‘ফিরে যাও পাকিস্তান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্রিটিশরা ফিরে যাও’। দেশভাগের আগে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লাহোর-ইসলামাবাদে উঠেছিল এমনই স্লোগান। ৬০ বছর পর ব্রিটিশদের প্রত্যাঘাত। ‘ফিরে যাও পাকিস্তান’—এমন একটা স্লোগানই উঠছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। সান লিখেছে, ‘ক্রিকেটে প্রতারণা আমরা চাই না। দয়া করে ট্যাক্সিতে করে হিথ্রোতে (বিমানবন্দরে) ওদের পৌঁছে দিন, পুরো পাকিস্তান দলকেই।’যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড এই কেলেঙ্কারি ফাঁস করেছে, সেটি আর সান একই মালিকানাধীন পত্রিকা। ক্রিকেটবিশ্বকে কাঁপিয়ে দেওয়া নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর বোমা বলছে, মাজহার মাজিদ নামের এক বাজিকরের নির্দেশে লর্ডস টেস্টে ইচ্ছে করেই তিনটি নো-বল করেছেন মোহাম্মদ আমির আর মোহাম্মদ আসিফ। ক্রিকেটারদের ওপর তাঁর কতটা নিয়ন্ত্রণ, এটা প্রমাণ করতেই মাজিদ তা করেছিলেন। স্পট ফিক্সিংয়ের শেকড়ের সন্ধান মিলেছে এভাবেই।এ নিয়ে তদন্ত চলছে। চার পাকিস্তানি ক্রিকেটারকে আপাতত নিষিদ্ধ করা হতে পারে বলে খবরও এসেছে। কিন্তু সান তাদের সম্পাদকীয়তে পুরো পাকিস্তান দলকেই ইংল্যান্ড থেকে দেশে ফেরত পাঠানোর দাবি তুলেছে। একই সঙ্গে পত্রিকাটি ঝাঁঝালো ভাষায় সমালোচনা করেছে আইসিসির। পত্রিকাটির দৃষ্টিতে, আইসিসি কিছুই করছে না, ‘স্যুট পরা ক্রিকেটের কর্তাব্যক্তিরা কেবল দাঁত কিড়মিড় করে গজরাচ্ছে। কিন্তু কাজের কাজ করছে না কিছুই।’একই সঙ্গে পত্রিকাটি কঠোর সমালোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পিসিবির বিরুদ্ধে অভিযোগ, বরাবরই দোষী ক্রিকেটারদের হয় আড়াল করার চেষ্টা করা হয়েছে, নয়তো ধামাচাপা দেওয়া হয়েছে পুরো ঘটনাই। এএফপি।