'ফিনালে, ফিনালে' কাঁপছে জার্মানি

মঙ্গলবারের মঙ্গলপ্রদীপ দুই ঐতিহাসিক ফুটবল শক্তির কার ঘর আলোয় ভরিয়ে দেবে, এই ভাবনায় বুঁদ হয়ে ছিল গোটা ফুটবল-বিশ্বই। জার্মানরা তো রীতিমতো আবেগে থরথর।
হ্যানোভারে ১০ বছরের স্কুলছাত্র আলেক্স সকাল থেকেই জার্মানির জার্সি পরে তৈরি। খেলা দেখতে যেন তর সইছিল না। কে জিতবে জিজ্ঞাসা করতেই উত্তর, ‘সারা রাত উত্তেজনায় ঘুম আসেনি। তবে অবশ্যই জার্মানি জিতবে।’ টিফিন পিরিয়ডে স্কুলের মাঠে অনেকের গায়ে জার্মানির জার্সি, ওরা ফুটবল খেলছে আর ‘ফিনালে, ফিনালে’ চিৎকার করছে, জার্মান ভাষায় ফিনালে শব্দের অর্থ ফাইনাল। স্কুলের ক্রীড়াশিক্ষক রাইনার্ড বললেন, ‘খেলাটা হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। তবে জিতবে জার্মানি।’
সকাল থেকে জার্মানিজুড়ে অঝোর ধারায় বৃষ্টি। তা উপেক্ষা করে হ্যানোভারের ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্রে হাজির হাজার খানেক মানুষ। ছাতা মাথায় আর বৃষ্টি জ্যাকেট পরে অবিরাম মানুষ আসছে বড় পর্দায় খেলা দেখতে।
একেকটি গোল হচ্ছে আর আনন্দে মেতে উঠছে জার্মানরা। চিৎকার-হইচইয়ের মধ্যে কিছু ছেলেমেয়ে বেঞ্চের ওপরে উঠে নাচতে শুরু করেছে, পেছনের মানুষ বড় পর্দায় খেলা দেখতে পারছে না, সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। ৪ নম্বর গোলটি হওয়ার পর আকাশের দিকে অনেক ছাতা ছুড়ে মারল, এভাবে আরও তিনটি গোল। ব্রাজিলের বিরুদ্ধে সাত-সাতটি গোল, অনেকের চোখ কপালে উঠে গেছে। অনেকেই সমবেতভাবে ফুটবলের গান করছে আর একটু পর পর ফিনালে ফিনালে বলে চিৎকার করছে। অনেক রাতে রাস্তাজুড়ে বাজি পুড়ছে আর সেই ফিনালে ফিনালে আওয়াজ জার্মানজুড়ে আছড়ে পড়ছে। সত্যিই অতুলনীয় এই দৃশ্য।