হকি অঙ্গনে এখন শোনা যায়, ‘ওই যে কোচ ঘুরছে। কাজকর্ম নেই। কখন আসে, কখন যায়...ঠিক-ঠিকানা নেই!’ যাঁকে উদ্দেশ করা বলা, তাঁর নাম পিটার গেরহার্ড। বাংলাদেশের হকিতে বেশ প্রভাব বিস্তার করে বসা গেরহার্ড অবাক করা চরিত্রই। কিছুটা রহস্যময়ও। আনুষ্ঠানিক চুক্তি ছাড়া একটা বছর এ দেশের হকির সঙ্গে কীভাবে কাটিয়ে দিলেন? উদ্দেশ্য-ই বা কী? এসব নিয়েই বলছেন জার্মান কোচ এক বছর বেতন ছাড়া বাংলাদেশে কাজ করলেন কী করে? বেতন ছাড়া কাজ করার মতো কোচ দুনিয়ায় তাহলে আছে?পিটার গেরহার্ড: আসলে বেতনের ব্যাপারটা এত দিন আমার কাছে মুখ্য ছিল না। দুবাইয়ে আমার একটা কোম্পানি ছিল। এ কারণে সমস্যা হয়নি। তবে এখন সমস্যা দেখা দেওয়ায় আমি ফেডারেশনের কাছে চুক্তির দাবি জানিয়েছি এবং একটা ব্যবস্থা করতে পেরেছেন ফেডারেশন সেক্রেটারি। দুবাইতে কী কোম্পানি ছিল? গেরহার্ড: মেনটেন্যান্স। ওই দেশে তো ভিলা আছে, ওখানে ক্লিনিংয়ের কাজে ক্লিনার সাপ্লাই দেওয়া। তবে সেটা শুধু ইউরোপিয়ানদের জন্য। কবে এটা গুটিয়ে ফেললেন?গেরহার্ড: সম্প্রতি। কারণ ৮ বছর আগে শুরুর সময় দুবাইয়ে টাকা বানানো যত সহজ ছিল, এখন কঠিন। দুবাই এই সময়ে টাকা বানানোর জন্য ভালো স্থান নয়। সে জন্যই এবার চুক্তি করার জন্য চাপ দিয়েছেন ফেডারেশনকে?গেরহার্ড: বেতন দেওয়ার প্রতিশ্রুতিটা আগেই ছিল ফেডারেশনের পক্ষ থেকে। কিন্তু ফেডারেশন দিতে পারেনি। এখন আমার টাকার দরকার। তাই বেতন চেয়েছি। নইলে চলে যাব বলেছিলাম। গত বছর দুটি প্রস্তাব ছিল। এখন আরেকটি আছে। তবে এখন সমস্যার সমাধান হয়েছে। আপনি যেভাবে আসা-যাওয়া করেন, তা দেখে অনেকেই বলেন, কী আর কোচিং করান। আপনার নাকি কোনো কাজই নেই!গেরহার্ড: উফ্, কে বলে এসব। আপনাদের এখানে ফালতু কিছু লোক আছে। ওরাই এসব বলে। আমি ওদের চিনি। আপনি বাংলাদেশের হকিতে কী পরিবর্তন আনতে পেরেছেন?গেরহার্ড: শুনুন, আমি ইউরোপে নিয়েছি খেলোয়াড়দের। ওদের আমি ইউরোপিয়ান হকি শেখাই। আমার খেলোয়াড়েরা কোচ হয়েছে এবারের স্কুল হকিতে। কৃষ্ণর কোচিংয়ে তার দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলোয়াড়েরা দেখিয়েছে, তারা আমার কাছে কী শেখে। আর কিছু?গেরহার্ড: একটা উদাহরণ দিই, এখন ভালো শট কর্নার নিচ্ছি আমরা। শট কর্নার আটকাচ্ছিও ভালো। যেমন ভারত এবার এসএ গেমসে আমাদের বিপক্ষে ৮টি পেনাল্টি কর্নার পেয়ে গোল করেছে মাত্র একটি। এটা ভালো পরিবর্তন নয়? বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে কাজ করতে কেমন লাগছে?গেরহার্ড: এ দেশের ফেডারেশনের কোনো পরিকল্পনা নেই। সেক্রেটারি জামিল, আর আনভির কাজ করছে। এই দুটি লোকই দেখি আন্তরিক। আর এই দেশে অনেক বেশি সমালোচনা, যার অর্থ কথা বলার লোক বেশি। এই কথা বলা লোকেরা কিছু অর্জন করতে পারবে না। এ দেশের হকির ভবিষ্যত্ কী মনে হয়?গেরহার্ড: ভবিষ্যত্ ভালো। তবে ফেডারেশনকে কাজ করতে হবে। আমার দেশেও ফেডারেশন আছে। বাংলাদেশেও আছে। কিন্তু দুটোর মধ্যে অনেক তফাত্। দুই দেশের ফেডারেশনের প্রতিটি কক্ষের দরজায় একটা করে নাম আছে। জার্মানিতে আমরা জানি, দরজার পেছনে কী কাজ হচ্ছে। এখানে জানি না। এই তফাত্। এ দেশের হকি তো ক্লাবের কথায় চলে। এটা আপনি জানেন? কোনো ক্লাবে গিয়েছেন?গেরহার্ড: ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে তেমন ধারণা নেই। তারা আমাকে ডাকেও না কখনো। জানি না তারা কেন আমাকে পছন্দ করে না। মোহামেডানের সাজেদ আদেল কথা-টথা বলেন। তাঁকে ভালোই মনে হয় আমার।