‘ফেবারিট তকমাটা পছন্দ নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তা রা র ক থা আন্দ্রেস ইনিয়েস্তা স্পেন চোটের সঙ্গে লড়তে হয়েছে এ মৌসুমে। কিন্তু ভিসেন্তে দেল বস্ক তাঁকে ঠিকই দলে রেখেছেন। কারণটা ভালো বলেছেন সতীর্থ জাভি হার্নান্দেজ, ‘অনেকটা ব্যবধানে এগিয়ে স্পেনের সেরা ফুটবলার সে।’ স্পেনের সেই অপরিহার্য ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা জানাচ্ছেন তাঁর বিশ্বকাপ ভাবনা—ইউরোজয়ী দলটার চেয়ে আমরা এখন আরও বেশি শক্তিশালী। আমরা জানতাম, ওই টুর্নামেন্ট জয়ের পর এক জায়গায় থেমে থাকলে চলবে না। বিশ্বকাপ জয়ের জন্য আমাদের প্রত্যেককেই এক ধাপ এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়াটা শুরু হয়েছে ইউরো জয়ের পর থেকেই। বিশ্বকাপ বাছাইপর্বে সবগুলো ম্যাচ জয়ই এর সবচেয়ে বড় প্রমাণ। ফুটবলে বড় কোনো শিরোপার পর সবচেয়ে কঠিন বিষয় হলো মাথা ঠিক রাখা। এত বড় অর্জনের পর এক ধরনের অবসাদ, আলসেমি স্বাভাবিকভাবেই চলে আসে। কিন্তু আমাদের এই দলকে ওই কাতারে ফেলা যাবে না। আমরা সবাই ক্লাবে কঠিন পরিশ্রম করি, জয়ের তীব্র ক্ষুধা সঙ্গী থাকে জাতীয় দলেও।এসবের পেছনে একটা বড় অবদান ম্যানেজারের। ভিসেন্তে দেল বস্ক সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেন, কঠোর পরিশ্রম করেন। একটা জয়ী দলের দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন ছিলেন। তিনি বড় কোনো পরিবর্তন আনার চেষ্টা করেননি বা খেলার ধরন বদলে দেওয়ার চেষ্টা করেননি, স্রেফ সূক্ষ্ম কিছু সমন্বয় করেছেন। হয়তো আমরা এখন একটু বেশি জায়গা নিয়ে খেলি। কিন্তু তাঁর হাতে যেসব ফুটবলার আছে এবং আমরা যেভাবে নিজেদের মেলে ধরি, তাতে তাঁর জন্য বিকল্পের অভাব নেই।লোকে বলছে, আমরা ফেবারিট কিন্তু এই তকমাটা আমার ঠিক পছন্দ নয়। এ ধরনের কথা অনেকবারই শোনা গেছে, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, এসব বরং আরও দুর্বল করে দেয়। ফেবারিটের মর্যাদা পাওয়ার মতো তেমন কিছু স্পেন কখনোই বিশ্বকাপে করতে পারেনি। প্রতিবার যারা ফেবারিট থাকে তারা এবারও ফেবারিট—ইংল্যান্ড, ব্রাজিল, ইতালি। বিশ্বকাপ জয় করার মতো সবকিছু নিয়েই আমরা দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। কিন্তু জয়ের সামর্থ্য থাকা বা ফেবারিটের মর্যাদা পাওয়া থেকে সত্যি সত্যিই বিশ্বকাপ জেতাটা অনেক দূরের পথ।