‘ফুল স্টপ না আসা পর্যন্ত বাক্য সম্পূর্ণ নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ফাইনালের চাপ প্রসঙ্গেমহেন্দ্র সিং ধোনি: সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে বেশি বিরতি না থাকাটা ভালো হয়েছে। বেশি চিন্তা মাথায় ভর করার সময় পায়নি। প্র্যাকটিস করো, ঘুমাও, সকালে উঠে মাঠে এসে খেলো এই তো! তবে হ্যাঁ, ভারতে খেলা হচ্ছে, আমরা ফাইনাল খেলছি, এটা তো একটা বড় ব্যাপারই। আবার কবে উপমহাদেশে বিশ্বকাপ হবে, কে জানে! ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি না?ধোনি: প্রতিটি ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেও আমাদের চ্যালেঞ্জ ছিল। তবে আমরা বরাবরের মতোই রেজাল্ট নিয়ে ভাবছি না। সেটি তো আর নিজেদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়াটাই আসল। মাঠে ভিআইপিদের ভিড়ে খেলাটা সাধারণ মানুষের থাকছে কি না?ধোনি: কেন থাকবে না? পুরো দেশই তো খেলা দেখবে। সবাই হয়তো স্টেডিয়ামে আসতে পারবে না, তবে খেলা ঠিকই দেখবে। এ দেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। ভারত ভারতে ফাইনাল খেলছে—এর চেয়ে বড় আর কী হতে পারে? কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালে দারুণ দুটি জয় প্রসঙ্গেধোনি: কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালের কথা ভেবে লাভ নেই, এখন ফাইনালটাই আসল। ওই দিনে আপনি কী করেন, সেটিই গুরুত্বপূর্ণ। ওই ফুল স্টপ না আসা পর্যন্ত বাক্য সম্পূর্ণ নয়। আমরা আমাদের শক্তি-দুর্বলতার কথা জানি। এখন যেটা প্রয়োজন, তা হলো মাঠে নেমে নিজেদের উজাড় করে দেওয়া। আমাদের জন্য এটা অনেক বড় ম্যাচ। বিশ্বকাপ জিতে কোচ গ্যারি কারস্টেনকে বিদায়ী উপহার দিতে চান কি না?ধোনি: ওটা তো মনে থাকবেই। তবে ওটা নিয়ে বেশি ভাবলে তা কি আমাদের পারফরম্যান্সে সাহায্য করবে? তাই বেশি না ভাবাই ভালো। সবাই এমনিতেই এই ম্যাচে ভালো করতে চায়। গ্যারি আমাদের জন্য কী করেছে, ড্রেসিংরুমের পরিবেশটা কেমন একটা সুখী পরিবারের মতো করে দিয়েছে, এটা তো আমরা বিশ্বকাপের পরও মনে রাখব। এই বিশ্বকাপে ভারতের সামর্থ্যের সেরা রূপ দেখা গেছে কি না?ধোনি: সামর্থ্যের কথা যদি বলেন, তাহলে বলব আমরা আরও ভালো করতে পারি। এই টুর্নামেন্টে আমরা যথেষ্টই ভালো করেছি, অনেক রানে জিতেছি, তাড়া করার সময় জিতেছি বেশ কটি উইকেট হাতে রেখে। যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি, ফাইনালটা খুব ইন্টারেস্টিং হবে। বোলারদের ছোট ছোট স্পেলে ব্যবহার করা প্রসঙ্গেধোনি: বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করলে সেটির কিছু সুবিধা তো আছেই। একেবারে নির্দিষ্ট কিছু ঠিক না করে মাঠে নামাই ভালো। বেশির ভাগ দলের ক্ষেত্রেই আপনি জানেন, ওরা কোন বোলারকে কখন কত ওভার বোলিং করাবে। এ জন্যই অন্যকিছু করা জরুরি। প্রতিপক্ষ হয়তো জানে, ওদের সেরা বোলার এই সময় ৩ ওভার করবে। আপনি যদি ২ ওভার পরই তাকে সরিয়ে নেন, তা হলে প্রতিপক্ষ একটু চমকে যাবে। কখনো হয়তো কেউ শর্ট স্পেল করবে বলে ওরা ভাবছে, আপনি তাকে একটু বেশি বোলিং করালেন। নেহরা নেই বলে অশ্বিনের খেলাটা নিশ্চিত কি না?