এবারের উইম্বলডন কি নতুন কোনো চ্যাম্পিয়ন দেখবে? রজার ফেদেরার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। তিনি নিজে তো আছেনই, সঙ্গে অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ। পুরুষ সার্কিটের ‘ফ্যাব ফোর’-এর কাছে অন্যরা পাত্তা পাবেন না বলেই বিশ্বাস রেকর্ড ১৮টি গ্র্যান্ড স্লামজয়ীর। মেয়েদের সার্কিটে সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস নেই। ডোপিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন আগে কোর্টে ফেরা মারিয়া শারাপোভা ওয়াইল্ড কার্ড পাননি। মেয়েদের শিরোপার লড়াইটা এবার তাই উন্মুক্ত

২০০২ সালে উইম্বলডন জয়ের উচ্ছ্বাসে ভেসেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা লেটন হিউইট। পরের ১৪ বছর অল ইংল্যান্ড ক্লাবে মুকুট ভাগাভাগি করে নিয়েছেন ফেদেরার, জোকোভিচ, মারে আর নাদাল। সাতবার চ্যাম্পিয়ন হয়ে ফেদেরার অন্য তিনজনের চেয়ে নিরঙ্কুশ এগিয়ে। জোকোভিচ জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ তিনবার। আর দুবার করে বিজয়ী নাদাল-মারে।
ফ্যাব ফোরের এবারের উইম্বলডন প্রস্তুতিটা হয়েছে ভালোমন্দের মিশেলে। কুইন্স ক্লাবে এজন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন অ্যান্ডি মারে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রিটিশ তারকা এরপর নিতম্বের চোট নিয়ে বেশ কিছুদিন কোর্টের বাইরে কাটিয়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য ফ্রেঞ্চ ওপেন জয়ের পর গ্রাস কোর্টে অনুশীলনই করেননি নাদাল। গত পরশু ইস্টবোর্ন ওপেন জয়ের আগে অনেকটাই নিজের ছায়া হয়ে ছিলেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা জোকোভিচ। বাকি রইলেন ফেদেরার। এবার পুরো ক্লে-কোর্ট মৌসুমটাই কাটিয়েছেন কোর্টের বাইরে। আড়মোড়া ভেঙেছেন ঘাসের কোর্টের টুর্নামেন্ট স্টুটগার্ট ও হ্যাল ওপেনে খেলে। স্টুটগার্টে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া ফেদেরার স্বরূপটা দেখিয়ে জিতেছেন হ্যাল ওপেন।
ফেদেরার এগুলোকে বড় করে দেখছেন না। উইম্বলডনে তাঁর তিন প্রতিদ্বন্দ্বী সময়মতো জ্বলে উঠবেন বলেই মনে করেন সুইস কিংবদন্তি। ফিট থাকলে মারের সেরা খেলাটাই সবাই দেখতে পাবে বলে জানিয়েছেন ফেদেরার, ‘কুইন্সে অ্যান্ডির প্রথম রাউন্ডে বিদায় নেওয়া বড় কিছু নয়। সবকিছু নির্ভর করে তার ফিট থাকার ওপর।’ বাকি দুজন জোকোভিচ আর নাদালও ভালো খেলবেন বলে নিশ্চিত সুইস তারকা, ‘নোভাক মাত্রই ইস্টবোর্নে জিতে এসেছে। আর রাফা ক্লে কোর্টের দুর্দান্ত ফর্ম নিয়ে আসছে। আমার মনে হচ্ছে তাদের হারানোটা কঠিন হবে।’
নিজেকে নিয়ে ফেদেরার তেমন কিছু বলেননি। ফেদেরারের কথা তো তাঁর সাম্প্রতিক ফর্মই বলে দিচ্ছে। গত বছর অল ইংল্যান্ডের সবুজ চত্বরে সেমিফাইনালে মিলোস রাওনিচের কাছে হেরে যাওয়ার পর অনেকেই তাঁকে ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়। নিভে যেতে যেতে ফেদেরার আবার জ্বলে উঠলেন চলতি মৌসুমে। অস্ট্রেলিয়ান ওপেন জিতে ঘরে তুলেছেন ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম। এবারের উইম্বলডনে ফেদেরারই ফেবারিট। বিশ্বাস হচ্ছে না? বাজিকরদের বাজির দরটা একবার দেখে নিতে পারেন। এএফপি, রয়টার্স।