‘ফিন-সমস্যা’ এখন নো বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে এবার শোধরাতেই হবে স্টিভেন ফিনকে। বহু আলোচিত ‘ফিন-সমস্যা’ যে এখন নো বল! বোলিংয়ে ডেলিভারি স্ট্রাইডে বোলার নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দিলে একবার সতর্ক করে পরের বার থেকে দেওয়া হতো ‘ডেড বল।’ কিন্তু এখন থেকে ওটা হবে নো বল। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি এই বদলের ঘোষণা দিয়েছিল গত ফেব্রুয়ারিতে। আইসিসি তাদের ক্রিকেট কমিটির সুপারিশে এবার সেটিকেই খেলার বিধিমালায় অন্তর্ভুক্ত করেছে। ৩০ এপ্রিল থেকে ক্রিকেটের তিন সংস্করণেই চালু হবে এই আইন।ক্যারিয়ারের শুরু থেকেই এই সমস্যা স্টিভেন ফিনের সঙ্গী। এই ইংলিশ পেসারের কারণেই মূলত বছর দুয়েক ধরে আলোচনায় এ বিষয়টি। বিতর্ক তুঙ্গে ওঠে দক্ষিণ আফ্রিকার গত ইংল্যান্ড সফরে। হেডিংলিতে ফিন বারবার নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙার পর মনোযোগ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন গ্রায়েম স্মিথ। পরে ভুগতে হয় ফিনকেও, নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে এক বলে স্মিথকে আউট করলেও আম্পায়ার ডাকেন ‘ডেড’ বল। ওই সিরিজের তুমুল বিতর্কের পরই এমসিসি আইনটি পর্যালোচনার কথা জানায়। আর আইন বদলের ঘোষণা আসে ফেব্রুয়ারিতে। যদিও আইন হিসেবে আনুষ্ঠানিক লিপিবদ্ধ হবে আগামী ১ অক্টোবর। তবে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস জানান, যেহেতু ১ অক্টোবরের আগে চ্যাম্পিয়নস ট্রফিসহ আরও অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে, আইনটি তাই আগেভাগেই চালু করে দিচ্ছে আইসিসি।সমস্যা কাটাতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন ফিন। সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজ থেকে রানআপ বদলে চার কদম ছোট করেছেন, অ্যাকশনে খানিকটা পরিবর্তন এনেছেন। তার পরও কাটিয়ে উঠতে পারছেন না। এখন তো তাঁকে পারতেই হবে! ওয়েবসাইট।