
ফুটবল-মানচিত্রের এক নস্টালজিয়ার নাম উরুগুয়ে। সেই উরুগুয়ের একজন ফুটবলার প্রথমবারের মতো এলেন বাংলাদেশে, যিনি আজ শেখ রাসেলের হয়ে মাঠে নামছেন। ডিয়েগো ফোরলান, লুইস সুয়ারেজদের দেশের ফুটবলার ফ্রান্সিসকো সুকার জানালেন তাঁর নতুন অভিজ্ঞতা
ইকুয়েডর লিগে খেলা শেষ করে কীভাবে অচেনা বাংলাদেশে এলেন?
ফ্রান্সিসকো সুকার: আমার অস্ট্রেলিয়ান এজেন্ট বাংলাদেশে আসার প্রস্তাবটা দিয়েছে। প্রথম শুনে বুঝতে পারিনি, বাংলাদেশ কোথায়? পরে ইন্টারনেট ঘেঁটে বাংলাদেশ সম্পর্কে জেনেছি। আমি পেশাদার খেলোয়াড়। তাই দেশটা চিনি কি না সেটাকে বড় করে দেখিনি।
বাংলাদেশে এসে নিশ্চয়ই বন্ধুদের ফোন-টোন পাচ্ছেন। তাঁরা কি বাংলাদেশ সম্পর্কে জানতে চান?
সুকার: হ্যাঁ, বন্ধুরা বেশ কৌতূহল নিয়ে ফোনে এখানকার সবকিছু জানতে চায়। আমার মা মনে হয় বেশি কৌতূহলী। আমি বলি, এখানে আমি ভালো আছি। ভালোই লাগছে আমার। খাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না। তবে এখনো অনুশীলন মাঠ আর ক্যাম্পের (৯ দিন হয়েছে এসেছেন) বাইরে যাওয়া হয়নি। ইচ্ছে আছে একটু ঘুরে দেখার।
আপনার ক্যারিয়ার নিয়ে যদি বলেন...
সুকার: আমি আসলে উরুগুয়েতেই বেশি খেলেছি। স্থানীয় প্রিমিয়ার বিভাগের দল সেন্ট্রাল এসপানলে কেটেছে আমার শুরুর সময়টা। এরপর অস্ট্রেলিয়ার প্রথম বিভাগের দল অ্যাডিলেড ইউনাইটেড। গত মৌসুমে খেলেছি ইকুয়েডর প্রিমিয়ার লিগের লিগের টেকনিকো ইউনিকোভার্সিকোতে। সেখানে খেলেই আমি ঢাকায় এসেছি।
উরুগুয়ে ফুটবলের দেশ। প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। তা এখন উরুগুয়ের ফুটবল তরুণদের কেমন আকৃষ্ট করছে?
সুকার: এখনো ফুটবল উরুগুইয়ানদের কাছে ধর্মের মতো। সারাক্ষণই শিশুরা বল নিয়ে থাকে। ওটা নিয়েই ওদের বেড়ে ওঠা। আমারও তাই হয়েছিল।
উরুগুয়ের ফুটবলে এখন ফোরলান-সুয়ারেজদের মতো খেলোয়াড়দের প্রভাবটা আসলে কেমন?
সুকার: অনেক, অনেক। ওরা এখন নামী খেলোয়াড়। উরুগুয়েতে মাত্র ৪০ লাখ মানুষ। কিন্তু ফুটবলার অনেক, অনেকে বিখ্যাত। ফোরলান, সুয়ারেজ, লুগানো, কাভানিরা বর্তমান প্রজন্মের ফুটবল-স্বপ্ন এগিয়ে নিচ্ছে। তাদের দেখেই বর্তমান প্রজন্ম ফুটবলে আরও বেশি ঝুঁকছে।
বড় কোনো তারকার সঙ্গে আপনার জানাশোনা আছে?
সুকার: বড় তারকারা তো আসলে অনেক উঁচু স্তরে খেলে। তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ কম আমাদের। মন্টেভিডিওতে অবশ্য একেবারেই তরুণ বয়সে সুয়ারেজের বিপক্ষে খেলেছি, ফোরলানকেও ভালোভাবে চিনি। তবে আমার আদর্শ কিন্তু এঁরা কেউ নন, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ডিয়েগো গোডিনের ভক্ত আমি, তাঁর সঙ্গে ভালো জানাশোনা আছে।
আপনি উরুগুয়ের খেলোয়াড়, আপনার ওপর সবার আলাদা চোখ থাকবে ঢাকায়। পারবেন প্রত্যাশা মেটাতে?
সুকার: আমি সর্বাত্মক চেষ্টা করব। তবে গোল করার সম্ভাবনা আমার খুবই কম। আমি ডিফেন্সিভ মিডফিল্ডার। গত মৌসুমে অবশ্য একটা গোল করেছি। ঢাকায় গোল পাব কি না জানি না।
ফুটবলার হিসেবে এমনিতে আপনার বিশেষত্ব কী?
সুকার: আমি দ্রুত বল ছাড়তে পছন্দ করি। এক-দুই টাচের বেশি নিই না। আধুনিক ফুটবলে বল বেশিক্ষণ পায়ে রাখার সুযোগ কম।
আপনার বেড়ে ওঠা কীভাবে?
সুকার: আমি মা-বাবার একমাত্র সন্তান। মা একটা স্কুলের প্রিন্সিপাল। বাবা আইনজীবী। মন্টেভিডিও থেকে ১৩০ কিলোমিটার দূরে রোসারিও শহরে আমার বাস। তবে যেহেতু সব পেশাদার ফুটবলারই মন্টেভিডিও থেকে উঠে আসছে, তাই মাত্র ১৪ বছর বয়সে (এখন বয়স ২৭) আমি ফুটবল-স্বপ্ন নিয়ে মন্টিভিডিওতে আসি। সেখানেই ফুটবলার হিসেবে গড়ে ওঠা।