'ফিরব না, এমন পণ করিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আকবর পোরমুসলিমি
আলী আকবর পোরমুসলিমি

ঘুরেফিরে পুরোনো ঠিকানায় এসে পড়লেন আলী আকবর পোরমুসলিমি। দ্বিতীয়বারের মতো আবাহনীর দায়িত্ব নিতে কাল ঢাকা এসেই কাজ শুরু করেছেন ইরানি কোচ। বিকেলে ক্লাব মাঠে অনুশীলনের পর বললেন নতুন অধ্যায় নিয়ে
 আবার আবাহনীর কোচ হয়ে ঢাকা আসবেন ভাবতে পেরেছিলেন?
আলী আকবর পোরমুসলিমি: কেন নয়? পেশাদার কোচ হিসেবে যখন যেখানে ডাক পাব, যাব। কাজেই আবাহনীতে আর ফিরব না, এমন পণ করিনি কখনোই।
 কিন্তু সাফল্য দিলেও আপনাকে বাদ দিয়েছিল আবাহনী। কখনো মনে হয়নি ডাকলেও আর আসব না? তা ছাড়া আপনার সঙ্গে তো বেতন নিয়ে একটু মন-কষাকষিও হয়েছিল...
আলী আকবর: আবাহনীর সঙ্গে আমার প্রথম মৌসুমে একটু মনোমালিন্য হয়েছিল। সে বড় কিছু নয়। দ্বিতীয় মৌসুমটা কাটিয়েছি বেশ ভালোই। টানা দুই মৌসুম কাজ করার পর আমাকে বাদ দিয়ে গত মৌসুমে আমারই স্বদেশি কোচ আরদেশির পোরনেমাতকে এনেছে আবাহনী। এটা ছিল আবাহনীর নিজস্ব সিদ্ধান্ত। তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।
 আপনি হয়তো সৌজন্যতার খাতিরে কথাটা বলছেন। কিন্তু আবাহনী পরে বুঝতে পেরেছে আরদেশিরকে আনা ভুল ছিল। এটা কি জানেন?
আলী আকবর: আরদেশিরের আমলে আবাহনী কেমন ফল করেছে, আমার দেখার বিষয় নয়। আমি আমার প্রথম মৌসুমে ফেডারেশন কাপ আর দ্বিতীয় মৌসুমে লিগ দিয়েছি। কাজেই সে কথাটা হয়তো ভোলেনি আবাহনী।
 ঘটনাচক্রেই আপনাকে ফিরিয়ে আনা। অস্ট্রেলিয়ান এক তরুণ কোচ এনে আবাহনী এক-দেড় মাস পরই বিদায় দিয়েছে। তারপর আর খোঁজাখুঁজি না করে আপনাকে আনল...
আলী আকবর: বিষয়টা আমি জানি। আবাহনী থেকে বিদায় নেওয়ার পর এই ক্লাবের খোঁজখবর আমি রেখেছি ইন্টারনেটে। মাঝের সময়টা আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশে এএফসির কোচিং ইনস্ট্রাক্টর হিসেবেই কাজ করছিলাম। কিছুদিন অস্ট্রেলিয়ায় ছেলের কাছেও ছিলাম। কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম না বলে আবাহনীর ডাকে ফের সাড়া দিলাম।

 আপনার কী মনে হয়, আবাহনী কেন আপনাকে ফের বেছে নিল?
আলী আকবর: আগেরবার যেভাবে কাজ করেছি, হয়তো তা আবাহনীর পছন্দ ছিল। তাই আমার ওপর আবার আস্থা রেখেছে। আগের দুই মৌসুম আমার কাজ, আমার সবকিছু দেখেছেন কর্মকর্তারা। নিশ্চয়ই সেটা বিবেচনায় নিয়েছেন। আমি আসলে সব না দেখে সাফল্যের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী নই।
 বর্তমান আবাহনীকে তাহলে পুরোপুরি না দেখে উচ্চাকাঙ্ক্ষী হতে চান না?
আলী আকবর: আমি সাফল্য চাই। কিন্তু আজ সবে শুরু করলাম, গোটা দলকে ভালোভাবে দেখতে হবে। এখানে অর্ধেকের মতো খেলোয়াড়কে আগে পেয়েছিলাম। ওদের সম্পর্কে জানাই আছে। বাকিদের বুঝতে হবে ভালোভাবে। সব দেখেই বলতে পারব, এই দল নিয়ে কত দূর যাওয়া সম্ভব। এই সুযোগে বলব, অনুশীলন মাঠটা যেন ভালো পাই। এটা খুব জরুরি। আগের চেয়ে এবার অবশ্য অনুশীলন মাঠটাকে তুলনামূলক ভালোই লাগছে আমার।
 আজ দলটাকে দেখে কেমন মনে হলো?
আলী আকবর: খেলোয়াড়দের শারীরিক ফিটনেস আনতে হবে। আমার প্রথম কাজই হবে ফিটনেস বাড়ানো। তারপর ট্যাকটিক্যাল পরিকল্পনায় যাব। এবার তিন পর্বে লিগ, প্রথম পর্বটা আগে দেখে নিতে চাই। তারপর বলতে পারব, আমাদের পক্ষে কত দূর যাওয়া সম্ভব।
 হাতে সময় তো নেই। নতুন এই অধ্যায়টা একটু কঠিন মনে হচ্ছে না আপনার কাছে?
আলী আকবর: ভীষণ কঠিন। ২৭ ডিসেম্বর লিগ শুরু হলে আমি সময় পাচ্ছি ৪-৫ দিন। এই সময়ে দলকে তৈরি করা মোটেও সহজ নয়। তবু যতটা সম্ভব কাজ করে যাব। সেটাই শুধু আমি এখন করতে পারি। বাকিটা খেলোয়াড়দের ওপর নির্ভর করছে।