‘ফিরে আসার দিবাস্বপ্ন দেখি প্রায়ই’
সর্বকালের অন্যতম সেরা বোলার তিনি, শুধু অ্যাশেজ ধরলে হয়তো সর্বকালের সেরাই। অ্যাশেজে সবচেয়ে বেশি উইকেট তাঁর (১৯৫), তাঁর হাত ধরে জন্ম স্মরণীয় সব অ্যাশেজ মুহূর্তের। ট্রেন্ট ব্রিজ টেস্টে ধারাভাষ্য দেওয়ার অবসরে ইংল্যান্ডের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে শেন ওয়ার্ন ফিরে গেলেন খেলোয়াড়ি জীবনে, তাঁর সময়ের অ্যাশেজে ২০ বছর আগে এমন এক গ্রীষ্মেই আপনার হাত থেকে বেরিয়েছিল ‘বল অব দ্য সেঞ্চুরি’, অ্যাশেজে যা ছিল আপনার প্রথম বল। সম্প্রতি আপনি ওটাকে বলেছেন ‘ফ্লুক’—এটা কি মিথ্যা বিনয়?শেন ওয়ার্ন: নাহ্, ওটা ফ্লুকই ছিল। দেখুন, আমার বয়স তখন ২৩, বোলিং করছিলাম স্পিনে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে। নন স্ট্রাইক প্রান্তে গ্রাহাম গুচ আমার দিকে স্থির তাকিয়ে। সতি বলতে তাই মুহূর্তটি ছিল প্রচণ্ড ভীতিকর ও স্নায়ুচাপের। বোলিং শুরু করার সময় একজন লেগ স্পিনারের চেষ্টা থাকে ছন্দ খুঁজে পাওয়ার, কিছু লেগ ব্রেক করানো, বল টার্ন করানো। প্রথম বলেই নিখুঁত একটি লেগ ব্রেক করা তাই ছিল যথেষ্ট বিস্ময়কর। এরপর প্রতিবারই বোলিংয়ে এসে প্রথম বলে আমি চেষ্টা করেছি ওটার পুনরাবৃত্তি করতে, কিন্তু পারিনি। এ জন্য ওটাকে আমি ফ্লুকই বলি। গ্যাটিংয়ের কথা বললেন, কিন্তু অ্যাশেজে আপনি যাঁদের মুখোমুখি হয়েছেন, তাঁদের মধ্যে সেরা কে?ওয়ার্ন: গুচ। দারুণ এক খেলোয়াড় ছিলেন; নিজের উইকেটটার মহামূল্য ছিল তাঁর কাছে, তাঁর বিপক্ষে বোলিং করা সব সময়ই ছিল কঠিন। জানি না, কতবার আমি তাঁকে আউট করেছি, খুব বেশিবার হওয়ার কথা নয় (ছয়বার)। আমাদের বিপক্ষে বেশ কটি বড় সেঞ্চুরি করেছেন। আমি বোলিংয়ে আসতে আসতে সাধারণত তাঁর ৩০-৪০ রান হয়ে যেত, এ জন্যই তাঁর বিপক্ষে বোলিং করাটা ছিল সব সময়ই কঠিন। ২০০৫ অ্যাশেজ অস্ট্রেলিয়া হারলেও সেটি ছিল অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ। এ নিয়ে ওই সিরিজে আপনার কোনো প্রিয় স্মৃতি আছে?ওয়ার্ন: কোনো সিরিজ হারলে তা উপভোগ করা মুশকিল। কিন্তু আজ আট বছর পর পেছনে তাকিয়ে বলতেই হবে, সিরিজটা ছিল দুর্দান্ত। ক্রিকেটীয় দক্ষতা, খেলোয়াড়োচিত মনোভাব ও দুই দলের মাঝে সৌহার্দ্য ছিল বলেই সিরিজটা সবার মনে জায়গা করে নিতে পেরেছিল। নাটক ছিল, আবেগ ছিল এবং প্রতিটি ম্যাচই শেষ হয়েছে চূড়ান্ত উত্তেজনার মধ্যে। সেই সিরিজে নিয়েছিলেন ৪০ উইকেট, এক সিরিজে আপনার সর্বোচ্চ। এটা কি ব্যক্তিগত গর্ব ছিল?