ধোনি: ঠিক বলা যায় না। মুম্বাইয়ের উইকেটে পেস ও বাউন্স আছে। একজন বাড়তি সিমার কাজে আসতে পারে। তা ছাড়া তৃতীয় সিমার খেললে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা যায়। তিনজন স্পিনার খেলালে, তার ওপর যদি দলে পার্টটাইমাররা সব স্পিনার হয়, তা হলে সেটি কঠিন। আর দুই সিমারের একজনের যদি দিনটা খারাপ হয়, তা হলে তো গেলই। অশ্বিন যে কয়টা ম্যাচে খেলেছে, ভালো খেলেছে। তবে বোলিং কম্বিনেশন নিয়ে আমি এখনো নিশ্চিত নই। টসে জিতলে ব্যাটিং, না ফিল্ডিং কোনটা ভালোধোনি: ফাইনালে সবাই প্রথমে ব্যাটিং করে বড় রান করতে চাইবে। পরে হয়তো উইকেট একটু ধীর হয়ে যাবে, তবে আসল কারণ পরে ব্যাটিং করার সময় রান তাড়া করার চাপটা বাড়তি যোগ হবে। তবে এই বাড়তি চাপটা ছাড়া এখানে আগে-পরে ব্যাটিং করায় খুব একটা আসে-যাবে বলে মনে হয় না। স্বাগতিক দল কখনো বিশ্বকাপ জেতেনি, এই ইতিহাস বদলে দিতে পারবেন কি না?ধোনি: ফাইনালের রেজাল্ট যা-ই হোক, আমি দল নিয়ে গর্বিত। এই দলে সবাই সবার পাশে এসে দাঁড়ায়, প্রত্যেকে প্রত্যেকের ভূমিকা জানে। দলীয় খেলায় এটা খুব গুরুত্বপূর্ণ। মাঠে ১১ জন থাকে, বাইরে ৪ জন—সবাইকে এক হয়ে খেলতে হয়। এই দলে ১৫ জন না হলেও ১২-১৩ জন তারকা আছে, যারা একাই ম্যাচ জেতাতে পারে। এমন দলকে নেতৃত্ব দেওয়া গর্বের ব্যাপার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সময়কার ধোনির সঙ্গে পার্থক্যধোনি: খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। সেবারও খুব রোমাঞ্চিত ছিলাম, এবারও তাই। মাঝখানে আরও অনেক বড় ম্যাচ খেলেছি। তবে আমার মনে হয়, আমি আগের মতোই আছি। আমি আসলে রেজাল্ট নিয়ে বেশি চিন্তা করি না। আপনি শুধু নিজের প্রস্তুতিটাই ঠিকঠাক নিতে পারেন। রেজাল্ট আপনার হাতে নেই। এমন তো হতেই পারে, আমরা সেরা খেলাটা খেলার পরও প্রতিপক্ষ আরও ভালো খেলে আমাদের হারিয়ে দিল। এ নিয়ে ভেবে তাই কী লাভ! মুরালিধরনের খেলা নিয়ে অনিশ্চয়তাধোনি: ওদের কে খেলছে না খেলছে, আমরা তা নিয়ে ভাবছি না। হ্যাঁ, অবশ্যই এতে আমাদের আসে-যায়, তবে এটা তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। মুরালির সঙ্গে চেন্নাই সুপারকিংসে একসঙ্গে খেলেছি। ওর মতো খেলোয়াড় ড্রেসিংরুমে থাকা খুব ভালো। প্রতিপক্ষ হিসেবেও ও ভালো। খেলাটা খেলার মতোই খেলে। আমি নিশ্চিত, ও এক পায়ে হলেও ফাইনালে ঠিকই খেলবে।  নিজের মাঠে শততম সেঞ্চুরির হাতছানি এবং শচীন টেন্ডুলকারধোনি: নতুন আর কী বলব! এখনো খেলাটার প্রতি ওর ভালোবাসা ও আবেগ চিন্তা করা যায় না। বিস্ময়কর এক লোক! ২১ বছর ধরে সেই একই মানসিকতা ধরে রেখেছে। আমার তো মনে হয়, ঈশ্বর ওকে তৈরিই করেছেন ক্রিকেট খেলার জন্য। ও খেলে যাচ্ছে, আশা করি, ও আরও কয়েক বছর এভাবেই খেলে যাবে।