের পক্ষেই সম্ভব। এই আইনি অধিকার কোনো ক্রীড়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নেই, থাকা উচিতও নয়। আমি মনে করি, ক্রীড়া কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কাজের সমন্বয়টাই সবচেয়ে ভালো উপায়।  এই যে প্রায়ই ফিক্সিং নিয়ে কথা ওঠে, এতে তো খেলাটার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তৈরি হয়। আপনি কি মনে করেন, ক্রিকেট প্রশাসকেরা আসলেই এই বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা নিয়ে চিন্তিত?দ্রাবিড়: তাদের অবশ্যই সেটা নিয়ে চিন্তা করা উচিত। আমি আগেই বলেছি ফ্যানদের কারণেই আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি এবং ফ্যান ও ক্রিকেটারদের কারণেই ক্রিকেট প্রশাসন এত বড় আকার ধারণ করেছে। সুতরাং খেলাটার প্রতি ফ্যানদের আস্থা অক্ষত রাখাটা ক্রিকেটার-প্রশাসক সবারই দায়িত্ব।  প্রশাসকদের উদ্দেশে যদি আপনার কোনো বক্তব্য থাকে?দ্রাবিড়: দেখুন, ভারতে আমরা ক্রিকেটাররা সেলিব্রিটি। মানুষ আমাদের অনেক সম্মান করে। কিন্তু খ্যাতি আর সম্মানের সঙ্গে আমাদের দায়িত্বও কম নয়। তাই যখন খেলার পাতার বদলে পত্রিকার প্রথম পাতায় আমরা ভুল কারণে শিরোনাম হই, সেটা সবার জন্যই মানসিক একটা আঘাত। সুতরাং স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।