ওয়ার্ন: হ্যাঁ, অনেকেই ২০০৫ অ্যাশেজকে মনে করে সর্বকালের সেরা সিরিজগুলোর একটি। পারফর্ম করতে পারাটা ছিল তাই দারুণ ব্যাপার—এমনকি ব্যাটসম্যান হিসেবেও। মনে আছে, ৬ উইকেটে ১০০ বা এমন বিপর্যয়ের মধ্যে আমাকে বেশ কবার নামতে হয়েছে। কারণ, ওই সিরিজটাতে ছিল দারুণ সব ফাস্ট বোলার—সেটা হোক সাইমন জোন্স কিংবা স্টিভ হার্মিসন বা অ্যান্ড্রু ফ্লিনটফ। মানসম্পন্ন সুইং বোলিং এবং তুমুল গতির কোনো বিরাম ছিল না। উইকেটের পাশাপাশি রান পাওয়াটাও (২৪৯) তাই ব্যক্তিগত দিক থেকে ছিল তৃপ্তির। তবে আমার খেলা বাকি আটটি অ্যাশেজ আমি আরও বেশি উপভোগ করেছি, কারণ আমরা সেসব জিতেছি। ১২ মাস নিষিদ্ধ (২০০৩ সালে ডিউরেটিক নেওয়ার জন্য) থাকার পর সেটা ছিল আপনার প্রথম অ্যাশেজ। কিছু প্রমাণের প্রতিজ্ঞা ছিল?ওয়ার্ন: আমি এটাকে বলি আমার বাধ্যতামূলক ছুটি। আসলে আমি মনে করি, ১৩-১৪ বছর ধরে টানা খেলা ও ভ্রমণের পর আমার শরীরটা বিশ্রাম পেয়েছিল ওই বিরতিতে। তিন-চার মাস আমি দিনে দুবার একজন পেশাদার ট্রেনারের সঙ্গে ট্রেনিং করেছি। আমার শরীরটা তাতে আরও শক্তিশালী হয়েছিল। এর পরের দু-তিন বছর আমার পারফরম্যান্স ছিল বেশ ভালো। কিন্তু এটা কি সত্যি যে, অস্ট্রেলিয়া ২০০৫ অ্যাশেজ জিতলে আপনি অবসর নিয়ে ফেলতেন?ওয়ার্ন: সম্ভবত নিতাম। যদিও এখন পেছন ফিরে তাকালে মনে হয়, খেলা চালিয়ে গেছি বলে আমি খুশি। কেউ কেউ তার পরও বলে, আমি তাড়াতাড়িই অবসর নিয়েছি। তবে শীর্ষে থেকে বিদায় নেওয়াটাই ভালো, লোকে যখন ‘যাচ্ছ না কেন’ জিজ্ঞেস না করে বলবে ‘কেন যাচ্ছ?’। আমার তাই মনে হয়, ২০০৭ সালে আমি সঠিক সময়েই বিদায় বলেছিলাম। তার মানে এই নয় যে, খেলাটা মিস করি না। ফিরে আসার দিবাস্বপ্নও দেখি প্রায়ই। এই মৌসুমে দুটি অ্যাশেজ—আপনি যা কখনোই পাননি—মনে হয় না, যদি এখনো খেলা চালিয়ে যেতাম!ওয়ার্ন: কেন, আপনারা আমাকে মিস করেন? (হাসি) দেখুন, দীর্ঘদিন খেলতে পেরেই নিজেকে ভাগ্যবান মনে করি। কিন্তু আমি এখন পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। ছেলেমেয়েরা বড় হচ্ছে, এ বছর ওরা ১৬, ১৪ ও ১২ হবে—আমরা একসঙ্গে সময় কাটাই, দারুণ লাগে। এলিজাবেথকে (হার্লি) নিয়ে ব্যক্তিগত জীবনে আমি সুখী। যদিও আমি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দেশে কাজ করছি, ব্যস্ততাও অনেক—তার পরও সব মিলিয়ে এটা খুব উপভোগ্য, খুব তৃপ্তিদায়ক এবং আমি খুব সুখী। আপনার ক্যারিয়ার ছিল নাটকীয়তা ও বিতর্কে ভরা। অনেকে মনে করেন, এ জন্যই আপনি কখনো অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হতে পারেননি। আক্ষেপ হয়?ওয়ার্ন: না, কারণ মার্ক টেলর ও অ্যালান বোর্ডারের মতো দুর্দান্ত দুজন অধিনায়কের নেতৃত্বে খেলার সৌভাগ্য আমার হয়েছে—আমি যাদের নেতৃত্বে খেলেছি, তাদের মধ্যে সেরা দুজন। সত্যি বলতে, কোনো কিছু নিয়েই কোনো আক্ষেপ নেই আমার। হ্যাঁ, আবার সুযোগ পেলে দু-একটি ব্যাপার হয়তো ভিন্নভাবে করতাম। কিন্তু আমার মনে হয় না আক্ষেপ পুষে রাখা উচিত, কারণ অতীত পরিবর্তন করা যায় না; কোনোভাবেই না। যতই ভাববেন কী হতে পারত, ততই মাথা খারাপ হবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের দারুণ এক যুগে খেলেছি বলে আমি খুশি। আপনার সেরা সতীর্থ মনে করেন কাকে?