'ফেবারিট' ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট কোন দল? সবার সমস্বরে জবাব, ‘ভারত, ভারত’! নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও সেটি মেনে নিয়েছিলেন আগেভাগেই। তবে মাঠের খেলায় তার ছিটে ফোটাও দেখা গেল না। ‘ফেবারিট’ ভারতকে নিজেদের মাটিতে রীতি মতো নাকানিচুবানি খাইয়ে ছাড়ল নিউজিল্যান্ড। ‘মূল’ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৪৭ রানের হারিয়েছে কিউইরা।
ম্যাচের প্রথম ওভারেই অশ্বিন বল করতে চলে এসেছিলেন। একে একে এলেন রায়না ও জাদেজাও। যে-ই বল করছিলেন তাঁর বলেই ঘূর্ণি! তখনই বোঝা গিয়েছিল আজ স্পিনাররা ছড়ি ঘোরাবেন। তা স্পিনাররা ছড়ি ঘোরালেন বটে তবে স্বাগতিক দলের নন, নিউজিল্যান্ডের স্পিনাররা। নাথান ম্যাককালাম, মিচেল স্যান্টনার ও ইশ সোধি ১১ ওভারে ৪৪ রান দিয়ে পেলেন ৯ উইকেট। উল্টোদিকে ভারতের তিন স্পিনার ১২ ওভারে ৭৪ রান দিয়ে পেলেন ৩ উইকেট। ভারত তো ম্যাচ হেরে গেল এখানেই। নিজেদের ফাঁদে নিজেরাই আটকা পড়ল ভারত। ম্যাককালাম-স্যান্টনারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা অসহায় হয়েছিলেন। সর্বোচ্চ ৩০ রান ধোনির, বিরাট কোহলির ২৩ ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া শুধু অশ্বিনই পেরেছেন দুই অঙ্ক ছুঁতে। ৭৯ রানে অলআউট ভারতের মাটিতে টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোর করেছেন ধোনিরা।
অথচ ইনিংসের শুরুটা বেশ উত্তেজনায় ভরপুর এক ম্যাচের প্রতিশ্রুতি দিচ্ছিল। অশ্বিনের প্রথম বলে গাপটিলের অসাধারণ ছক্কা, পরের বলেই ‘শোধ’ তুলে নিলেন ভারতীয় অফ স্পিনার। চতুর্থ বলেই আবার কলিন মানরোর ছক্কা! প্রথম ওভারেই সব মিলিয়ে ১৩ রান, এক উইকেট। বল-ব্যাটের জমজমাট লড়াইয়ের একটা গল্পই হয়তো আশা করছিলেন ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু অতটুকুই। নেহরা-বুমরাহর সামনে বেশ অস্বস্তিতেই ছিলেন কিউই ব্যাটসম্যানরা। অস্বস্তিটা চলল পুরো ইনিংসজুড়েই। এমনই যে, পিচের অল্প সুবিধা তুলে নিয়ে জাদেজা-রায়নারাও যেন হয়ে উঠলেন ‘মুরালি-হেরাথ’! নিউজিল্যান্ডের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি রান এসেছে কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে, ৩৪। কিন্তু নামের কারণেই অবিশ্বাস্য লাগতে পারে, টেস্ট-প্রমাণ ছিল অ্যান্ডারসনের ইনিংসটা (৪২ বলে)! রায়নার দুর্দান্ত ক্ষিপ্রতায় রানআউট হওয়ার আগে একই রকম টেস্ট গতির ছিল রস টেলরের ইনিংস (১৪ বলে ১০)। আর অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনিংসের তো টেস্টের তুলনায়ও রীতিমতো ‘প্রস্তর-যুগে’র—১৬ বলে ৮!
তারপরও যে শেষ পর্যন্ত ১২৬ রানে পৌঁছেছে নিউজিল্যান্ডের ইনিংস, তার কৃতিত্ব মিচেল স্যান্টনারের ১৭ বলে ১৮ ও লুক রনকির ৯ বলে ১৩ রানের ইনিংস দুটির। বোলিংয়ে ভারতের হয়ে এক হার্দিক পান্ডিয়া ছাড়া বাকি সবাই এক উইকেট করে পেয়েছেন। তবে দুই ওভারের বেশি করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলারটির নাম রবিচন্দ্রন অশ্বিন, ৪ ওভারে ৩২ রান দিয়েছেন তিনি।