
জাতীয় দলের জন্য একজন ফিটনেস ট্রেনারের অত্যাবশ্যকীয় চাহিদাও পূরণ করল বাফুফে। ডি ক্রুইফ, রেনে কোস্টারের সঙ্গী হয়ে সাফ ফুটবল ক্যাম্পে যোগ দিলেন ইয়ামালি মোহাম্মেত। তুর্কি বংশোদ্ভূত এই ডাচ ফিটনেস ট্রেনার কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শেষে বললেন নানা বিষয়ে
l আপনার সম্পর্কে প্রথমে শুনতে চাই...
ইয়ামালি মোহাম্মেত: আমি তুর্কি বংশোদ্ভূত। জন্ম আমস্টারডামে। বয়স ২৪। এর আগে রেনে কোস্টারের সঙ্গে কাজ করেছি। সেই সুবাদেই রেনের আমন্ত্রণ পেয়ে বাংলাদেশে এলাম।
l এর আগে কোথায় কাজ করেছেন?
ইয়ামালি: হল্যান্ডের আলমেরি শহরে। সেখানে আয়াক্সের একটা একাডেমি আছে। তবে আমি আয়াক্সের হয়ে কাজ করিনি। ওই একাডেমিতেই স্থানীয় দ্বিতীয় বিভাগের একটা পেশাদার দলে কাজ করার সুযোগ হয়েছে।
l আপনি ফিটনেস ট্রেনারের মতো পেশা কেন বেছে নিলেন?
ইয়ামালি: আমি ফুটবল খেলতাম। তবে সেটি অপেশাদার। অল্প বয়স থেকেই শারীরিক ফিটনেস নিয়ে আমার আগ্রহ। আমস্টারডামের একটা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল থেরাপির ওপর ডিগ্রি নিয়েছি। আসলে ফিটনেস নিয়ে কাজটা উপভোগ করি। তাই এটিই বেছে নেওয়া। এখন তো কাজটা আমার পেশাই হয়ে গেছে।
l এই কদিন কেমন দেখলেন বাংলাদেশের ফুটবলারদের?
ইয়ামালি: এখানে আসার আগে বাংলাদেশের ফুটবল সম্পর্কে আমি কিছুই জানতাম না। রেনে কিছু ধারণা দিয়েছিল। সেটা নিয়েই এসেছি। এসে দেখলাম, এখানকার খেলোয়াড়দের ফিটনেসের মান একটু নিচের দিকে। অর্থাৎ যতটা থাকা দরকার তা নেই। তবে কাজ করতে করতে এটা ঠিক হয়ে যাবে আশা করছি।
l বাংলাদেশের ফুটবলাররা ফিটনেস নিয়ে সচেতন নন। আপনার সঙ্গে কাজ করতে গিয়ে অনেকে অভ্যস্ত হতে পারছে না শুনেছি। এটাকে কীভাবে দেখছেন?
ইয়ামালি: এমনটা হতেই পারে। শুরুতে অভ্যস্ত হতে সবারই কমবেশি সমস্যা হয়। তবে আমি চাইব, ছেলেরা তাড়াতাড়িই ফিটনেসের ব্যাপারগুলো রপ্ত করে ফেলবে। একজন পরিপূর্ণ ফুটবলার হতে চাইলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। সেটাই আমি খেলোয়াড়দের বলেছি।
l এমনিতে কি ফাঁকি দেওয়ার প্রবণতা দেখছেন খেলোয়াড়দের মধ্যে?
ইয়ামালি: (হা হা) সে রকম কিছু নয়। সবাই ভালোভাবেই নিয়েছে বিষয়টা। তবে আগেই যেটা বললাম, অভ্যস্ত হওয়ার জন্য খেলোয়াড়দের একটু সময় দিতে হবে। কিছু খেলোয়াড়কে আরও সিরিয়াস হতে হবে। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
l আজ দেখলাম খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নিলেন। তা ফলাফল কী?
ইয়ামালি: হ্যাঁ, আজ বিপ টেস্ট নিলাম। রাতে ফলাফল নিয়ে বসব। মনে হচ্ছে খুব খারাপ কিছু হবে না।
l বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আপনার সঙ্গে চুক্তি করার ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশে দীর্ঘ মেয়াদে কাজ করার আশা রাখেন?
ইয়ামালি: দেখুন, ফুটবল ফেডারেশন চুক্তি করলে আমি সানন্দেই রাজি। কারণ, আমি এ দেশে কাজ করতে এসেছি। এবং রেনের সঙ্গে যেহেতু আগে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই আশা করছি আমরা একটা টিম হয়ে কাজ করতে পারব। যেটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আমার বিশ্বাস।
l আপনার পরিবারে আর কেউ খেলাধুলায় আছে?
ইয়ামালি: আমার এক বছরের বড় এক ভাই আছে, ছোট এক বোন আছে। তবে তারা কেউ খেলায় আসেনি। আমার এক কাজিন কিক-বক্সার। ওর খেলা মাঝেমধ্যে দেখি। তবে আমি ফুটবলের একজন পাঁড় ভক্ত। তাই ফুটবলের সঙ্গেই গাঁটছড়া বাঁধলাম।:n:
নিষিদ্ধ ক্যামেরুন:h:
প্রথমে আসে একটা সুসংবাদ। কিন্তু সেটা উদ্যাপনের জন্য ১৫ মিনিটের বেশি সময় পেল না ক্যামেরুন। তারপরই মাথায় আকাশ ভেঙে পড়া দুঃসংবাদ—সব ধরনের ফুটবল থেকে মিলা-ইতোর দেশকে নিষিদ্ধ করেছে ফিফা! ফুটবল নিয়ন্ত্রক সংস্থার শর্ত মেনে এখন যদি পরবর্তী প্রক্রিয়া শুরু করতে না পারে ক্যামেরুনের ফুটবল অ্যাসোসিয়েশন (ফেকাফুট) তাহলে বিশ্বকাপের বাছাইপর্বে বাকি ম্যাচগুলো খেলাও অনিশ্চিত হয়ে যাবে তাদের।
গত ৯ জুন ক্যামেরুনের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের এক ম্যাচে নিষেধাজ্ঞায় থাকা একজন ফুটবলারকে মাঠে নামিয়েছিল টোগো। ওই ম্যাচে তারা ২-০ গোলে জিতেছেও ক্যামেরুনের বিপক্ষে। কিন্তু ব্যাপারটা ধরা পড়ার পর পরশু এক বিবৃতিতে টোগোর ৩ পয়েন্ট কেটে নেওয়ার কথা জানিয়েছে ফিফা। মাঝখান থেকে হেরেও লাভ হয়ে যায় ক্যামেরুনের। কিন্তু এই সুসংবাদের ১৫ মিনিটে পরই অন্য এক বিবৃতিতে ফিফা জানায়, দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর সরকারের অনৈতিক হস্তক্ষেপের কারণে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্যামেরুনকে। বিবৃতিতে বলা হয়, এই সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো ফুটবলই খেলতে পারবে না ক্যামেরুন। তবে ফিফা শর্ত দিয়েছে, জরুরি ভিত্তিতে ফেকাফুট চালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার। ওই বিশেষ কমিটির কাজ হবে আগামী বছর মার্চের মধ্যে ফেকাফুটে নিরপেক্ষ একটি নির্বাচন করা। কমিটি গঠিত হলে ফুটবলেও ফিরতে পারবে ক্যামেরুন।
বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলতে হলে এ ছাড়া এখন আর বিকল্পও নেই ক্যামেরুনের ফুটবল অ্যাসোসিয়েশনের হাতে। এএফপি।