ওয়ার্ন: একজন এক নম্বর বের করা মুশকিল। যদি সবচেয়ে আনন্দদায়ী সতীর্থের কথা বলি, তাহলে সম্ভবত হাড্ডাহাড্ডি লড়াই হবে মার্ভ হিউজ, ড্যারেন লেম্যান ও মার্ক ওয়াহর মধ্যে। যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে সেরা বোলার গ্লেন ম্যাকগ্রা, সেরা ব্যাটসম্যান...উমমম, আবারও মার্ক ওয়াহ। ওর পরিসংখ্যান হয়তো আমার সঙ্গে খেলা অন্য অনেকের সঙ্গে তুলনীয় নয়। কিন্তু প্রতিভা আর চোখের আরামের কথা যদি বলি, নব্বইয়ের দশকে সত্যিকার, সত্যিকারের ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ও অবিশ্বাস্য সব শট খেলেছে। আপনার নিজের কোনো প্রিয় অ্যাশেজ-স্মৃতি আছে?ওয়ার্ন: ২০০৭ সালের মেলবোর্ন ছিল আমার জীবনের অসাধারণ একটি সপ্তাহ। প্রিয় এমসিজিতে আমি খেলছিলাম শেষবারের মতো, যে মাঠ অনেকটা ছিল আমার বাড়ির উঠানের মতো। ওখানে ফুটবল (অস্ট্রেলিয়ান রুলস) ও ক্রিকেট খেলেই আমি বেড়ে উঠেছি। শেন ওয়ার্ন ফাউন্ডেশনের বক্সিং ডে ব্রেকফাস্টের জন্য ওই বক্সিং ডে টেস্টের প্রথম দিন সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম ভোর সাড়ে পাঁচটায়, মাইকেল ক্লার্ক ও কেভিন পিটারসেনও এসেছিল। পরে অস্ট্রেলিয়া টস হেরে বোলিং করেছিল, ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে ১০টায় শুরু ধরলে সকালটা ছিল অনেক লম্বা। এরপর ইংল্যান্ড খুব ভালো করছে, এমন সময়ে বোলিংয়ে এসে প্রথম দিনেই ৩০ রানে ৫ উইকেট নেওয়া, এর মধ্যে আবার ছিল ৭০০তম উইকেট, সেটাও ৯০ হাজার দর্শক ও পরিবার-পরিজনের সামনে, সেটাও আবার বড়দিনের সময়ে—আমার চিত্রনাট্যকার কী অদ্ভুতভাবেই চিত্রনাট্যটা লিখেছেন! সবশেষে শেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাশেজের ১৪ বছরে আপনার প্রিয় স্লেজ কোনটি?ওয়ার্ন: আমার প্রিয় হলো ইয়ান বেলকে ‘দ্য শার্মিনেটর’ ডাকা। অনেকেই এর মধ্যে অনেক কিছু খুঁজে পেয়েছে। কিন্তু এটা মাথায় এসেছিল আগের রাতে মাইকেল ক্লার্কের সঙ্গে পিৎজা ও বিয়ার খেতে খেতে আমেরিকান পাই দেখার সময়। টিভিতে সিনেমাটা দেখাচ্ছিল, আমরা একসঙ্গে পরস্পরের দিকে তাকিয়ে বললাম, ‘এ কি, দ্য শার্মিনেটরকে তো দেখতে পুরোপুরি ইয়ান বেলের মতো লাগে! পরের দিন এটা বলার পর ও বলল, ওকে নাকি এর চেয়েও খারাপ কিছু বলা হয়েছে। আমি বললাম, ‘বন্ধু, না, আসলে তা নয়। দ্য শার্মিনেটরের চেয়ে খারাপ কিছু তোমাকে আর কী বলা হবে!’ ওটাই আমার সবচেয়ে প্রিয়।