‘ফিরে এলেন’ টাইগার উডস
জ্যাক নিকলাসকে ছুঁয়ে ফেললেন টাইগার উডস। না, মেজর জয়ে নয়, মোট পেশাদার শিরোপা জয়ে। পরশু যুক্তরাষ্ট্রে ওহাইও অঙ্গরাজ্যের ডাবলিনে দ্য মেমোরিয়াল টুর্নামেন্ট জিতেছেন উডস। এটা তাঁর পেশাদার ক্যারিয়ারের ৭৩তম শিরোপা, ২০০৯ সালে যৌন কেলেঙ্কারিতে জড়ানোর পর দ্বিতীয়। ডাবলিনের এই গলফ কোর্সটার নকশা করেছেন নিকলাস নিজেই। সেখানেই নিকলাসের উপস্থিতিতে জিতলেন উডস। ৮২টি শিরোপা জেতা স্যাম স্নিডই রইলেন শুধু নিকলাস-উডসের ওপরে। টুর্নামেন্টের শেষ দিনে অবিশ্বাস্য এক শট খেলে পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনেন উডস। তিন শটের ১৬তম হোলে বার্ডি করেছেন। পাট করেছেন ৪৮ ফুট দূর থেকে। শটটা কিন্তু খেলতে হয়েছিল এবড়োখেবড়ো জমি থেকে, গলফের পরিভাষায় যেটা ‘রাফ’। এই শটেই শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকান ররি সাবাতিনিকে ধরে ফেলেন। এরপর সাবাতিনি বগি করলে এগিয়ে যান উডস। শেষে আরেকটি বার্ডি করেই নিজের পঞ্চম মেমোরিয়াল জেতেন ৩৬ বছর বয়সী উডস। নিকলাসকে ছুঁতে পেরে আপ্লুত উডসের মুখে ছিল কথার ফুলঝুরি, ‘জ্যাকের সমান ৭৩টি শিরোপা জয়, আর সেটাও এত কম বয়সে, অবশ্যই বিশেষ কিছু। আর এটা ঘটল ঠিক জ্যাকের সামনেই, যে কিনা সর্বকালের সেরা। আর ১৬ হোলের ওই শটটা, ওটাও ছিল মধুর এক ব্যাপার।’ এএফপি।