‘ফিফটি’র কাছাকাছি মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে আছে হ্যাট বা ক্যাপ খুলে ফেলা, ব্যাট উঁচিয়ে গ্রহণ করা অভিবাদন। কিন্তু ফুটবলে? ফুটবলে ফিফটি করলে কীভাবে উদ্যাপন করতে হয়? দেখা যাক, লিওনেল মেসি কী করেন!ফিফটির একদম কাছাকাছি চলে এসেছেন এই আর্জেন্টাইন জাদুকর। পরশু শাখতার দোনেৎস্কের মাঠে গিয়ে হেলেদুলে খেলে বার্সেলোনা ১-০ গোলে জিতল। গোলটি তাঁরই। বার্সার সেমিফাইনালে যাওয়ার দিনে মেসি করে ফেললেন ক্লাবের হয়ে মৌসুমে তাঁর ৪৮তম গোল। গড়লেন নতুন স্প্যানিশ রেকর্ড। এর আগে ব্রাজিলের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো ১৯৯৬-৯৭ মৌসুমে করেছিলেন ৪৭ গোল।গত মৌসুমে মেসি সেই রেকর্ড ছুঁলেও ভাঙতে পারেননি, ৫৩ ম্যাচে ৪৭ গোল করেই থেমে গিয়েছিলেন। ভাঙলেন এবার। এবার ৪৬ ম্যাচেই ৪৮ গোল। স্পেনের ক্লাব ফুটবলে এই মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এখন তাঁর একার। ৫০তম গোল করার সুযোগ সামনে। ৪৩ মিনিটে করা মেসির গোলটি চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে তাঁর নবম। এবারের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন। বাকি ৩৯টি গোলের ২৯টি স্প্যানিশ লিগে, ৭টি স্প্যানিশ কাপে, ৩টি স্প্যানিশ সুপার কাপে। মেসির রাতে বার্সাও একটি রেকর্ড করেছে। টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল পেপ গার্দিওলার দল। এএফপি।